এবার শহীদ মিনারে পুলিশের সঙ্গে সাংসদ লতিফের দুর্ব্যবহার
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিতে এসে পুলিশের সঙ্গে আবার বিতর্কে জড়ালেন চট্টগ্রামের সাংসদ এম এ লতিফ। শহীদ মিনারের বেদিতে কর্তব্যরত কোতোয়ালি থানার পুলিশের এক সার্জেন্টের সঙ্গে তিনি অশোভন আচরণ করেন। তবে সাংসদ ব্যাপারটিকে ভুল বোঝাবুঝি বলে দাবি করেছেন।জানা গেছে, তাত্ক্ষণিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। পরে রাত একটার দিকে সাংসদ লতিফ শহীদ মিনার ত্যাগের সময় ওই সার্জেন্টের মাথায় হাত বুলিয়ে দেন। তবে পুলিশ সার্জেন্ট হাফিজ এ বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।সাংসদ লতিফ দাবি করেন, ‘শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় পুলিশ পেছন থেকে ধাক্কাধাক্কি শুরু করে। তাদের ধাক্কায় আমার এক কর্মী পড়ে যায়। তখন আমি ওই পুলিশকে উচ্চ স্বরে জিজ্ঞাসা করলাম, আপনাদের ফোর্স আর কোথায়? এখানে তো অব্যবস্থাপনা। আপনারা তো সামলাতে পারছেন না। এটাকে অনেকে রং মিশিয়ে আমি পুলিশকে লাঞ্ছিত করেছি বলে প্রচার করছে। এটা ডাহা মিথ্যা কথা।’ তিনি অভিযোগ করেন, পুলিশ সাংসদদের বাদ দিয়ে বিএনপির নেতা মোরশেদ খানকে অতিরিক্ত কদর করেছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একুশের প্রথম প্রহরে সাড়ে ১২টার দিকে পুষ্পস্তবক দেওয়ার জন্য নির্ধারিত লাইনের বাইরে গিয়ে সাংসদ ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি এম এ লতিফ তাঁর কর্মীদের নিয়ে শহীদ মিনারে আসেন। এ সময় সাংসদের পায়ে জুতাও ছিল। পুষ্পস্তবক দেওয়া শেষে শহীদ মিনারের ওপর দায়িত্বরত পুলিশ সদস্যরা লতিফের সঙ্গে আসা কর্মীদের সরিয়ে দিতে গেলে তিনি পুলিশের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন।অভিযোগ পাওয়া গেছে, বাগিবতণ্ডার একপর্যায়ে সাংসদের সঙ্গে আসা নেতা-কর্মীরাও পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করেন। এ সময় তিনি হাত উঁচিয়ে সার্জেন্ট হাফিজের দিকে তেড়ে গিয়ে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে কর্মীদের পুলিশ বেদি থেকে নিচে নামিয়ে দেন। সাংসদ লতিফ তখন শহীদ মিনারের ঘোষণা মঞ্চে অবস্থান নেন। রাত একটার দিকে মঞ্চ থেকে নামার সময় তিনি সার্জেন্ট হাফিজের মাথায় হাত বুলিয়ে দেন।ঘটনাস্থলে উপস্থিত চট্টগ্রাম নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার হেলাল উদ্দিন বলেন, ভিড়ের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে।এর আগে সাংসদ লতিফ চট্টগ্রাম থেকে বিমানে ঢাকা যাওয়ার পথে পুলিশের অতিরিক্ত আইজি নব বিক্রম কিশোর ত্রিপুরার সঙ্গে দুর্ব্যবহার করেন। এ ছাড়া বন্দর এলাকায় আরেক পুলিশ সদস্যকে লাঞ্ছিত করেন।