এবার মুজাহিদকে গ্রেপ্তার দেখানো হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্টের গ্রেনেড হামলায় এবার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. জহুরুল হক এই আদেশ দেন।মুজাহিদ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার থাকায় তাঁকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও সিআইডির আবেদনে বলা হয়।একই আদালতে ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলার অধিকতর তদন্তের সময়সীমা আরও ৩০ দিন বাড়ানোর আবেদন করে সিআইডি। আদালত ২০ দিন সময় বাড়িয়ে আগামী ৫ জুন প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য করেন।এই মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমান প্রথম আলোকে বলেন, হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি হান্নানের জবানবন্দিতে মুজাহিদের নাম এসেছে।তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দের আদালতে জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়, মুফতি হান্নান গত ৭ এপ্রিল আদালতে দ্বিতীয় দফা স্বীকরোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাতে ২১ আগস্ট হামলার ষড়যন্ত্র ও গ্রেনেড সরবরাহের বিষয়ে বেশ কয়েকজন নতুন আসামির নাম প্রকাশ করেছেন তিনি। তাঁদের মধ্যে সাবেক দুই গোয়েন্দা কর্মকর্তা রেজ্জাকুল হায়দার ও আবদুর রহিম, হুজির নেতা শেখ ফরিদ ও মাওলানা সাব্বিরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর জামায়াত নেতা মুজাহিদকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে। তা ছাড়া আল-মারকাজুলের ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুর রশীদকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দেন।প্রতিবেদনে আরও বলা হয়, গ্রেপ্তার হওয়া আসামি ও সাক্ষীদের জবানবন্দি থেকে গ্রেনেড সরবরাহকারী ও মদদদাতাদের শনাক্ত করা হয়েছে। তাঁদের কেউ কেউ পলাতক আছেন।রাষ্ট্রপক্ষে মামলার শুনানিতে সহযোগিতা করেন আবদুল্লাহ আবু, আবুল কালাম, আকরাম উদ্দিন প্রমুখ। মাওলানা সাব্বির রিমান্ডে: এদিকে হুজির আরেক শীর্ষস্থানীয় নেতা মাওলানা আবদুল হান্নান ওরফে সাব্বিরকে গতকাল ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি। এর আগে তিনি সিপিবির সমাবেশে বোমা হামলা মামলায় দুই দফায় ১০ দিনের রিমান্ডে ছিলেন। সাব্বিরকে গত ২৫ এপ্রিল র্যাব গ্রেপ্তার করে।জামায়াতের নিন্দা: ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় মুজাহিদকে গ্রেপ্তার দেখানোয় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, প্রায় সাত বছর পর মুজাহিদকে এই মামলায় জড়িত করে গ্রেপ্তার দেখানো নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এটি সরকারের প্রতিহিংসাপরায়ণতার আরেকটি দৃষ্টান্ত। তিনি বলেন, মুজাহিদ বা জামায়াতের কোনো নেতা গ্রেনেড হামলায় জড়িত থাকার প্রশ্নই আসে না। মুজাহিদ কারাগার থেকে যাতে বের হতে না পারেন, সে জন্যই তাঁর বিরুদ্ধে ১০টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞপ্তি।