ঈদ উপলক্ষে এসেছে সালমার নতুন অ্যালবাম বৃন্দাবন। এনেছে জি-সিরিজ। অ্যালবামটির প্রসঙ্গ ধরেই কথা হলো সালমার সঙ্গে।‘বৃন্দাবন’ অ্যালবামটি নিয়ে কিছু বলুন।ক্লোজআপ ওয়ান হওয়ার পর গানচিলের সঙ্গে আমার তিন বছরের চুক্তি হয়। এ সময়ে আমি চারটি অ্যালবামের কাজ করেছি। বৃন্দাবন আমার পঞ্চম অ্যালবাম। এটি বের করেছে জি-সিরিজ। এর আগে প্রতিটি অ্যালবামে দূরবীন শাহ, শাহ আবদুল করিম থেকে শুরু করে প্রচলিত লোকগানের প্রাধান্য থাকত অনেক বেশি। এবার আমি এ সময়ের সংগীত পরিচালক, সুরকার ও গীতিকারদের গান করেছি। অ্যালবামে লোকধাঁচের নয়টি মৌলিক গান আছে। এবার শ্রোতারা আমাকে নতুন করে পাবে।এ সময়ের গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকদের সঙ্গে কাজ করার আগ্রহ হলো কেন?আমি নিজেও নতুন। তার পরও নতুনদের সঙ্গে কাজ করাটা আমার জন্য একটু চ্যালেঞ্জই বলতে পারেন। পুরো অ্যালবামের কাজ শেষ করতে বছরখানেক সময় লেগেছে। আমি অবশ্যই আলাদা করে সংগীত পরিচালক অভিজিৎ জিতু, সুরকার লুৎফর হাসান (অবশ্য দুটি গানও লিখেছেন) এবং গীতিকার কাওনাইন সৌরভ, সোমেশ্বর অলি ও জাহিদ আকবরের কথা বলব। তাঁদের সবার জন্যই একটা ভালো মানের অ্যালবাম তৈরি করতে পেরেছি।পড়াশোনার কী খবর?আমি সিদ্ধেশ্বরী কলেজে উচ্চমাধ্যমিকে মানবিক বিভাগ নিয়ে পড়াশোনা করছি। অধ্যক্ষ স্যার গানের ব্যাপারে আমাকে খুব সহযোগিতা করেন।ইদানীং বড় কোনো অনুষ্ঠানে গান করার সম্ভাবনা আছে? অ্যালবামের গানের বাইরে আমি প্রায় নিয়মিত মঞ্চে গান করি। ঈদের পরই কুমিল্লা, ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় স্টেজ শো করব। তারপর ২৫ ডিসেম্বর স্টেজ করতে যাব লন্ডনে। সেখানে প্রবাসী বাঙালিদের আয়োজনে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেব।সম্প্রতি তরুণ সংগীতশিল্পীদের নিয়ে একটি সংগঠন হলো। আমিও এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছি। আসলে আমরা নতুন শিল্পীরা নানাভাবে প্রতারিত হচ্ছি। আশা করছি, নতুন এই সংগঠনটি আমাদের মতো নতুন ও তরুণদের জন্য কাজ করবে।