ঈদ উপলক্ষে এ সপ্তাহে বাজারে এসেছে ক্লোজআপ ওয়ান তারকা রাজীবের তৃতীয় একক অ্যালবাম একলা মানুষ। এটি বাজারে এনেছে লেজার ভিশন। রাজীব-এর সঙ্গে আজকের কথোপকথন। ‘একলা মানুষ’ অ্যালবামটি নিয়ে কিছু বলুন। এটা আমার তৃতীয় একক অ্যালবাম। কিন্তু এবার আমি লোকগান করেছি। এ অ্যালবামে গান থাকছে নয়টি। এর মধ্যে সাতটিই খুব পরিচিত লোকগান। গানগুলো হলো ‘কালিয়া’, ‘তুমি যে ক্ষতি’, ‘একলা মানুষ’, ‘কেমন করে পত্র লিখি গো’, ‘রঙের চাষি’, ‘আল্লাহু’, ‘দহন’, ‘মা’, ‘জেগে ওঠো ৩’ ইত্যাদি। অ্যালবামের সংগীত পরিচালনা করেছেন অভিজিৎ জিতু।হঠাৎ লোকগান করার ইচ্ছা হলো কেন?আমার প্রথম দুটি অ্যালবাম ডাংগুলি (২০০৬) এবং পূর্ব-পশ্চিম (২০০৮)। দুটিতেই আমি আধুনিক গান করেছি। লোকগান করার ইচ্ছাটা অনেক আগে থেকেই ছিল। ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার অনেকেই লোকগান খুব ভালো করেন। তাই ওখানে সেভাবে গাওয়া হয়নি। পরে বন্ধু ও কাছের মানুষজনের পরামর্শে লোকগান করেছি। আপনি এর আগে আধুনিক গান করেছেন, এবার লোকগানের অ্যালবাম বেরিয়েছে। কোন ধরনের গান করতে বেশি ভালো লাগে? মৌলিক আধুনিক গানের যত শ্রোতা, লোকগানের শ্রোতা তার চেয়ে অনেক বেশি। আমি দেখেছি, লোকগান দিয়ে খুব দ্রুত সবার কাছে পৌঁছানো যায়। আধুনিক গান দিয়ে তা একটু কঠিন। লোকগান হলো আমাদের গান। আমাদের রক্তে মিশে আছে এই গান। তাই এবার লোকগান গেয়ে খুব ভালো লাগছে। যেহেতু শ্রোতারা আমার কণ্ঠে এর আগে লোকগান তেমন শোনেননি, তাই ভাবনাটা বেশি হচ্ছে। তবে আমার বিশ্বাস, যাঁরা গানগুলো শুনবেন, তাঁদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। ঈদে শ্রোতা ও পাঠকদের কাছে একটাই অনুরোধ, দয়া করে পাইরেটেড ও এমপিথ্রি প্রযুক্তির সিডি কিনবেন না কিংবা গান কপি করে শুনবেন না। অডিও শিল্পের ভবিষ্যৎ এখন আপনাদের হাতে। এ শিল্পকে হত্যা করবেন না।পড়াশোনার কী খবর?ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছি। এখন পড়াশোনার পাশাপাশি গান ছাড়া আর কিছুই ভাবছি না।