এবার মাঠে নামছে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শিক্ষানীতি সংশোধনের দাবিতে এবার মাঠে নামছে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারাসিল আরাবিয়া। এই দাবিতে সাত বিভাগে ওলামা সমাবেশ ও আগামী ৭ ফেব্রুয়ারি ঢাকায় জাতীয় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ডটি। বোর্ডের দাবি, শিক্ষানীতিটি জনমানুষের চিন্তা-চেতনার পরিপন্থী।আজ মঙ্গলবার বেফাকুলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে কর্মসূচি পালনের পরও দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি ঘোষণার কথাও বলেন বোর্ডের নেতারা।বৈঠকে বেফাকুলের নেতারা বলেন, শিক্ষানীতি প্রণয়নের কাজ শুরু হওয়ার পর থেকেই বোর্ডের পক্ষ থেকে এর অসংগতি ও ত্রুটি উল্লেখ করে সমাধানের পথ ও পদ্ধতি সরকারকে বলা হয়েছিল। কিন্তু সরকার কোনো দাবিই গ্রহণ করেনি। তাই শিক্ষানীতি সংশোধনের বিষয়ে দাবি গ্রহণে সরকারকে বাধ্য করার সব ধরনের কর্মসূচি নিতে হবে। বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামিম মুহাম্মাদ আফজালকে অপসারণেরও দাবি জানানো হয়। এদিকে ঢাকার আর্মি স্টেডিয়ামে ভারতীয় চলচ্চিত্র-অভিনেতা শাহরুখ খানের কনসার্ট করারও নিন্দা জানান বৈঠকে অংশগ্রহণকারীরা। একই সঙ্গে পপগয়িকা শাকিরাকে ঢাকায় কনসার্ট করতে না দিতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।বেফাকুলের সহসভাপতি আশরাফ আলীর সভাপতিত্বে বৈঠকে বেফাকের সহসভাপতি নূর হোসাইন কাসেমী, মুফতি ফয়জুল্লাহ, মহাসচিব মাওলানা আবদুল জব্বার প্রমুখ উপস্থিত ছিলেন।