এবার মেলায় বইয়ের দাম বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমর একুশের বইমেলায় এবার বইয়ের দাম বাড়ছে। কাগজের দাম, মুদ্রণ, বাঁধাইসহ আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়াকে এর কারণ বলে জানিয়েছেন প্রকাশকেরা। পাশাপাশি বাংলা একাডেমী স্টলের ভাড়াও বাড়িয়েছে।প্রকাশকেরা কাগজের মূল্য নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগহীনতাকে দায়ী করে বলেন, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সরকারের হস্তক্ষেপ কামনা করেও সাড়া মেলেনি। প্রতিবছরই মেলার আগে আগে কাগজের দাম বাড়ে। এবার ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে দাম আরও বেড়েছে।এদিকে মেলায় স্টলের বরাদ্দ বুঝে পেয়েছেন প্রকাশকেরা। চলছে স্টল সাজানোর কাজ। বাংলা একাডেমী চত্বরে এখন নির্মাণকর্মীদের দারুণ ব্যস্ততা। ভোরে কাজ শুরু, চলছে বেশ রাত পর্যন্ত। গতকাল রোববার বিকেলে একাডেমী প্রাঙ্গণ ঘুরে দেখা গেল, বইপ্রেমী মানুষ আর লেখকদের প্রিয় এ মেলার প্রস্তুতিযজ্ঞ। এখন অপেক্ষা কাঁচা আঠা আর কাগজের গন্ধমাখা নতুন বইগুলো দিয়ে স্টল সাজানোর।দাম বাড়তি বলে প্রকাশকদের মনে একটু শঙ্কার ছায়াপাত। এবার কি বিক্রি কিছুটা কমবে? বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহসভাপতি ওসমান গনি জানান, গতবারের দামের তুলনায় শতকরা ২০ ভাগ দাম বাড়তে যাচ্ছে নতুন প্রকাশিত বইয়ের। এবার ফর্মা, অর্থাৎ ১৬ পৃষ্ঠার জন্য প্রকাশকেরা ২৫ থেকে ৩০ টাকা করে মূল্য ধরেছেন। গেল বছর যেখানে বিদেশি অফসেট ১২০ গ্রাম ছিল দুই হাজার ২০০ টাকা রিম, এবার তা বেড়ে হয়েছে চার হাজার ২০০ টাকা। ২০০ টাকার ছাপার প্লেট হয়েছে ২৫০ টাকা। গত কয়েক সপ্তাহে এভাবে দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। প্রকাশকদের দাবি, গ্রন্থমেলাকে কেন্দ্র করে প্রতিবছরই কাগজ ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কাগজের দাম বাড়িয়ে দেন। শুধু তা-ই নয়, অবস্থাবুঝে বই বাঁধাইকারী শ্রমিকেরাও নিজেদের বেতন-ভাতা বাড়তি দাবি করেন।প্রকাশকেরা জানান, কাগজ, কালি, প্লেট, বোর্ড, পজিটিভ, লেমিনেটিং ফয়েল পেপার, আঠাসহ বই ছাপানোর প্রায় সব কাঁচামালই আমদানিনির্ভর। ফলে ডলারের তুলনায় টাকার অবমূল্যায়নে বইয়ের উৎপাদন খরচ বেড়েছে। তাঁরা বইমেলাকে কেন্দ্র করে কাগজের আমদানি-শুল্ক প্রত্যাহারের জন্য সরকারের কাছে দাবি জানান।এ প্রসঙ্গে পাঠসূত্রের প্রকাশক রাজীব নূর বলেন, একশ্রেণীর ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে কাগজের দাম বাড়িয়েছে। সঙ্গে বেড়েছে ছাপার কালির দাম ও বাঁধাইয়ের খরচ। তিনি বলেন, ‘সারা বছর না হলেও শুধু মেলাকে কেন্দ্র করে কাগজের আমদানি-শুল্ক মওকুফ করা হলে এই সংকট কাটানো সম্ভব।’ ফকিরাপুলের একজন প্রেসমালিক জানান, বইয়ের প্রচ্ছদ ছাপানোর জন্য আমদানি করা আর্টপেপারের দাম আগের বছরের তুলনায় ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বেড়েছে; বেড়েছে লেমিনেশনের খরচও।মেলার স্টলের ভাড়া বৃদ্ধি সম্পর্কে বাংলা একাডেমীর জনসংযোগ কর্মকর্তা মুর্শিদ আনোয়ার জানিয়েছেন, এবার ইউনিটপ্রতি এক হাজার টাকা ভাড়া বাড়ানো হয়েছে। বর্তমানে প্রতি ইউনিটের ভাড়া ছয় হাজার টাকা।এদিকে, বইমেলাতে এবারো সব ধরনের বইয়ের কমিশন হবে শতকরা ২৫ ভাগ। আর বাংলা একাডেমী তাদের সাধারণ কমিশনে, অর্থাৎ ৩০ শতাংশ হারেই বই বিক্রি করবে। তবে কমিশন আরও বাড়ানো যেত বলে মনে করেন প্রকাশকেরা। কেননা, সারা বছর তাঁরা একই কমিশনে বই বিক্রি করেন। সে হিসেবে পাঠক মেলা উপলক্ষে বাড়তি কোনো সুবিধা পান না।