এবার মাধ্যমিক ও সমমানের পরীক্ষার্থী ১২ লক্ষাধিক: শিক্ষামন্ত্রী
১১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ২০১০ সালের মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেবে ১২ লাখ ছয় হাজার ১৯ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছয় লাখ ২৭ হাজার ৬৭২ জন ছাত্র এবং পাঁচ লাখ ৭৮ হাজার ৩৪৭ জন ছাত্রী। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে পরীক্ষার প্রস্তুতি ও পর্যালোচনাসংক্রান্ত এক সভা শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন।এ সময় শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, ঢাকা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুনসহ মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।শিক্ষামন্ত্রী বলেন, নকলের সঙ্গে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষায় সুষ্ঠু, স্বাভাবিক, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বলে তিনি জানান।নুরুল ইসলাম নাহিদ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে সব এলাকার জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি তাঁদের অযথা পরীক্ষার কেন্দ্রে না যাওয়া এবং খুব বেশি প্রয়োজন হলে কেন্দ্রের সচিবকে অবগত করে যাওয়ার অনুরোধ করেন। এবার কাউকে নকল করতে দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।উল্লেখ্য, এ বছর ১০টি শিক্ষা বোর্ডের অধীনে দুই হাজার ৪৪টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে পরীক্ষা দেবে ২৬ হাজার ১৯২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। এবার পরীক্ষার্থীসংখ্যা গত বছরের তুলনায় এক লাখ ৪২ হাজার ৫৩৫ জন বেড়েছে।