এবার সংরক্ষিত ভবনকে ঝুঁকিপূর্ণ দেখাতে তদবির
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পুরান ঢাকাসহ রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবন তালিকাভুক্ত করা নিয়ে বিপাকে পড়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ইতিপূর্বে রাজধানীর বিভিন্ন এলাকার যে ৯৩টি পুরোনো ভবন এবং নয়টি এলাকার সব ভবনকে ঐতিহ্যগত গুরুত্বের কারণে ‘সংরক্ষিত’ ঘোষণা করা হয়েছিল, সেগুলো নিয়ে সমস্যার সৃষ্টি করা হচ্ছে।রাজউকের সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়ে বলেছে, এসব ভবনকে ‘বেশি ঝুঁকিপূর্ণ’ বলে তালিকাভুক্ত করে ভাঙার জন্য বাড়ির মালিক, ভোগদখলকারী ও নির্মাতা প্রতিষ্ঠান বা ডেভেলপারদের পক্ষ থেকে রাজউকের কাছে নিয়মিত তদবির আসছে। অনেকে মন্ত্রী-সাংসদের লোক বলে পরিচয় দিয়ে চাপও সৃষ্টি করছেন।রাজধানীর মহাপরিকল্পনাভুক্ত এলাকায় ঐতিহাসিক, নান্দনিক, বৈজ্ঞানিক, সামাজিক ও ধর্মীয় গুরুত্বের বিবেচনায় এই ৯৩টি ভবন ও নয়টি এলাকাকে সংরক্ষিত ঘোষণা করা হয়েছিল। বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত নগর উন্নয়ন কমিটির সুপারিশের ভিত্তিতে ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে এসব ভবন ও এলাকার গেজেট বের করা হয়। কমিটি সম্ভাব্য আরও এক হাজার ৮০০ ভবনকেও সংরক্ষিত ঘোষণার জন্য কাজ করছে।রাজউকের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সংরক্ষিত বাড়িগুলোর বেশির ভাগই ঝুঁকিপূর্ণ নয়। বরং ৩০০ থেকে ৪০০ বছর আগে তৈরি অনেক বাড়ি বর্তমানে নির্মিত ভবনগুলোর তুলনায় কম ঝুঁকিপূর্ণ। তাঁরা বলেন, তবে সমস্যা হচ্ছে, পুরান ঢাকার সংরক্ষিত অনেক ভবনের মালিক তদবির করছেন তাঁদের মালিকানাধীন বা ভোগদখল করা বাড়িগুলোকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে তালিকাভুক্ত করতে। গতকাল রোববারও এ ধরনের তদবির এসেছে।কর্মকর্তারা জানান, তাঁতীবাজার, ফরাশগঞ্জ, বি কে দাস লেন, শাঁখারীবাজার, উৎসব পোদ্দার লেনের কয়েকজন ভবনমালিক নিয়মিত তদবির করছেন। ৯৯, নাজিমউদ্দিন রোডের বাড়িটি ভেঙে ফেলার অনুরোধ করা হয়েছে। উৎসব পোদ্দার লেনের ২৮ নম্বর বাড়ি নিয়ে চাপ এসেছে। প্যারীদাস রোডের ২৮ নম্বর বাড়ি নিয়ে দরবার করছে ক্লিনিক ব্যবসার সঙ্গে জড়িত একটি ডেভেলপার কোম্পানি।এর প্রধান উদ্দেশ্য হিসেবে কর্মকর্তারা বলেন, বেশি ঝুঁকিপূর্ণ ভবন বলে তালিকাভুক্ত হলে সেগুলো ভাঙার প্রশ্ন আসবে। ভাঙার পর খালি জায়গা দিয়ে দেওয়া হবে নির্মাতা প্রতিষ্ঠান বা ডেভেলপারের কাছে।তবে রাজউকের পরিচালক (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) শেখ আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, যতটা সম্ভব সংরক্ষিত বাড়িগুলো তালিকার বাইরে রাখা হচ্ছে। কারণ সব বাড়ি ঝুঁকিপূর্ণ নয়।ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরির কাজে সরাসরি সম্পৃক্ত নাম প্রকাশে অনিচ্ছুক রাজউকের অন্য একজন কর্মকর্তা বলেন, আপাতদৃষ্টিতে শাঁখারীবাজারের সব ভবনকেই ঝুঁকিপূর্ণ বলে মনে হয়। কিন্তু আসলে তা নয়।রাজউক ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, ডেভেলপারদের একটি অংশ ইতিপূর্বে রাজধানীর ঐতিহ্যবাহী ও সংরক্ষিত বাড়ি হিসেবে চিহ্নিত হওয়ার পরও শাঁখারীবাজারের ১৪ নম্বরের দোতলা বাড়িটি ভেঙে ফেলার চেষ্টা করেছে। সেখানে ১০ তলা বহুতল ভবন নির্মাণের পরিকল্পনাও হয়েছিল। এ ছাড়া একটি মহল প্যারীদাস রোডের ৩৩ নম্বর ও উৎসব পোদ্দার লেনের ২৮ নম্বর প্লটে অবস্থিত দোতলা বাড়ি ভেঙে বহুতল বাণিজ্যিক ও আবাসিক ভবন তৈরি করতে চেয়েছিল। বর্তমানে যাঁরা রাজউকে ধরনা দিচ্ছেন, তাঁরাও ওই দলে ছিলেন।রাজধানীর ঐতিহ্যবাহী ভবনগুলো সংরক্ষণের প্রচেষ্টায় নিয়োজিত সংগঠন আরবান স্টাডি গ্রুপের প্রধান নির্বাহী স্থপতি তাইমুর ইসলাম প্রথম আলোকে বলেন, নগর উন্নয়ন কমিটির অনুমতি ছাড়া সংরক্ষিত কোনো বাড়ি পরিবর্তন বা অপসারণ করা যায় না। কিন্তু ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার কাজ শুরুর পর একটি গোষ্ঠীর নজর পড়েছে সংরক্ষিত ভবনগুলোর দিকে।বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নগরায়ণ ও সুশাসন প্রোগ্রাম কমিটির সদস্য সচিব ইকবাল হাবিব বলেন, ঐতিহাসিক ভবনগুলোকে ভাঙার তালিকায় রাখা যাবে না। প্রয়োজনে নগর উন্নয়ন কমিটির অনুমতি নিয়ে সেগুলোর সংস্কার করতে হবে।ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরির কাজে নিয়োজিত রাজউকের কর্মকর্তারা জানান, বেশি ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ ও কম ঝুঁকিপূর্ণ—এ ধরনের শ্রেণীতে ভাগ করে তালিকা করা হচ্ছে। পুরান ঢাকায় বেশি ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা সম্ভব হয়েছে এ পর্যন্ত প্রায় সাড়ে ৩০০ ভবন। এ ছাড়া কলাবাগান, ইন্দিরা রোড, মণিপুরিপাড়াসহ কয়েকটি এলাকায় ৬০টির মতো ভবন পাওয়া গেছে, যেগুলো বেশি ঝুঁকির্পূণ। তালিকাভুক্ত করার কাজ আরও কয়েক দিন চলবে বলে তাঁরা জানান।