সরকারকে চাপে ফেলতে এবার শ্রমিক অসন্তোষকে কাজে লাগাতে চায় বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। একই সঙ্গে হেফাজতে ইসলামের আন্দোলন থেকেও রাজনৈতিক সুবিধা নিতে তৎপর রয়েছে জোটটি। এ কারণেই ২ মে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ও হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচির আগের দিন ৪ মে ঢাকায় সমাবেশ কর্মসূচি দেওয়া হয়েছে বলে জোটের একাধিক সূত্র জানিয়েছে।বিএনপির একজন ভাইস চেয়ারম্যান বলেছেন, শ্রমিকদের আন্দোলনে সম্পৃক্ত করতে এসব কর্মসূচির অন্যতম দাবি ছিল সাভারে ধসে পড়া ভবনের মালিক সোহেল রানাকে গ্রেপ্তার করা। কিন্তু কর্মসূচি ঘোষণার পরদিন গতকাল রোববার সোহেল রানা গ্রেপ্তার হওয়ায় এ লক্ষ্য কতটা অর্জিত হবে, এ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তবে এতে হরতালসহ ১৮ দলের অন্যান্য কর্মসূচির নড়চড় হবে না।জোটের নেতারা বলছেন, রানাকে গ্রেপ্তার ১৮ দলের মূল দাবি নয়। মূলত সাভারের ভবনধসের বিপর্যয় মোকাবিলায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে হরতাল দেওয়া হয়েছে। এ হরতাল বহাল থাকবে।২৭ এপ্রিল রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি ও ১৮-দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দুটি বৈঠকে সাম্প্রতিক পরিস্থিতিতে সরকারকে আরও চাপে রাখার সিদ্ধান্ত হয়। সাভারে রানা প্লাজা ধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় সৃষ্ট শ্রমিক অসন্তোষ, হেফাজতের ১৩ দফা নিয়ে আন্দোলন ও মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতার বিরুদ্ধে সম্ভাব্য রায় নিয়ে আগামী দুই সপ্তাহ সরকারকে কঠিন সময় পার করতে হবে বলে মনে করেন বিএনপি ও জোটের নেতারা। এই পরিস্থিতিতে সরকারকে আরও বেকায়দায় ফেলে সর্বোচ্চ রাজনৈতিক সুবিধা নিতে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত হয় দুটি বৈঠকে। বিএনপি মনে করে, পোশাকশিল্পগুলো অন্তত টানা এক সপ্তাহ বন্ধ থাকলে ব্যবসায়ীরাও সরকারের প্রতি বিরূপ আচরণ করবেন।জোটের একাধিক সূত্র জানায়, ৩০ এপ্রিল থেকে এ নিয়ে ধারাবাহিক কর্মসূচি দিয়ে আবার মাঠে নামছে ১৮-দলীয় জোট। এ সময় শ্রমিকদের ক্ষোভ-বিক্ষোভ ও হেফাজতের আন্দোলনের সঙ্গে মিলিয়ে যেসব কর্মসূচি নেওয়া হবে, তার সার্বিক তদারক করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে গত ৬ এপ্রিল হেফাজতের লংমার্চ ও ঢাকার মহাসমাবেশ থেকে বিএনপি প্রত্যাশিত রাজনৈতিক সুবিধা নিতে পারেনি। তাই নতুন করে মাঠে নামার প্রাক্কালে শ্রমিক সংগঠন ও হেফাজতের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য জোটের কয়েকজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে শ্রমিক আন্দোলন দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। তাঁর সঙ্গে থাকছেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান। আর হেফাজতের সঙ্গে যোগাযোগ রাখছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী ও নায়েবে আমির আবুল হাসানাত আমিনী। এর বাইরে বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মওদুদ আহমদ তাঁদের নিজস্ব সূত্রের মাধ্যমে হেফাজতের নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন বলে জানা গেছে। জানতে চাইলে মওদুদ আহমদ প্রথম আলোকে বলেছেন, সাভারের ঘটনায় এত বিপুলসংখ্যক প্রাণহানির পেছনে সরকারের সুস্পষ্ট ব্যর্থতা আছে। মানুষ এই বিষয়টি নিয়ে ক্ষিপ্ত। তা ছাড়া মূল হোতাদের বিচার নিয়েও টালবাহানা দেখা যাচ্ছে। তাই বিরোধী দল জনস্বার্থে কর্মসূচি দিয়েছে। জানা গেছে, ৩০ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত বিরোধীদলীয় এ জোটের সব কর্মসূচি থাকছে শ্রমিকদের ঘিরে। এই কর্মসূচিগুলো হেফাজতের আন্দোলনকে বেগবান করতে সহায়তা করবে বলে তারা মনে করছে। সাভারে ব্যাপক প্রাণহানির ঘটনায় ৩০ এপ্রিল ১৮ দল সারা দেশে শোক দিবস পালন করবে। ওই দিন ঢাকাসহ সব জেলায় শোক র্যালির নামে বড় ধরনের শোডাউন করবে জোটটি। এর পরদিন ১ মে শ্রমিক দিবসে নারায়ণগঞ্জে বড় ধরনের শ্রমিক সমাবেশ করার পরিকল্পনা আছে। এতে প্রধান অতিথি থাকবেন খালেদা জিয়া। ওই সমাবেশে প্রতিরোধ গড়ে তুলতে শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হবে বলে বিএনপি সূত্রে জানা গেছে। এর পরদিন সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচিতে শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের দিয়ে পিকেটিং করানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ৪ মে ঢাকায় বড় ধরনের সমাবেশ করার তোড়জোড় চলছে। ওই সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণারও সম্ভাবনা আছে।