এবার সংসদে গিয়ে ক্ষমা চাইলেন মারডক
ফোনে আড়িপাতার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছে পত্রিকায় বিবৃতি দিয়ে গত শনিবার ক্ষমা চেয়েছিলেন। তিন দিন পর আজ মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে আরেকবার ক্ষমা চেয়ে নিলেন মিডিয়া ‘মুগল’-খ্যাত নিউজ করপোরেশনের মালিক রুপার্ট মারডক।এ দিন সংসদে রুপার্টের সঙ্গে ক্ষমা চেয়েছেন তাঁর ছেলে জেমস মারডকও। দুজনই স্বীকার করেন, ফোন কেলেঙ্কারির কারণে যে ক্ষতি হয়েছে, তা ক্ষমার অযোগ্য। তবে বাবা-ছেলের দাবি, আড়িপাতার এই ব্যাপকতা সম্পর্কে সচেতন ছিলেন না তাঁরা।রুপার্ট মারডক বলেন, ‘এ ঘটনায় আমি মর্মাহত, লজ্জিত। এক কথায় বললে, এটা আমার জীবনের সবচেয়ে লজ্জাজনক দিন।’ বিভ্রান্ত করা হয়েছে কি না, প্রশ্ন করলে রুপার্ট বলেন, ‘খুব বেশি। তবে এটা কোনো অজুহাত নয়। ফোনে আড়িপাতা সম্পর্কে এতটা সচেতন ছিলাম না আমরা। নিউজ অব দ্য ওয়ার্ল্ড আমার কোম্পানির ১০০ ভাগের এক ভাগেরও কম। বিশ্বব্যাপী আমার ৫৩ হাজার কর্মী সততা, নিষ্ঠা, গৌরবের সঙ্গে কাজ করে যাচ্ছে।’ছেলে জেমস মারডক বলেন, ‘এটা আমার, আমার বাবা ও নিউজ করপোরেশনের সবার জন্যই পরিতাপের। এমন ঘটনা আমাদের প্রতিষ্ঠানের সুনামের সঙ্গে যায় না। নিশ্চয়তা দিচ্ছি, ভবিষ্যতে কখনোই এমন ঘটনা ঘটবে না।’ সূত্র: রয়টার্স।