এবার রঙিন পোশাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৪ রান করেও শুকনো হাসির বেশি কিছু ফুটছিল না চার্লস কভেন্ট্রির ঠোঁটে। সাঈদ আনোয়ারের ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড স্পর্শ করার দিনেও কিনা থাকতে হলো পরাজিত দলে! তাঁর অপরাজিত ১৯৪ রানের তুলনায়ও কি তামিম ইকবালের ১৫৪ রানের মাহাত্ম্যই বেশি?২০০৯ সালের ওই ম্যাচে জিম্বাবুয়ের ৩১২ রান তাড়া করেও জিতে গিয়েছিল বাংলাদেশ। তবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠ শুধু এই একটি সুখস্মৃতিই দেয়নি বাংলাদেশকে। আগে ব্যাট করে এ মাঠে বাংলাদেশের ৩২০ রানের ইনিংস যেমন আছে, আছে শত্রুর মাঠে ‘স্বাগতিক’-এর মর্যাদা পাওয়ার ব্যতিক্রমী গৌরবও। যে কারণে জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলরও এ মাঠে খেলতে নামলে বাংলাদেশকে সমীহর চোখে দেখেন। এ মাঠে বাংলাদেশকে টেস্ট খেলতে দিতে চায় না জিম্বাবুয়ে ক্রিকেট।জিম্বাবুয়ের প্রিয় ভেন্যু হারারেতে দুই টেস্টের সিরিজ খেলার পর বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বৈরথটা এখন বাংলাদেশের প্রিয় ভেন্যু বুলাওয়েতে। কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে আজ শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, এরপর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও এ মাঠেই। হারারেতে কঠিন সময় দিয়ে শুরু করা সিরিজ তাই এখন অনেকটাই সহজ মুশফিকুর রহিমের দলের জন্য।কাল সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনেও সেই নির্ভার অধিনায়ককেই দেখল সবাই। অন্যদিকে জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলরও বোধ হয় এবার ভুল প্রমাণ করে দিতে চান ‘বুলাওয়ে মানেই বাংলাদেশ’ হিসাবটা। মুশফিক যখন এ মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা আট ম্যাচের ছয়টাতেই জেতার কথা মনে করে বললেন, ‘এখানে আমাদের আগের রেকর্ড অনেক ভালো। অনেক সুখস্মৃতি আছে এখানে।’ টেলর তখন মনে করিয়ে দেন, ‘শুধু বুলাওয়েই সব নয়। নিজেদের দক্ষতা কাজে লাগাতে পারলে আমাদের হারানো সহজ হবে না।’বোলারদের মধ্যে স্পিনাররাই বেশি সুবিধা পান বুলাওয়ের উইকেটে। নইলে এটা আসলে স্পিনার বা পেসার কারও উইকেটই না। কুইন্স স্পোর্টস ক্লাব মূলত ব্যাটসম্যানদেরই স্বর্গভূমি। মুশফিকের মতে, যেখানে ২৬০-২৭০ রানই কেবল হতে পারে ওয়ানডে জয়ের জন্য যথেষ্ট। তবে প্রথম শর্ত হিসেবে দিয়ে দিলেন, ‘আগে অবশ্যই উইকেটের সঙ্গে মানিয়ে নিতে হবে।’তার আগে বোধ হয় উইকেটটাকেও আরও ভালো করে বুঝতেও হবে। নইলে হারারের প্রথম টেস্টের মতো এখানেও দলে স্পিনার-পেসার সমন্বয়ের জন্য আফসোস করতে হতে পারে। প্রথম ওয়ানডের আগে তাই দল নিয়ে বিস্তর গবেষণাই হলো, যে গবেষণার ফলাফল কাল এ প্রতিবেদন লেখা পর্যন্তও নিশ্চিত হওয়া যায়নি। তবে যত দূর জানা গেছে, টেস্টের দুর্দান্ত পারফরম্যান্স আজ হয়তো ওয়ানডে অভিষেকই ঘটিয়ে দিচ্ছে পেসার রবিউল ইসলামের। কাল অধিনায়ক মুশফিকুর রহিমও দিলেন সে আভাস, ‘রবিউলের খেলার সম্ভাবনা তো আছেই। সে অনেক ভালো বল করছে। দলে আসার দাবি সে করতেই পারে। আশা করি, কাল (আজ) খেললে টেস্টের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখবে।’ রবিউলের সঙ্গে পেসার হিসেবে শোনা যাচ্ছিল শফিউল-জিয়া দুজনের নামই। এই দুজনের যেকোনো একজন থাকবেন একাদশের বাইরে। প্রথম ওয়ানডের দলে থাকার সম্ভাবনা কম জহুরুল, সাজেদুল আর শামসুরেরও।তবে পেসার নয়, উইকেটের দাবি মেনে বুলাওয়েতে স্পিননির্ভর বোলিং আক্রমণই হবে বাংলাদেশের এবং তাতে নেতৃত্বটা থাকবে সাকিব আল হাসানের হাতেই। টেস্টে ব্যথা নিয়ে বল করেও সফল। আর এটা তো ওয়ানডে! ‘১০ ওভার বল করার মতো অবস্থায় আছে সাকিব। টেস্টেও ছিল। কিন্তু তখন আমরা ঝুঁকি নিতে চাইনি। কিছু হলে বড় ক্ষতি হয়ে যেত। ওয়ানডেতে আশা করি ও ১০ ওভারই বল করবে’—সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে বলছিলেন মুশফিক।২০১১ সালে হারারে দুঃস্বপ্নের পর এই বুলাওয়েতে এসেই যা একটু সান্ত্বনা খুঁজে পেয়েছিল বাংলাদেশ দল। এবার অবশ্য হারারের দুঃস্বপ্ন হারারেতেই কবর দিয়ে দিয়েছে মুশফিকের দল। এখন শুধু জিম্বাবুয়ের বুলাওয়েকে আবারও বাংলাদেশের ‘হোম গ্রাউন্ড’ প্রমাণের পালা।