এবার সওজের নির্বাহী প্রকৌশলীকে মারধর করলেন সাংসদ বদি
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাংসদ আবদুর রহমান বদি আবার মারধরের ঘটনা ঘটিয়েছেন। গত বুধবার তাঁর মারধরের শিকার হন সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম। মারধরের একপর্যায়ে দৌড়ে পালিয়ে রক্ষা পান প্রকৌশলী। কক্সবাজার-টেকনাফ সড়কে কুতুপালং বিধ্বস্ত বিকল্প সড়কের পাশে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, ১৪ জুন রাতে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজার-টেকনাফ সড়কে কুতুপালং উচ্চবিদ্যালয়-সংলগ্ন সেতুর পাশে বিকল্প সড়ক বিধ্বস্ত হয়। এতে কক্সবাজার-টেকনাফ সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে। বিধ্বস্ত বিকল্প সড়ক দ্রুত মেরামতে বুধবার সকাল থেকে বালু ও মাটি দিয়ে ভরাট করা হচ্ছিল। এ সময় সড়কের উভয় পাশে যাত্রীবাহী বাস, বিভিন্ন পণ্য ও রোগী বহনকারী গাড়িসহ অনেক যানবাহন আটকা পড়ে। উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে টেকনাফ যাওয়ার পথে আওয়ামী লীগের সাংসদ বদি বিকেল পাঁচটার দিকে ওই এলাকায় পৌঁছান। এ সময় বিকল্প সড়কের দক্ষিণ পাশে একজন মুমূর্ষু রোগী নিয়ে একটি গাড়ি হাসপাতালে যাওয়ার অপেক্ষায় ছিল। সড়ক পুরোপুরি মেরামত না হওয়ায় গাড়িটি যেতে পারছিল না। এটি সাংসদের নজরে এলে কয়েকজন লোক ডেকে গাড়িটি তিনি ঠেলে পার করিয়ে দেন।এ সময় কুতুপালং গ্রামের লোকজন বিকল্প সড়কের নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ তোলে। এতে সাংসদ ক্ষুব্ধ হন। মেরামতকাজ তদারক করতে আসা কক্সবাজার সওজের নির্বাহী প্রকৌশলী আবদুল হালিমের কাছে অভিযোগের ব্যাপারে ব্যাখ্যা চান তিনি। আবদুল হালিম তাঁর ব্যাখ্যা শেষ করার আগেই সাংসদ বদি তাঁকে লাথি, কিল, ঘুষি দিতে শুরু করেন। একপর্যায়ে আবদুল হালিম দৌড়াতে থাকেন। সাংসদও তাঁর পিছু নেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সাংসদের শ্বশুর উখিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ হোসাইন খান ও উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সাংসদকে শান্ত করেন।আওয়ামী লীগের নেতা মোহাম্মদ হোসাইন খান বলেন, সাংসদ জনগণের সীমাহীন দুর্ভোগ দেখে সহ্য করতে না পেরে দুর্নীতিবাজ প্রকৌশলীকে শায়েস্তা করেন। প্রত্যক্ষদর্শী নূর মোহাম্মদ সিকদার বলেন, প্রকৌশলীর দুর্নীতির কারণে বিকল্প সড়কের এ অবস্থা। এতে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘হঠাৎ করে স্যার খেপে গিয়ে এমন করবেন, বুঝে উঠতে পারিনি।’প্রকৌশলী আবদুল হালিম বলেন, ‘আমি কথা শেষ করার আগেই সাংসদ স্যার আমাকে মারধর শুরু করেন। অথচ আমি দ্রুত সংস্কার করে সড়কটি চালু করার সাধ্যমতো চেষ্টা চালিয়েছি।’ ঘটনাটি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানান।সাংসদ আবদুর রহমান বদি বলেন, ‘হাজার হাজার মানুষের চরম দুর্ভোগ ও কষ্ট দেখে নিজেকে সামলাতে পারিনি।’ এর আগে সাংসদ বদি শিক্ষক, ব্যাংক কর্মকর্তা, আইনজীবী ও বনকর্মীকে পিটিয়েছেন।