এবার লোকপ্রশাসনে ৭১টি প্রথম শ্রেণী আটকে গেছে ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগে স্নাতকোত্তর পর্বে ১২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৭১ জনই প্রথম শ্রেণী পেতে যাচ্ছেন। বিষয়টি অস্বাভাবিক মনে হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফল প্রকাশ স্থগিত রেখেছে। তিন মাসের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও এই জটিলতায় ইতিমধ্যে পার হয়েছে আট মাস। অস্বাভাবিক এই ফলাফল সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট শিক্ষকেরা স্পষ্ট ধারণা দিতে পারেননি। তবে তাঁরা প্রত্যেকেই স্বীকার করেছেন, একটি বিশেষ জটিলতার কারণে ফল প্রকাশ করা যাচ্ছে না। শিগগিরই ফল প্রকাশ হলে কোথাও কোনো গোঁজামিল থাকলে তা বেরিয়ে আসবে বলে তাঁরা মনে করেন।বিভাগ সূত্রে জানা গেছে, অনার্স (সম্মান) পরীক্ষায় এই ব্যাচের ৩৭ জন পরীক্ষার্থী প্রথম শ্রেণী পেয়েছিলেন। কিন্তু ওই ব্যাচের প্রায় দ্বিগুণসংখ্যক শিক্ষার্থী স্নাতকোত্তর পর্যায়ে প্রথম বিভাগ পাওয়ার যুক্তি খুঁজে পাচ্ছেন না শিক্ষক-শিক্ষার্থীদের অনেকেই। তা ছাড়া লোকপ্রশাসন বিভাগ প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত স্নাতকোত্তর পর্বে এক ব্যাচে সর্বোচ্চ প্রথম শ্রেণী পেয়েছেন ৪৫ জন। এর আগে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৫২ জনের প্রথম শ্রেণী পাওয়া নিয়ে তোলপাড় হয়। সংশ্লিষ্ট তিন শিক্ষককে পরীক্ষাসংক্রান্ত সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। মোট ১২৫ পরীক্ষার্থীর মধ্যে ৭১ জন প্রথম শ্রেণী পাওয়ায় বিভাগের ছাত্র-শিক্ষকদের মধ্যে প্রশ্ন ও বিস্ময় তৈরি হয়েছে। এত বেশি প্রথম শ্রেণী পাওয়ার কারণ খুঁজতে গিয়ে জানা গেছে, প্রায় সব শিক্ষকই তাঁদের নিজ কোর্সে বেশি নম্বর দিয়েছেন। জানা যায়, ৪০৩ নম্বর কোর্সে ৫০-৬০ জন শিক্ষার্থীকে অভ্যন্তরীণ ও বহিঃপরীক্ষক একই নম্বর দিয়েছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে ওই কোর্সের শিক্ষক মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। আপনি কর্তৃপক্ষ অথবা পরীক্ষা কমিটিকে জিজ্ঞেস করেন।’ ধন্যবাদ জানিয়ে তিনি তড়িঘড়ি করে কথা শেষ করেন।শিক্ষার্থীরা জানিয়েছেন, স্নাতকোত্তর পর্বে তাঁদের চারটি কোর্স ছিল। ৪০৩ নম্বর ছাড়া বাকি দুটি বাধ্যতামূলক কোর্সের শিক্ষক ছিলেন ফেরদৌস জাহান ও আখতার হোসেন। ঐচ্ছিক বিষয়গুলোর শিক্ষক ছিলেন মোবাশ্বের মোনেম, সালাহউদ্দিন এম আমিনুজ্জামান এবং নাজমুল আহসান কলিমউল্লাহ। তিনটি ঐচ্ছিক বিষয়ের মধ্যে যেকোনো একটি পছন্দ করেছেন শিক্ষার্থীরা। অনুসন্ধানে জানা গেছে, কিছুদিন আগে বিভাগ থেকে স্নাতকোত্তর পরীক্ষার প্রাথমিক নম্বরপত্র তৈরি করে তা পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে পাঠানো হয়। এতে ৭১ জনের প্রথম শ্রেণীর নম্বর দেখে বিষয়টি নিয়ে শুরু হয় অনুসন্ধান।এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ফলাফল নিয়ে জটিলতা তৈরি হওয়ায় কর্তৃপক্ষের নির্দেশে তা প্রকাশ করা হচ্ছে না। লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান দেশের বাইরে রয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আখতার হোসেন এ প্রসঙ্গে মন্তব্য করতে চাননি। দেশের বাইরে থেকে চেয়ারম্যান ফেরার পর তাঁর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর-রশীদ বলেন, কিছু জটিলতা দেখা দেওয়ায় ফলাফল প্রকাশে দেরি হচ্ছে। তবে ওই জটিলতা সম্পর্কে তিনি কিছু বলতে চাননি।