দলের চেয়ারপারসন খালেদা জিয়ার আয়করসংক্রান্ত তথ্য ফাঁস হয়ে যাওয়ায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে ব্যাখ্যা দাবি করেছে বিএনপি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী আহমেদ আজম খান গতকাল বৃহস্পতিবার দলের নয়াপল্টনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন। একই সঙ্গে তিনি এ জন্য এনবিআরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন।আজম খান বলেন, ‘আয়কর আইনের ১৬৩ ধারা মোতাবেক কারও ব্যক্তিগত আয়ের হিসাব বিবরণী প্রকাশ করা বেআইনি। আয়করের টিআইএন (করদাতা শনাক্তকরণ সংখ্যা) হিসাব বিবরণী একটি গোপনীয় বিষয়। কিন্তু আমরা এনবিআরের কাছে ব্যাখ্যা দাবি করছি, “সরকারি দল কীভাবে সাবেক প্রধানমন্ত্রীর হিসাব পেল?” উপযুক্ত ব্যাখ্যা না পেলে আমরা এনবিআরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’আজম খান আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া তাঁর বিভিন্ন ব্যাংকে গচ্ছিত অর্থ প্রদর্শন করে সোয়া এক কোটি টাকা কর দিয়েছিলেন। এটি একটি নজিরবিহীন ইতিহাস।সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দলের ভারপ্রাপ্ত সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ জনগণকে বিভ্রান্ত করার জন্য মিথ্যাচার করেছেন। তাঁদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তাঁরা নিজেদের ব্যর্থতা ডাকতে চায়ের কাপে ঝড় তুলছেন। তাই তাঁরা খালেদা জিয়ার ব্যাংকে গচ্ছিত অপ্রদর্শিত টাকাকে কালো টাকা বলছেন।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত বিতর্ক সম্পর্কে খোন্দকার দেলোয়ার বলেন, ‘তাঁকে নিয়ে কু-বিতর্কের কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক আমার বক্তব্যের অপব্যাখ্যা করে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছেন। এটা খুবই দুঃখজনক। আমাকে সাম্প্রদায়িক বলেছেন। কিন্তু আমি অসাম্প্রদায়িক। তবে আমার দেশের ভৌগোলিক সীমানা, আমার রাজনৈতিক সীমানা, আমার সামাজিক সীমানা, আমার সাহিত্য-সংস্কৃতির সীমানাকে মুছে ফেলে দিয়ে আমি অসাম্প্রদায়িক হতে চাই না।’সংবাদ সম্মেলনে দলের সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।