বিশ্বব্যাংক এক আকস্মিক বিবৃতি দেওয়ায় পদ্মা সেতু নিয়ে আবার কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছে। দাতা সংস্থাটি ওয়াশিংটন থেকে বাংলাদেশ সময় গত মঙ্গলবার দিবাগত রাতে বিবৃতিটি প্রচার করে। বিবৃতিতে পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অবস্থান নিয়ে বাংলাদেশের উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারা ভুল ব্যাখ্যা উপস্থাপন করছেন বলে অভিযোগ করা হয়। বিবৃতিটি জরুরি ভিত্তিতে দিতে বাধ্য হয়েছে বলেও সংস্থাটি উল্লেখ করেছে। বিশ্বব্যাংকের এই বিবৃতি সরকারকেও খানিকটা চিন্তায় ফেলেছে। সরকারের পক্ষ থেকে গতকালই বিশ্বব্যাংকের সঙ্গে যোগাযোগ করে শর্ত বাস্তবায়নে আশ্বস্ত করা হচ্ছে। সন্দেহ নিরসনে বলা হচ্ছে যে, বক্তব্যগুলো রাজনৈতিক। মূলত রাজনৈতিকভাবে কিছুটা ফায়দা নিতে কিছু কথা বলা হচ্ছে। সরকারের পক্ষ থেকে চার শর্ত মেনে নেওয়ার পর ২০ সেপ্টেম্বর বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে ফিরে আসার আনুষ্ঠানিক ঘোষণা দেয়। সেই ঘোষণায় বিশ্বব্যাংক তাদের অবস্থান ব্যাখ্যা করে এবং পরবর্তী করণীয় কী হবে, তা-ও তুলে ধরে। অথচ ছয় দিনের মাথায় গতকাল কড়া ভাষায় বিবৃতি দিয়ে বিশ্বব্যাংক মূলত পদ্মা সেতুর অর্থায়নে অগ্রসর হতে শর্ত বাস্তবায়নের শর্তই দিল। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অবশ্য গতকাল বুধবার সিলেটে বলেছেন, বিশ্বব্যাংকের বিবৃতি পদ্মা সেতুর অর্থায়নের ওপর প্রভাব ফেলবে না। এদিকে, পদ্মা সেতুর অর্থায়নে বিশ্বব্যাংকের ফিরে আসা এবং পরবর্তী করণীয় নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসায় গতকাল বুধবার একটি বৈঠক হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, ইআরডির জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদ, সেতু বিভাগের সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম, পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ কমিটির প্রধান জামিলুর রেজা চৌধুরী, বিশেষজ্ঞ কমিটির সদস্য এ এম এম সফিউল্লাহ ও আইনুন নিশাত এবং পদ্মা সেতু প্রকল্পের পরিচালক সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, আগামী ১ বা ২ অক্টোবর বিশ্বব্যাংকের দুটি প্রতিনিধিদল আসবে। ওই প্রতিনিধিদলটির সঙ্গে বৈঠকে কীভাবে কম সময়ের মধ্যে পদ্মা সেতুর কাজ শুরু করা যায়, সে বিষয়ে পরামর্শ চান অর্থমন্ত্রী। গত বছরের সেপ্টেম্বর মাসে যেখানে দরপত্র বন্ধ ছিল, সেখান থেকেই যাতে শুরু করা যায় সে পরামর্শ দেন বিশেষজ্ঞ ও সেতু বিভাগের কর্মকর্তারা। সেতু বিভাগ থেকে বলা হয়েছে, এতে আগামী বছরের জুলাই বা আগস্ট মাসে ঠিকাদার নিয়োগ করা যাবে। তখন অর্থমন্ত্রী বৈঠকে উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন যে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল আসার পর এক মাসের মধ্যে আলোচনা শেষ করা যাবে। আর দুদকের সঙ্গে যে আলোচনা ও তদন্ত হবে, সেটা চলতে থাকবে। তদন্ত কার্যক্রম চলার সময় সেতুর কাজ শুরু করার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। গওহর রিজভীও বিশ্বব্যাংকের সঙ্গে তাঁর আলোচনার সারমর্ম তুলে ধরেন। গওহর রিজভী জানিয়েছেন, তাঁরও মনে হয়েছে এক মাসের মধ্যে আলোচনা শেষ করে ক্রয় প্রক্রিয়া কী হবে, তা ঠিক করা যাবে। বৈঠক সূত্র জানায়, বৈঠক চলাকালীন বিশ্বব্যাংক মঙ্গলবার রাতে যে বিবৃতি দিয়েছে, সেটি অর্থমন্ত্রীর নজরে আনে ইআরডি। ইআরডির কর্মকর্তারা এডিবি ও জাইকার অবস্থান কী হতে পারে, সেটা তুলে ধরেন বৈঠকে। ইআরডির কর্মকর্তারা বৈঠকে জানান, পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে একটি টাস্কফোর্সের অধীনে এডিবি ও জাইকা কাজ করতে চায়। বৈঠকের পর জানতে চাইলে অর্থমন্ত্রী ও গওহর রিজভী কোনো কথা বলেননি। দুজনেই কথা বলার দায়িত্ব দেন ইকবাল মাহমুদকে। ইকবাল মাহমুদ বলেন, এটি ছিল অনির্ধারিত বৈঠক। বলা যেতে পারে, পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের একটি প্রস্তুতিমূলক বৈঠক। কিছু সরকারি শীর্ষ কর্মকর্তার বিভ্রান্তিকর কথার বিষয়ে জানতে চাইলে সচিব ইকবাল মাহমুদ বলেন, ‘কিছু কর্মকর্তা বলতে বিশ্বব্যাংক কী বুঝিয়েছে, তা বিশ্বব্যাংককেই জিজ্ঞাসা করুন। এ বিষয়ে আমি আর কোনো মন্তব্য করতে চাই না।’তবে ওয়াশিংটন এবং দেশের মধ্যে একাধিক সূত্র থেকে জানা গেছে, নিউইয়র্কে প্রধানমন্ত্রীর কিছু বক্তব্যের পরিপ্রেক্ষিতে মূলত বিশ্বব্যাংক বিবৃতিটি দিয়েছে। এ ছাড়া, বিবৃতি দেওয়ার আরেকটি কারণ হচ্ছে, সেখানে প্রধানমন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠানে তাঁর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমানের সক্রিয় উপস্থিতি। সরকারি নির্ভরযোগ্য সূত্রগুলো জানায়, মসিউর রহমান প্রধানমন্ত্রী নিউইয়র্কে যাওয়ার এক দিন পরে সেখানে যান। সফরসঙ্গী হিসেবে তাঁর নাম নেই। কিন্তু নিউইয়র্কে বিভিন্ন অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকছেন। এতে মসিউর রহমানের ছুটিতে যাওয়া নিয়ে ভুল সংকেত পেয়েছে বিশ্বব্যাংক। সন্দেহ তৈরি হয়েছে বিশ্বব্যাংকের কাছে। আবার প্রধানমন্ত্রী গত মঙ্গলবার নিউইয়র্কে এক অনুষ্ঠানে বলেছেন, দুর্নীতি হলে বিশ্বব্যাংক ফিরত না। দুর্নীতি হয়নি বলেই তারা ফিরেছে। বিশ্বব্যাংকের কাছে দুর্নীতির প্রমাণ চাওয়া হয়েছে বলেও প্রধানমন্ত্রী বলেছেন। বিশ্বব্যাংক মূলত এসব বক্তব্যেরই জবাব দিয়েছে বিবৃতিতে। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত তিনটার কিছু পরে বিবৃতিটি ওয়েবসাইটে দেওয়া হয়। বিবৃতিতে বিশ্বব্যাংক বলেছে, তারা সরকারকে দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ দিয়েছে। এ ছাড়া, বিবৃতিতে বিশ্বব্যাংক পুনরায় চারটি শর্তের কথা উল্লেখ করে বলেছে, ২০ সেপ্টেম্বর সরকার এই শর্তগুলো পালনে সম্মত হয়ে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের বিষয়টি আবারও বিবেচনা করার জন্য বিশ্বব্যাংককে অনুরোধ জানায়। বিশ্বব্যাংক ২০ সেপ্টেম্বর যে বিবৃতি দিয়েছিল, সেটিতে বলেছিল, সরকার নতুনভাবে বাস্তবায়নের পূর্বশর্ত হিসেবে প্রয়োজনীয় তিনটি বিষয় বাস্তবায়নে সম্মত হয়েছে। এই তিন শর্তের মধ্যে ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকল্পে দুর্নীতির সঙ্গে জড়িত সন্দেহভাজন সব সরকারি কর্মকর্তা ও ব্যক্তিবর্গকে সরকারি দায়িত্ব পালন থেকে ছুটি প্রদান’ শর্তটি ছিল না। কিন্তু গতকালের বিবৃতিতে এটি যুক্ত করেছে বিশ্বব্যাংক। বিবৃতিতে বিশ্বব্যাংক পরিষ্কার করে দিয়েছে যে, পদ্মা সেতুতে ফিরে আসতে তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। অর্থায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আরও পরে। বিবৃতিতে সংস্থাটি বলছে, সরকারের নেওয়া পদক্ষেপগুলোর সন্তোষজনক বাস্তবায়ন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশেষজ্ঞদের বহিরাগত প্যানেল থেকে ইতিবাচক প্রতিবেদন পাওয়ার ভিত্তিতে বিশ্বব্যাংক এই প্রকল্পের অর্থায়নে অগ্রসর হবে।