এবার লালনের ‘পাগল’
ব্যান্ড লালনের প্রথম অ্যালবামের নাম ‘বিপ্রতীপ’ (২০০৭)। দ্বিতীয়টি হচ্ছে ‘ক্ষ্যাপা’ (২০১০)। দুই বছর পর এবার আসছে লালনের নতুন অ্যালবাম। নাম ‘পাগল’। জানা গেছে, পয়লা বৈশাখ উপলক্ষে অ্যালবামটি প্রকাশিত হচ্ছে। সাউন্ড মেশিনের ব্যানারে প্রকাশিত পাগল অ্যালবামটি কাল বৃহস্পতিবার থেকে বাজারে সিডি আকারে পাওয়া যাবে। অ্যালবাম প্রসঙ্গে ব্যান্ডের ভোকাল সুমী জানিয়েছেন, ‘আমরা মূলত একটি ফোক রক ব্যান্ড। তবে লালন সাঁইজির অনুসারী। আমরা শুরু থেকে সাঁইজির গান গেয়ে আসছি এবং এবারের অ্যালবামেও রয়েছে তাঁর ছয়টি গান।’সুমী এও জানান, ‘লালন সাঁই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জায়গায় ছড়িয়ে আছেন। তাঁকে নতুন করে পরিচয় করানোর কিছুই নাই। আমাদের গুরু সফি মণ্ডল সাঁইজির কিছু গানের সুর পুনরুদ্ধার ও কিছু গানে নতুন সুর আরোপ করে ব্যান্ড লালনকে গাওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা চেষ্টা করেছি সাঁইজির গানগুলো নতুন প্রজন্মের কাছে নতুনভাবে তুলে ধরতে।’অ্যালবামের নাম প্রসঙ্গে সুমী জানিয়েছেন, ‘আমাদের সবার মাঝেই কম-বেশি পাগলামি আছে। জীবনকে নিয়ন্ত্রণে রাখতে গিয়ে একান্ত চাওয়াগুলো এবং ভালোলাগা কখনই নিজের মত করে প্রকাশ করতে পারে না মানুষ। এ অ্যালবামে আমরা আমাদের সমস্ত ভালো লাগা ও চাওয়াগুলোকে উপস্থাপন করার চেষ্টা করেছি। আর এ কারণেই অ্যালবামের নাম পাগল।’সুমী আরও বলেন, ‘গানের ভাষায় পাগল ছাড়া দুনিয়া চলে না—এর সত্যতাই তুলে ধরার চেষ্টা করেছি এবারের অ্যালবামের টাইটেল গানে।’ পাগল অ্যালবামে মোট গান থাকছে আটটি। এর মধ্যে লালন সাঁইয়ের পাঁচটি, শাহ আবদুল করিমের দুটি এবং নাম না জানা একজন বাউলের একটি। পাগল অ্যালবামে লালন ব্যান্ডের সঙ্গে সফি মণ্ডলও একটি গান করেছেন।লালন ব্যান্ডের বর্তমান লাইনআপ হচ্ছে, সুমী (ভোকাল), বাপ্পী (গিটার), সালেকিন (গিটার), তুর্য (বেস) ও তিতি (ড্রামস)।