‘জেন-এক্স অনুষ্ঠানে নিজের চারটি খুব জনপ্রিয় গান একেবারে অন্য রকম সংগীতায়োজনে গেয়েছি। এ সংগীতায়োজন করেছে চিরকুট। নতুনদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ।’ বললেন সামিনা চৌধুরী। চ্যানেল নাইনে আজ রাতে প্রচারিত হবে অনুষ্ঠানটি। কথা হলো সামিনা চৌধুরীর সঙ্গে।আজকের অনুষ্ঠানে কোন গানগুলো গেয়েছেন?‘কবিতা পড়ার প্রহর’, ‘আমায় ডেকো না’, ‘এই জাদুটা যদি’ ও ‘কোনো এক সুন্দরী রাতে’। একটা ইংরেজি গান গেয়েছি, দ্য কার্পেন্টারসের ‘টপ অব দ্য ওয়ার্ল্ড’। আপনার সর্বশেষ অ্যালবাম ছিল ‘তোমার খোলা হাওয়া’। এরপর নতুন কিছু ভেবেছেন?ওটা ছিল রবীন্দ্রসংগীতের অ্যালবাম। আবারও রবীন্দ্রসংগীত গাওয়ার ব্যাপারে পৃষ্ঠপোষকদের কাছ থেকে প্রস্তাব পেয়েছি। রবীন্দ্রসংগীত তো আমার খুবই প্রিয়। প্রস্তুতি আছে। ভাবছি, দেখি কী করা যায়।আধুনিক গান?আবদুল বারীর লেখা ও সুর করা গান নিয়ে একটা অ্যালবাম করছি। তিনটি গানের সংগীতায়োজন করেছেন ইবরার টিপু। চারটি গানের সংগীত করার জন্য বাপ্পা মজুমদারের কাছে অনেক দিন হলো দিয়ে রেখেছি। সব কটি গানই চমৎকার। আপনার পুরোনো অনেক জনপ্রিয় গান রয়েছে। ওগুলোই নতুনভাবে গেয়ে অডিও সিডি প্রকাশ করা যেতে পারে।আগে গাওয়া আমার কিছু জনপ্রিয় গান নিয়ে বেরিয়েছে ফুল ফোটে ফুল ঝরে অ্যালবাম। এ ধরনের আমার আরও অনেক গান রয়েছে। এবার সেই গানগুলো নিয়ে অ্যালবাম তৈরির পরিকল্পনা করেছি। আর এবার আমি নিজেই গানগুলোর সংগীতায়োজন করব। এরই মধ্যে বাসায় একটি হোম স্টুডিও করেছি।