এবার সরকারি কর্মকর্তাকে তওবা করালেন সেই মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী পৌর মেয়র আহমঞ্চদ আলী তাঁর অবাধ্য হওয়ার কারণে কয়েকজন সরকারি কর্মকর্তাকে মারধর করেছেন। এবার তিনি সরকারি এক কর্মকর্তাকে তওবা করা ও ক্ষমা চাওয়াসহ বিভিন্ন অঙ্গীকার করতে বাধ্য করলেন। গতকাল বৃহস্পতিবার গাংনী ভূমি রেজিস্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে।ওই কর্মকর্তার নাম আবদুর রশিদ মণ্ডল। তিনি গাংনীসহ মেহেরপুর ভূমি রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুরে মেয়র আহমঞ্চদ আলী গাংনী ভূমি রেজিস্ট্রি অফিসের সামনের চত্বরে সমাবেশ করেন। এ সময় তিনি গাংনী ভূমি রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার রশিদ মণ্ডলকে দুর্নীতিবাজ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, সাব-রেজিস্ট্রারের উপযুক্ত শাস্তি হওয়া উচিত। পরে তিনি রশিদ মণ্ডলকে অফিসে ডেকে নিয়ে আসেন। তিনি প্রথমে মাইকে বলেন, ‘এই দেখেন সাব-রেজিস্ট্রার, যিনি এত দিন ঘুষ নিয়ে মানুষের রক্ত চুষে খেয়েছেন।’ এ সময় রশিদ মণ্ডলকে তাঁর ঘুষ-দুর্নীতির জন্য তওবা পড়তে বলেন। মেয়রের হুমকিতে রশিদ মণ্ডল তওবা পড়েন। মেয়র বলেন, ‘বলেন ঘুষ খাব না, দুর্নীতি করব না, জমি রেজিস্ট্রিতে বেশি পয়সা নেব না, আমাকে আপনারা মাফ করে দেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি।’ রশিদ মণ্ডল মেয়রের নির্দেশমতো কথাগুলো বলতে ইতস্তত বোধ করেন। তখন মেয়র ধমক দেন। পরে মেয়রের ভয়ে রশিদ মণ্ডল কথাগুলো বলে অঙ্গীকার করতে বাধ্য হন। এর আগে মেয়র গত জুন মাসে রশিদ মণ্ডলকে বোমা মেরে হত্যার হুমকি দেন। সে সময় রশিদ মণ্ডল মেয়রের বিরুদ্ধে থানায় অভিযোগ করে নিরাপত্তা চান। তখন মেয়র রাস্তায় তাঁকে চুল কেটে মাথায় ঘোল ঢালার হুমকি দিলে তিনি ভয়ে থানা থেকে অভিযোগ তুলে নেন।গত দুই বছরে এই মেয়র অধ্যক্ষ, চিকিৎসক, প্রকৌশলী, পুলিশ, এনজিও কর্মকর্তা, শিক্ষক, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, নারী প্রতিনিধিসহ প্রায় ৫০ জনকে মারধর করেছেন। এ নিয়ে প্রথম আলোতে ‘তিনি শুধুই মারেন’ শিরোনামে একাধিকবার প্রতিবেদন ছাপা হয়েছে। প্রথম শ্রেণীর একজন সরকারি কর্মকর্তাকে এভাবে মাফ চাওয়াতে পারেন কি না—এমন প্রশ্নের জবাবে মেয়র আহমঞ্চদ আলী প্রথম আলোকে বলেন, ‘আমি জনপ্রতিনিধি। সে হিসেবে অনেক কিছুই পারি। এ দেশে অপরাধ করে সবাই পার পেয়ে যাচ্ছে। তাই জনগণের স্বার্থে একজন ঘুষখোর কর্মকর্তাকে শাস্তিস্বরূপ প্রকাশ্যে এভাবে তওবাসহ মাফ চাওয়াতে বাধ্য করিয়েছি। এটা দুর্নীতির বিরুদ্ধে জোরালো পদক্ষেপ।’ সাব-রেজিস্ট্রার আবদুর রশিদ মণ্ডল বলেন, মেয়রের কথামতো তওবা, মাফ না চাইলে মেয়র জনসম্মুখে তাঁকে মারতেন। তাই ভয়ে কথাগুলো বলতে বাধ্য হয়েছেন। চাকরি জীবনে কখনো এমন পরিস্থিতিতে পড়েননি। এসব কথা বলতে গিয়ে তিনি কেঁদে ফেলেন।