এবার মেয়েরা এগিয়ে
দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের ২০১০ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে। আটটির মধ্যে চারটি বোর্ডেই (ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও দিনাজপুর) মেয়েদের পাসের হার বেশি। যশোর বোর্ডেও ছেলে ও মেয়েদের পাসের হার প্রায় সমান। আট বোর্ডের গড় পাসের হারও মেয়েদের বেশি।গত বছরের চেয়ে এবার জাতীয়ভাবে গড় পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। ক্যাডেট কলেজগুলোর ফল এবার অনেক বেশি উজ্জ্বল। সব বোর্ডের সেরা ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় তাদের প্রাধান্য স্পষ্ট। গতকাল বৃহস্পতিবার একযোগে এই ফল প্রকাশিত হয়েছে।এ বছর আট বোর্ডে গড় পাসের হার ৭১ দশমিক ৮২ শতাংশ। এর মধ্যে আলাদাভাবে মেয়েদের পাসের হার ৭১ দশমিক ৮৮ এবং ছেলেদের ৭১ দশমিক ৭৬ শতাংশ। গত বছর আট বোর্ডে গড় পাসের হার ছিল ৭০ দশমিক ৪৩ শতাংশ। এর আগের বছর সাত বোর্ডে (দিনাজপুর বোর্ডের এইচএসসি পরীক্ষা গতবারই ছিল প্রথম) এই হার ছিল ৭৪ দশমিক ৮৫ শতাংশ।আট বোর্ডে এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন পাঁচ লাখ ৮০ হাজার ৬২৩ জন। মোট পাস করেছেন চার লাখ ১৬ হাজার ৯৮৭ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী ছিলেন দুই লাখ ৭৭ হাজার ৯৪৬ জন। পাস করেছেন এক লাখ ৯৯ হাজার ৭৯৭ জন। এছাড়া ছাত্রসংখ্যা ছিল তিন লাখ দুই হাজার ৬৭৭ জন। পাস করেছেন দুই লাখ ১৭ হাজার ১৯০ জন। জিপিএ-৫: এ বছর আট বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন মোট ২৫ হাজার ৫১২ জন। এর মধ্যে ছেলে ১৪ হাজার ৩৬৪ ও মেয়ে ১১ হাজার ১৪৮ জন। গত বছর আট বোর্ডে জিপিএ-৫ পেয়েছিলেন ১৮ হাজার ২২২ জন শিক্ষার্থী। এর মধ্যে ১০ হাজার ৫৩২ জন ছিলেন ছাত্র ও সাত হাজার ৬৯০ জন ছাত্রী। এর আগের বছর সাত বোর্ডে জিপিএ-৫ পেয়েছিলেন ১৯ হাজার ১০৮ জন। এর মধ্যে ছাত্র ছিলেন ১১ হাজার ৭১ জন ও ছাত্রী আট হাজার ৩৭ জন। এর আগের বছর জিপিএ-৫ পেয়েছিলেন মোট ১০ হাজার ২০৫ জন শিক্ষার্থী। এঁদের মধ্যে ছাত্র ছিলেন পাঁচ হাজার ৭১৭ জন ও ছাত্রী চার হাজার ৪৮৮ জন। এরও আগের বছর জিপিএ-৫ পাওয়া মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল নয় হাজার ৪৫০। জিপিএ-৫-এ ছাত্র-ছাত্রীর সংখ্যা: এ বছর আট বোর্ডে জিপিএ-৫ পাওয়া ২৫ হাজার ৫১২ জনের মধ্যে ১১ হাজার ২০ জনই ঢাকা বোর্ডের। এঁদের মধ্যে ছয় হাজার ২১২ জন ছাত্র ও চার হাজার ৮০৮ জন ছাত্রী। রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পাওয়া পাঁচ হাজার ৬০২ জনের মধ্যে তিন হাজার ৮২ জন ছাত্র ও দুই হাজার ৫২০ জন ছাত্রী। কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পাওয়া এক হাজার ১৬৮ জনের মধ্যে ৭০০ জন ছাত্র ও ৪৬৮ জন ছাত্রী। যশোর বোর্ডে জিপিএ-৫ পাওয়া দুই হাজার ২৩৬ জনের মধ্যে এক হাজার ২৯৮ জন ছাত্র ও ৯৩৮ জন ছাত্রী। চট্টগ্রাম বোর্ডের জিপিএ-৫ পাওয়া এক হাজার ৬১৮ জনের মধ্যে ৮৬৯ জন ছাত্র ও ৭৪৯ জন ছাত্রী। বরিশাল বোর্ডে জিপিএ-৫ পাওয়া এক হাজার ৪৫৭ জনের মধ্যে ৭৮২ জন ছাত্র ও ৬৭৫ জন ছাত্রী। সিলেট বোর্ডে জিপিএ-৫ পাওয়া ৫৯৭ জনের মধ্যে ৩৫২ জন ছাত্র ও ২৪৫ জন ছাত্রী। দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ পাওয়া এক হাজার ৮১৪ জনের মধ্যে এক হাজার ৬৯ জন ছাত্র ও ৭৪৫ জন ছাত্রী। সর্বোচ্চ-সর্বনিম্ন: এ বছর সর্বোচ্চ পাসের হার সিলেট বোর্ডে ৭৬ দশমিক ১২ শতাংশ। আর সর্বনিম্ন দিনাজপুর বোর্ডে ৬৭ দশমিক ৫৪ শতাংশ। গত বছর সর্বোচ্চ পাসের হার ছিল যশোর বোর্ডে ৭৮ দশমিক ৭৭ শতাংশ এবং সর্বনিম্ন ছিল এ বছরের মতোই দিনাজপুর বোর্ডে ৫৫ দশমিক ৯০ শতাংশ। এর আগের বছর সর্বোচ্চ পাসের হার ছিল ঢাকা বোর্ডে। আর সর্বনিম্ন ছিল বরিশালে। ১০ বোর্ডের পরিসংখ্যান: গতকাল একই সঙ্গে কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষার ফলও প্রকাশিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এবার সাত লাখ ১৮ হাজার ৮৪ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছেন। পাস করেছেন পাঁচ লাখ ৩৩ হাজার ৩৬৯ জন। গড় পাসের হার ৭৪ দশমিক ২৮ শতাংশ। এ ছাড়া ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে (ডিআইবিএস) তিন হাজার ৮৫৭ জন পরীক্ষা দিয়ে তিন হাজার ৭০ জন পাস করেছেন। তাঁদের পাসের হার ৭৯ দশমিক ৬০। ডিআইবিএসে পাস করা পরীক্ষার্থীসহ সব বোর্ডের গড় পাসের হার ৭৪ দশমিক ৩১ শতাংশ।বিদেশে পাঁচ কেন্দ্র: এ বছর বিদেশে মোট পাঁচটি কেন্দ্রে ১৪৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। পাস করেছেন ১২০ জন। পাসের হার ৮২ দশমিক ৭৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন মোট নয়জন। গত বছর বিদেশে পাঁচটি কেন্দ্রে মোট ১৭০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে বিভিন্ন গ্রেডে ১৬০ জন পাস করেছিলেন। পাসের হার ছিল ৯৪ দশমিক ১২ শতাংশ।শতভাগ পাস-ফেল: এ বছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৭১৪টি, যা গত বছর ছিল ৭৫৫টি। তার আগের বছর এ রকম প্রতিষ্ঠান ছিল ৬৭৪টি। অপরদিকে একজন শিক্ষার্থীও পাস না করা প্রতিষ্ঠানের সংখ্যা এ বছর ২৫টি, যা গত বছর ও তার আগের বছর ছিল ৪১টি। ফল প্রকাশে সাফল্য: গত ১ এপ্রিল থেকে শুরু হয়ে ১৮ মে পর্যন্ত এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী ৫৭তম দিনে ফল প্রকাশ করা হলো। গত বছর ফল প্রকাশিত হয়েছিল পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী ৫৮তম দিনে। এর আগের বছর হয়েছিল ৬০ দিনের মাথায়। তারও আগের বছর ৫৯ দিনের মাথায় ফল প্রকাশিত হয়েছিল। সংবাদ ব্রিফিংয়ে তথ্য বিভ্রান্তি: গতকাল দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বক্তব্য দেন। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।ব্রিফিংয়ে পরীক্ষার ফলাফলসংক্রান্ত তথ্য ভুলভাবে উপস্থাপন করা হয়। শিক্ষা বোর্ডসমূহের কম্পিউটার কেন্দ্রের তথ্য পাশ কাটিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নতুন কিছু তথ্য সংযোজন করায় এই বিভ্রান্তি তৈরি হয়। একপর্যায়ে শিক্ষামন্ত্রী ব্রিফিংস্থলের বাইরে নিজ কক্ষে গিয়ে ভুল সংশোধন করে তা সাংবাদিকদের জানান। সাংবাদিকেরা জনসংযোগ কর্মকর্তার বিরুদ্ধে মন্ত্রীর কাছে অভিযোগ করলে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন। এর আগে গতকাল সকালে শিক্ষামন্ত্রী বোর্ড চেয়ারম্যানসহ কয়েকজন শিক্ষা কর্মকর্তাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে যান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ বছরের এইচএসসি পরীক্ষার ফলের একটি সেট তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জে বঙ্গবন্ধু সরকারি কলেজ ও সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে এইচএসসির ফলাফল নিয়ে কথা বলেন। সংবাদ ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষার উন্নয়নে বিভিন্নমুখী পদক্ষেপ নেওয়ায় এ বছর সুষ্ঠুভাবে সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই ধারায় শিক্ষার গুণগত মান উন্নত হবে। উল্লেখ্য, এইচএসসিতে গ্রেডিং পদ্ধতি প্রবর্তনের এটা অষ্টম বছর। এই পদ্ধতির শুরুর বছর ২০০৩ সালে সাত বোর্ডের গড় পাসের হার ছিল ৩৮ দশমিক ৪৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন মাত্র ২০ জন। অবশ্য সেবার ফলাফলের সঙ্গে চতুর্থ বিষয়ের (ঐচ্ছিক) নম্বর যোগ করা হয়নি। এই নম্বর যোগ করা শুরু হয় ২০০৪ সাল থেকে।আনন্দ-উচ্ছ্বাস: গতকাল ফল প্রকাশের পর ঢাকাসহ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থীরা উল্লাসে মেতে ওঠেন। পাসের হার ও জিপিএ-৫ বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আনন্দ-উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নিজেদের মধ্যে কুশল ও ভাববিনিময়ের পাশাপাশি চলেছে নিকটাত্মীয়, বন্ধু ও স্বজনদের সঙ্গে যোগাযোগ করে ফলাফল জানানো। মিষ্টি ও ফুলের দোকানে কেনাবেচাও কম ছিল না। ভালো ফল করার আনন্দ-উল্লাসের মধ্যেও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে দেখা গেছে শিক্ষকেরা উত্তীর্ণ শিক্ষার্থীদের স্মরণ করিয়ে দিচ্ছেন, এর পরই তাঁদের উচ্চশিক্ষা শুরু হচ্ছে। জিপিএ-৫ পেলেও মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সবাই পড়াশোনার সুযোগ নাও পেতে পারেন এ বিষয়টিও ছিল শিক্ষক-অভিভাবকদের আলোচনার অন্যতম বিষয়। কিছু সাধারণ তথ্য: এ বছর ঢাকা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন এক লাখ ৯৪ হাজার ৯২৫ জন। পাস করেছেন এক লাখ ৪০ হাজার ৫৪৮ জন। এই বোর্ডে পাসের হার ৭২ দশমিক ১০ শতাংশ। আলাদাভাবে ছাত্রীদের পাসের হার ৭২ দশমিক ২৩ শতাংশ ও ছাত্রদের ৭১ দশমিক ৯৯ শতাংশ।রাজশাহী বোর্ডে এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন ৮২ হাজার ১৭৪ জন। পাস করেছেন ৬১ হাজার ৯৮৭ জন। পাসের হার ৭৫ দশমিক ৪৩ শতাংশ। আলাদাভাবে ছাত্রীদের পাসের হার ৭৬ দশমিক ৮৬ ও ছাত্রদের ৭৪ দশমিক ২০ শতাংশ।কুমিল্লা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ৫৩ হাজার ৯৩৪ জন। পাস করেছেন ৩৯ হাজার ৪৪৪ জন। পাসের হার ৭৩ দশমিক ১৩ শতাংশ। আলাদাভাবে ছাত্রীদের পাসের হার ৭২ দশমিক ২৬ শতাংশ এবং ছাত্রদের ৭৩ দশমিক ৯৬ শতাংশ।যশোর বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ৭৮ হাজার ৮০১ জন। পাস করেছেন ৫৩ হাজার ৩৭০ জন। পাসের হার ৬৭ দশমিক ৭৩ শতাংশ। আলাদাভাবে ছাত্রীদের পাসের হার ৬৭ দশমিক ৭২ শতাংশ ও ছাত্রদের ৬৭ দশমিক ৭৩ শতাংশ। চট্টগ্রাম বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ৪২ হাজার ৯৭৬ জন। পাস করেছেন ৩১ হাজার ২২৪ জন। পাসের হার ৭২ দশমিক ৬৫ শতাংশ। আলাদাভাবে ছাত্রীদের পাসের হার ৭৩ দশমিক ১৬ শতাংশ ও ছাত্রদের ৭২ দশমিক ১৯ শতাংশ। বরিশাল বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ৩৫ হাজার ১৪১ জন। পাস করেছেন ২৬ হাজার ১২৫ জন। পাসের হার ৭৪ দশমিক ৩৪ শতাংশ। আলাদাভাবে ছাত্রীদের পাসের হার ৭৩ দশমিক ১৮ শতাংশ ও ছাত্রদের ৭৫ দশমিক ৪৭ শতাংশ। সিলেট বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১৯ হাজার ৮২০ জন। পাস করেছেন ১৫ হাজার ৮৭ জন। পাসের হার ৭৬ দশমিক ১২ শতাংশ। আলাদাভাবে ছাত্রীদের পাসের হার ৭৪ দশমিক ০৩ শতাংশ ও ছাত্রদের ৭৮ দশমিক ৪৩ শতাংশ। দিনাজপুর বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ৭২ হাজার ৮৫২ জন। পাস করেছেন ৪৯ হাজার ২০২ জন। পাসের হার ৬৭ দশমিক ৫৪ শতাংশ। আলাদাভাবে ছাত্রীদের পাসের হার ৬৭ দশমিক ৬৬ শতাংশ ও ছাত্রদের পাসের হার ৬৭ দশমিক ৪১ শতাংশ।