এবার শীষের বিরুদ্ধে অভিযোগ ইমনের
গায়ক-সুরকার-সংগীত পরিচালক শওকত আলী ইমন জীবনের নিরাপত্তা চেয়ে ৮ মার্চ বৃহস্পতিবার চলচ্চিত্র প্রযোজক শীষ মনোয়ার ও মোহাম্মদ আজিজের বিরুদ্ধে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শওকত আলী ইমনের অভিযোগ, ৩ মার্চ চলচ্চিত্র প্রযোজক শীষ মনোয়ার ও মোহাম্মদ আজিজ নামের এক ব্যক্তি নতুন একটি ছবির গানের যাবতীয় স্বত্ব স্থায়ীভাবে তাঁদেরকে দিয়ে দেওয়ার জন্য স্বাক্ষর করতে ১৭ নিউ ইস্কাটনের জাজ মাল্টিমিডিয়ার অফিসে ডেকে নিয়ে যান। সেখানে পৌঁছার পর কথা বলার একপর্যায়ে কক্ষের দরজা বন্ধ করে মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেন তাঁরা। পাশাপাশি ১০ লক্ষ টাকা চাঁদাও দাবি করেন। বাঁচার তাগিদে ইমন তাঁদের কাছ থেকে সে সময় ২৪ ঘণ্টা সময় চেয়ে নিয়েছিলেন। কিন্তু এরপর তাঁরা ইমনকে ফোনে বিভিন্ন রকম হুমকি দিতে থাকেন। এমনকি ৫ মার্চ ইমনের ২০ মগবাজারের স্টুডিওতে শীষ মনোয়ার ও মোহাম্মদ আজিজ দলবল নিয়ে এসেও হুমকি দিয়ে যান। এরপর বাধ্য হয়ে রমনা থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেন ইমন। যার নম্বর হচ্ছে ৫২১।শীষ মনোয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। শুনেছি শওকত আলী ইমনের বিরুদ্ধে চিত্রপরিচালক ওয়াজেদ আলী (সুমন) মামলা দায়ের করেছেন। মামলার সময় অবশ্য আমি নিজে দেশে ছিলাম না। পরে জানতে পারি, ইমন আমাদের জড়িয়ে গণমাধ্যমে নানা মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিচ্ছেন। আমরা এর প্রতিবাদ করছি। ইমন অযথাই আমাদের সম্মানহানির জন্য মিডিয়ায় বিভিন্ন রকম বিবৃতি দিচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘তবে ৫ মার্চ শওকত আলী ইমনের মগবাজারের স্টুডিওতে আমার অফিসের একজন কর্মচারী গিয়েছিল নাম ঠিক না হওয়া নতুন একটি ছবির গান আনতে। দলবল নিয়ে তাঁর অফিসে যেয়ে হুমকির যে কথা বলা হচ্ছে সেটাও পুরোপুরি মিথ্যা।’ এদিকে মোহাম্মদ আজিজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও একইভাবে ইমনের করা অভিযোগ অসত্য বলে দাবি করেন। এমনকি এ ধরনের কোনো ঘটনার সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই বলেও জানান তিনি।এদিকে শওকত আলী ইমনের বিরুদ্ধে পরিচালক ওয়াজেদ আলী (সুমন) ‘টাইগার নাম্বার ওয়ান’ ছবির গান তৈরির জন্য টাকা নিয়ে গান না দেওয়ার অভিযোগ তুলে ৮ মার্চ ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়েছিল, প্রায় দুই বছর আগে সুমনের প্রযোজনায় টাইগার নাম্বার ওয়ান ছবিতে সংগীত পরিচালক হিসেবে কাজ করার জন্য অর্থ নিয়ে কাজটি করেননি ইমন। এ মামলার পর আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গ্রেপ্তারি পরোয়ারা জারির পর গত ১৬ মার্চ আদালত থেকে জামিন নেন ইমন।এ প্রসঙ্গে ইমন বলেন, ‘শীষ মনোয়ারের পরামর্শেই সুমন আমার বিরুদ্ধে মামলা করেছেন। এই মামলার কোনো ভিত্তি নেই। আর যে টাইগার নাম্বার ওয়ান ছবির জন্য গান না দেওয়ার অভিযোগ করা হচ্ছে, সেই ছবি মুক্তি পেয়েছে প্রায় এক বছরেরও বেশি সময় আগে।’ইমন বলেন, ‘তারা আমার স্বাক্ষর জাল করে মামলা করেছে। আমি কোনো রকম ডকুমেন্টে স্বাক্ষর করিনি। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমার সুনাম ক্ষুণ্ন করার জন্যই এমনটি করা হচ্ছে।’এ ব্যাপারে শীষ মনোয়ার বলেন, ‘ইমনের বিরুদ্ধে মামলা করেছে অন্য একজন পরিচালক, যে ছবির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তাই এ মামলা করার ক্ষেত্রে আমাদের প্রভাবিত করার কিছুই নেই।’শীষ মনোয়ার আরও বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান থেকে নতুন ১০টি ছবি নির্মাণের উদ্যোগ নিয়েছি। যার বর্তমান খরচের হিসাব প্রায় দুই কোটি টাকা। ইমন যে ১০ লক্ষ টাকা চাঁদা দাবির কথা বলছে সেটাকে পুরোপুরি হাস্যকর বলে মনে হচ্ছে।’এ ব্যাপারে মামলার বাদী সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।এদিকে দুই-এক দিনের মধ্যে জীবনের নিরাপত্তা চেয়ে মানহানির মামলা করবেন বলে জানিয়েছেন ইমন। উল্লেখ্য, এর আগে শীষ মনোয়ার চিত্রনায়ক শাকিব খানকে এফডিসিতে পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগে মামলা-মোকদ্দমায় জড়িয়ে যান। পরে আলোচনার মাধ্যমে সে সমস্যার সমাধান হয়।