এবার যুদ্ধজাহাজ পেল সেনাবাহিনী
খুলনা শিপইয়ার্ডে নির্মিত আরেকটি যুদ্ধজাহাজ আজ মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী-প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার উপস্থিতিতে যুদ্ধজাহাজ ‘ভেসেল টাইপ-সি’ হস্তান্তর করা হয়। এই শিপইয়ার্ডে নির্মিত প্রথম যুদ্ধজাহাজটি গত ৮ অক্টোবর পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির উপস্থিতিতে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। খুলনা শিপইয়ার্ডে নৌবাহিনীর জন্য আরও চারটি যুদ্ধজাহাজ নির্মাণ করা হচ্ছে। সেনাবাহিনীকে যুদ্ধজাহাজ হস্তান্তর উপলক্ষে বেলা সাড়ে ১১টার দিকে খুলনা শিপইয়ার্ডে এক অনাড়ম্বর অনুষ্ঠান হয়। সেখানে বলা হয়, খুলনা শিপইয়ার্ড লিমিটেড আন্তর্জাতিক অঙ্গনের জাহাজ নির্মাণশিল্পের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এই জাহাজ নির্মাণ করেছে। খুলনা শিপইয়ার্ডে নির্মিত ‘ভেসেল টাইপ-সি’ জাহাজের দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৫ মিটার, প্রস্থ সাত মিটার। এর গভীরতা ১ দশমিক ২০ মিটার। এর ইঞ্জিনের ক্ষমতা ২ গুণন ৬০০ অশ্বশক্তি (হর্স পাওয়ার)। এই যুদ্ধজাহাজে ক্রু থাকবে ৪৫ জন। জাহাজটি রসদ ও অন্যান্য সরঞ্জামসহ সেনাবাহিনীর সদস্যদের নৌপথে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দিতে পারবে। জাহাজটি নির্মাণে খরচ হয়েছে ১৬ কোটি টাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর আর ইউ আহমেদ। উপস্থিত ছিলেন মেজর জেনারেল আশরাফ আবদুল্লাহ ইউসুফ, যশোর ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল রেজানুর রহমান খান, কমোডর এস এ এম এ আবেদীন প্রমুখ।