ইউনিয়নে এক হাজার পরিবারকে মাসে ২০ কেজি চাল দেওয়া হবে
এবার শুরু হয়েছে চিকন চালের দাম বাড়ার উৎসব
এবার চিকন চালের দাম বাড়ার পালা শুরু হয়েছে। এত দিন ধরে মোটা চাল লাগামহীনভাবে বেড়েছে। আর কয়েক দিন ধরে শুরু হয়েছে মিনিকেট চালের দাম বাড়ার উৎসব।সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে গত এক সপ্তাহে চিকন চালের দাম দুই টাকা বেড়ে সর্বোচ্চ ৪২ থেকে ৫২ টাকায় ঠেকেছে। এক মাসে দাম বেড়েছে প্রায় ৭ শতাংশ আর মোটা চাল ৩৫ থেকে ৩৭ টাকায় স্থিতিশীল আছে। গত মাসে মোটা চালের দাম বেড়েছিল ৬ থেকে ৮ শতাংশ। গত এক বছরের হিসাবে মোটা চালের দাম বেড়েছে প্রায় ৩৩ শতাংশ।এদিকে, ব্যাপক চাহিদা থাকায় বিআর-২৮ চাল (লতা নামে পরিচিত) স্বয়ংক্রিয় যন্ত্রের সাহায্যে হয়ে যাচ্ছে মিনিকেট। বর্তমানে বাজারে লতা চাল খুব বেশি পাওয়া যাচ্ছে না।বাবুবাজারের চাল ব্যবসায়ী আবদুল করিম জানান, মিনিকেট ও লতা চালের মধ্যে দামের পার্থক্য মণপ্রতি প্রায় ১৫০ থেকে ২০০ টাকা। লতা চাল থেকে মিনিকেট তৈরি করায় বাজারে লতা চাল পাওয়া যাচ্ছে না। মৌসুমের শুরুতে প্রতিমণ মিনিকেট চালের দাম ছিল এক হাজার ১০০ টাকা, বর্তমানে তা এক হাজার ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে।খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক খাদ্য-পরিস্থিতি নিয়ে গতকাল সোমবার অনুষ্ঠিত একটি বৈঠকে মিনিকেট চালের মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে চাল ব্যবসায়ীদের উদ্দেশে বলেছেন, মিনিকেট চালের দাম ৫১ টাকা, এটা কোনোভাবেই মানা সম্ভব নয়। এই বৈঠকে খাদ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতিটি ইউনিয়নে এক হাজার দরিদ্র মানুষকে প্রতি মাসে পরিবারপ্রতি ২০ কেজি করে ন্যায্যমূল্যে চাল দেওয়া দেওয়া হবে। সারা দেশে ৪০ লাখ থেকে ৪৫ লাখ মানুষ এর সুবিধা পাবে। চলতি ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে আগামী এপ্রিল পর্যন্ত এ ব্যবস্থা চালু থাকবে।মন্ত্রণালয়ে বৈঠক: গতকাল সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্যমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে চালের দাম বাড়ার জন্য মজুদ করাকে দায়ী করেছেন ব্যবসায়ী-চালকল ও চাতাল মালিকেরা। তবে তাঁদের নিজস্ব মজুদ সামান্য উল্লেখ করে তাঁরা বলেছেন, বড় বড় কৃষক ধান ছাড়ছেন না। বেকার যুবক আর খুচরা পর্যায়ে ব্যবসায়ীরা চাল মজুদ করছেন।খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত তিন ঘণ্টার এ বৈঠকে খাদ্যসচিব বরুণ দেব মিত্র, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমেদ হোসেন খান, বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির আহ্বায়ক কে এম লায়েক আলী, ব্যবসায়ী মোস্তাফা কামাল, মোসাদ্দেক হোসেন, খুলনা, যশোর, নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী, দিনাজপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ প্রভৃতি স্থানের ব্যবসায়ীরা বক্তৃতা করেন।বৈঠকে চাল ব্যবসায়ীরা বলেছেন, সুষ্ঠুভাবে বাজার পরিচালনার জন্য যে তদারকির দরকার, তা নেই। কোথায় কী কারণে দাম বাড়ছে, তার প্রকৃত কারণ উদ্ঘাটন প্রয়োজন। আবার অনেকে জানান, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি আর মন্ত্রীদের নানা ধরনের কথাবার্তা গণমাধ্যমে প্রচারের কারণেও দাম বাড়ছে।খাদ্যমন্ত্রী এ সময় জানান, সরকার প্রতিটি ইউনিয়নে এক হাজার দরিদ্র মানুষকে প্রতি মাসে পরিবারপ্রতি ২০ কেজি করে চাল ন্যায্যমূল্যে দেবে। সারা দেশে ৪০ থেকে ৪৫ লাখ মানুষ এর সুবিধা পাবে। চলতি ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে আগামী এপ্রিল পর্যন্ত এ ব্যবস্থা চালু থাকবে। এ ছাড়া বাড়ছে খোলাবাজারের পরিধিও। এখন ঢাকায় প্রতিদিন ১৬০টি ট্রাকে করে চাল বিক্রি হচ্ছে। এই সংখ্যা বাড়িয়ে ২০০ করা হচ্ছে। আর উপজেলা পর্যায়ে তিনজন ডিলারের সংখ্যা পাঁচজনে বাড়ানো হচ্ছে। এর মধ্যে তিনজন সদরে, বাকি দুজন ইউনিয়ন পর্যায়ে থাকবেন। চলবে টিআর, কাবিখা, ভিজিএফ, ভিজিডিসহ সামাজিক নিরাপত্তামূলক সব কর্মসূচি।খাদ্যমন্ত্রী জানান, সাড়ে তিন লাখ টন গমসহ এখন খাদ্যমজুদ আট লাখ টন। ভিয়েতনাম থেকে আড়াই লাখ টন চাল আসছে। ভারত ও থাইল্যান্ড থেকেও চাল পাওয়া যাবে। তাই আন্তর্জাতিক বাজারে চালের দাম বাড়লেও বাংলাদেশে এর কোনো প্রভাব পড়বে না।খাদ্যমন্ত্রী আরও জানান, দুর্যোগ মুহূর্তে প্রয়োগ করার জন্য একটি মজুদবিরোধী আইন করা হবে। শিগগির তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। স্বাভাবিক সময়ে এই আইন ব্যবহার করা হবে না।মূল্যস্ফীতি নিয়ে ভয়: চালের বাজার-পরিস্থিতি মূল্যায়ন করে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক মোস্তফা কে মুজেরী প্রথম আলোকে বলেন, হতদরিদ্র মানুষের মধ্যে কম দামে চাল বিক্রির কার্যক্রম ও আমদানি বাড়ানোর উদ্যোগ স্বল্পমেয়াদি সমাধান। এতে সরকারের ভর্তুকি বাবদ খরচ বেড়ে যাওয়ায় তা বাজেটের ওপর কতখানি চাপ ফেলছে, সেটাও বিবেচনা করতে হবে। দীর্ঘ মেয়াদে চালের উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। কেননা আন্তর্জাতিক বাজারে চালের দাম ভবিষ্যতে কমার সম্ভাবনা দেখা যাচ্ছে না।কুষ্টিয়া থেকে তৌহিদী হাসান জানান, কুষ্টিয়ায় মিনিকেট চালের দাম জানুয়ারির শুরুতে ছিল কেজিপ্রতি ৩৮ থেকে ৪০ টাকা। গতকাল দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম খাজানগরে এই চাল ৫০ টাকা দরে বিক্রি হয়। অর্থাৎ এক মাসে চিকন চালের দাম বেড়েছে কেজিতে ১২ টাকা। এক মাসের ব্যবধানে এত দাম বাড়ার জন্য মোকাম মালিকেরা ধানের সংকট রয়েছে বলে দাবি করেন।তবে, সরেজমিনে খাজানগর এলাকায় গিয়ে মোকামগুলোয় ধানের ব্যাপক মজুদ দেখা যায়। গতকাল দুপুরে জেলা প্রশাসকের একটি বাজার মনিটরিং দল দুপুর ১২টার দিকে খাজানগরের বৃহত্তম চালকল রশীদ এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডে অভিযান চালায়। সেখানে পাঁচটি বিশাল গুদামে ধানের অসংখ্য বস্তা দেখা গেছে। এসব বস্তার চারপাশ মাকড়সার জালে ঘেরা। পাঁচ থেকে ছয় মাস আগে কেনা ধান মজুদ করে রাখা হয়েছে গুদামে।নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুুল ইসলাম প্রথম আলোকে বলেন, রশীদ এগ্রো মিলে ধানের মজুদ বেশি রয়েছে। এসব ধান অনেক আগে কেনা। ধানের মজুদ অনুযায়ী চালের উৎপাদন কম হচ্ছে বলে তিনি মনে করছেন। এ ছাড়া বর্তমান বাজারমূল্যে ধানের ক্রয় দেখিয়ে চাল বাজারজাত করা হচ্ছে বলেও তিনি ধারণা করেন। আরও কয়েক দিন মোকামগুলো মনিটরিং করে খাদ্য অধিদপ্তরে প্রতিবেদন পাঠানো হবে বলে তিনি জানান।অনুসন্ধানে জানা যায়, রশীদ অটো রাইস মিলে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ মেট্রিক টন চাল উৎপাদিত হয়। এসব চাল প্রতিদিন রাজধানীর বাজারে চলে যাচ্ছে। সরকার গত আমন মৌসুমে ধান সংগ্রহ না করায় মিলমালিকেরা কৃষকদের কাছ থেকে সব ধান সংগ্রহ করে নেন। সে সময় সংগ্রহ করা ধান থেকেই এখন চাল তৈরি হচ্ছে।জেলা খাদ্য অফিসের একটি সূত্র জানায়, খাজানগরের মিলগুলোতে ২৬ ও ৩৯ জাতের ধান থেকে মিনিকেট চাল উৎপাদন করা হচ্ছে। কুষ্টিয়া জেলা খাদ্যনিয়ন্ত্রক জাহাঙ্গীর আলম বলেন, বর্তমানে কুষ্টিয়ায় মিলের সংখ্যা ৪৭৮টি, চাতালের সংখ্যা আরও বেশি। সম্প্রতি ৩০০ মিলমালিকের লাইসেন্স বাতিল করা হয়েছে।জেলা চালকল মালিক সমিতির সভাপতি আবদুল মজিদ জানান, মজুদের কোনো নীতিমালা না থাকায় সব মিলমালিকই ধান মজুদ করেন। সবার মিলেই কমবেশি ধান মজুদ আছে। যেসব মালিকের অনেক অর্থ আছে, তাঁরাই মজুদ করে রাখেন। তিনি আরও বলেন, এখন এলাকায় কোনো ধান পাওয়া যাচ্ছে না। ধান কম, তাই চালের উৎপাদন কম হচ্ছে। চাহিদার কারণে চালের দাম বেড়ে যাচ্ছে।রশীদ এগ্রো প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপক মো. আবু সায়েম বলেন, সম্প্রতি ধানের দাম বেড়েছে। বেশ কিছুদিন ধরেই ধানের দামের সঙ্গে চালের দামের সামঞ্জস্য নেই। ধানের দাম বাড়ার কারণেই চালের দাম বেড়ে গেছে। ধান মজুদের ব্যাপারে তিনি বলেন, গোডাউনে যা ধান আছে, তা আগামী ১৫-২০ দিনেই শেষ হয়ে যাবে।