এবার রপ্তানির লক্ষ্যমাত্রা ১,৮৫০ কোটি ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১০-১১ অর্থবছরের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক হাজার ৮৫০ কোটি ডলার। এটি গত অর্থবছরের প্রকৃত রপ্তানি আয়ের চেয়ে ১৪ দশমিক ২০ শতাংশ বেশি।আজ বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ লক্ষ্যমাত্রা চূড়ান্ত করা হয়।বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী ফারুক খান সাংবাদিকদের জানান, বিশ্বমন্দা কেটে যাওয়ায় উন্নত দেশগুলো বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে পণ্য কিনবে। সেটি বিবেচনায় নিয়েই এ লক্ষ্যমাত্রা চূড়ান্ত করা হয়েছে।২০০৯-১০ অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এক হাজার ৭৬০ কোটি ডলার। বিপরীতে রপ্তানি আয় হয় এক হাজার ৬২০ কোটি ডলার, যা তার আগের বছরের অর্জিত রপ্তানি আয় এক হাজার ৫৬৫ কোটি ডলার থেকে ৪ দশমিক ১১ শতাংশ বেশি। তবে বার্ষিক লক্ষ্যমাত্রার চেয়ে প্রকৃত রপ্তানি আয় হয় ৮ শতাংশ কম।চলতি অর্থবছরের জন্য পাট ও পাটজাত পণ্যের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে। এ খাতে লক্ষ্যমাত্রা ১১১ কোটি ১৩ লাখ ডলার।রপ্তানিকারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাণিজ্যিক ও কূটনৈতিক মিশনগুলোকে বাণিজ্য মন্ত্রণালয় যথাযথ তদারক না করায় রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণে তারা কোনো ভূমিকা রাখতে পারছে না।রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্রে জানা গেছে, প্রতি বছর গড়ে ৪৫ থেকে ৫০টি দেশে পণ্য রপ্তানি করে থাকে বাংলাদেশ। গত অর্থবছরে করেছিল ৪৫টি দেশে। ২০০৪-০৫ ও ২০০৫-০৬ অর্থবছরে রপ্তানি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছিল। তার পর থেকে গত চার অর্থবছরে লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না।এ প্রসঙ্গে বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক প্রথম আলোকে বলেন, ‘রপ্তানি বাড়াতে ভূমিকা রাখাতো দূরের কথা, মিশনগুলোতে সাহায্য চেয়েও পাওয়া যায় না। বাংলাদেশি পণ্যের নতুন বাজার সম্পর্কে কোনো তথ্যই দিতে পারে না তারা।’সভায় বাণিজ্যসচিব গোলাম হোসেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানসচিব জাফর আহমেদ খান, অতিরিক্ত বাণিজ্যসচিব এম মুর্তজা রেজা চৌধুরী, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান জালাল আহমেদসহ অনেকেই উপস্থিত ছিলেন।