প্রস্তাবিত সিভিল সার্ভিস আইন করার সিদ্ধান্ত বাদ
এবার সরকারি কর্মচারী আইন করার উদ্যোগ
তিন বছরের বেশি সময় আলোচনার পর বাদ দেওয়া হলো প্রস্তাবিত সিভিল সার্ভিস আইন করার সিদ্ধান্ত। এর পরিবর্তে এবার সরকারি সব কর্মকর্তা ও কমর্চারীর জন্য সরকারি কর্মচারী আইন নামে নতুন আইন করার উদ্যোগ নিয়েছে সরকার। এর খসড়া করে মতামত নেওয়াও শুরু হয়েছে।জানতে চাইলে জনপ্রশাসনসচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকে বলেন, ‘প্রস্তাবিত সিভিল সার্ভিস আইন কেবল কর্মকর্তাদের জন্য করা হচ্ছিল। তাই সেটি বাদ দিয়ে এখন সব পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সরকারি কর্মচারী আইন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রাথমিক খসড়া করে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের পরামর্শ নেওয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে সরকারি চাকরিজীবীদের সব পর্যায়ের সঙ্গেই মতবিনিময় করা হবে। সুশীল সমাজেরও মতামত নেওয়া হবে। এরপর আইনটি করা হবে।’জনপ্রশাসনের কয়েকজন কর্মকর্তা বলেছেন, নতুন আইনের খসড়ায় প্রয়োজন মনে করলে আউটসোর্সিংয়ের মাধ্যমে বাইরে থেকে বিভিন্ন পর্যায়ে লোক নিয়োগের যে প্রস্তাব আছে, তা নিয়ে আপত্তি উঠবে। কারণ, এতে সরাসরি দলীয়করণের সুযোগ সৃষ্টি হবে। এ ছাড়া সরকারের মেয়াদের শেষ দিকে এসে এ আইনটিও হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।সংবিধানের ১৩৩ অনুচ্ছেদের বিধান অনুযায়ী, প্রজাতন্ত্রের কর্মে কর্মচারীদের নিয়োগ, কর্মসম্পাদন ও আনুষঙ্গিক বিষয়ে আইন করার আবশ্যকতা থাকলেও স্বাধীনতার পর এ পর্যন্ত কোনো আইন হয়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) সব ক্যাডারের সদস্য ও রাজস্ব খাতের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদের কর্মকর্তাদের জন্য সিভিল সার্ভিস আইন করার সিদ্ধান্ত নিয়েছিল। এ জন্য খসড়া করে বিভিন্ন পর্যায়ের মানুষের মতামতও নেওয়া হয়। এতে অর্থও খরচ হয়। গত বছরের সেপ্টেম্বর মাসে খসড়াটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। ওই খসড়ার নিয়োগ, পদোন্নতিসহ কিছু বিষয়ে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা আপত্তি তুলেছিলেন। এরপর গত এপ্রিলে সরকার সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীর জন্য একসঙ্গে একটি আইন করার উদ্যোগ নেয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে ‘সরকারি কর্মচারী আইন, ২০১২’ নামে একটি খসড়া তৈরি করা হয়। এ নিয়ে ৩ জুন রাজধানীর একটি হোটেলে প্রথম পর্যায়ে প্রকৌশল, চিকিৎসা ও কৃষি সার্ভিসের নেতাদের সঙ্গে মতবিনিময় করা হয়। অংশগ্রহণকারীদের দুই হাজার টাকা করে দেওয়া হয়।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, নতুন আইনের খসড়ার ৫ নম্বর ধারায় রয়েছে, সরকারি কর্মচারী ও কর্মকর্তারা বিধি দ্বারা নির্ধারিত প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ—এই চার শ্রেণীতে বিন্যস্ত থাকবেন। ... সরকার প্রয়োজন মনে করলে আউটসোর্সিংয়ের মাধ্যমে নির্দিষ্ট শ্রেণী, প্রকৃতি বা কর্মের সেবা সম্পূর্ণ বা আংশিক নিতে পারবে। জনপ্রশাসনের কয়েকজন কর্মকর্তা বলেছেন, খসড়ার এ ধারা নিয়ে কর্মকর্তারা ইতিমধ্যে আপত্তি জানাতে শুরু করেছেন। আউটসোর্সিংয়ের কথা বলে বাইরের লোক নিয়োগ করা হলে সরকারি চাকরিতে বিশেষ করে প্রশাসনে দলীয়করণ প্রাতিষ্ঠানিকতা পাবে। সরকার বাইরে থেকে শীর্ষ পর্যায়ে লোক বসালে দলীয় বা পছন্দের লোকই বসাবে। এ ছাড়া এর কারণে কর্মকর্তাদের ওপরে ওঠার সুযোগ কমবে। ওই ধারা নিয়ে আপত্তির বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়কেও জানানো হয়েছে।কয়েকজন কর্মকর্তা বলেন, এ বিষয়ে যখন তাঁদের মতামত নেওয়া হবে, তখন তাঁরা আনুষ্ঠানিকভাবে এর বিরোধিতা করবেন। বাদ দেওয়া সিভিল সার্ভিস আইনের খসড়ায় সরকার প্রয়োজন মনে করলে পদোন্নতির পরীক্ষা আউটসোর্সিংয়ের মাধ্যমে সম্পন্ন করার প্রস্তাবের বিষয়েও প্রশাসনের কর্মকর্তারা আপত্তি করেছিলেন।তবে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার প্রথম আলোকে বলেন, নতুন আইনের খসড়ার ওই ধারাটি অস্পষ্ট।পদোন্নতির পরীক্ষায় অকৃতকার্য হলে কর্মাবসান: নতুন খসড়ায় পদোন্নতির বিষয়ে বলা হয়েছে, মেধা, জ্যেষ্ঠতা, প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা ও কর্মমূল্যায়ন হবে পদোন্নতির সাধারণ ভিত্তি। বিভিন্ন শ্রেণী ও সার্ভিসের প্রয়োজন অনুযায়ী পৃথক পদোন্নতি বিধিমালা থাকবে। যেসব শ্রেণী ও প্রকৃতির কর্মচারী বা সার্ভিসের জন্য প্রশিক্ষণ বা পদোন্নতিজনিত পরীক্ষা সুনির্দিষ্ট থাকবে, তাতে কৃতকার্য না হলে কর্মচারীর মানোন্নয়ন, পদোন্নতি বা চাকরি নিয়মিতকরণ হবে না। আর বাধ্যতামূলক প্রশিক্ষণ বা পদোন্নতিজনিত পরীক্ষায় অকৃতকার্য হলে কর্মাবসান হবে। কর্মচারীর শ্রেণী বা প্রকৃতি অনুযায়ী সম্পাদিত কাজ, কর্মের উৎকর্ষ, উদ্ভাবনী প্রয়াস, জনসাধারণের প্রতি সহূদয় ব্যবহার ইত্যাদি হবে পেশাগত দক্ষতা ও কর্মমূল্যায়নের ভিত্তি।খসড়ায় আরও যা আছে: খসড়ায় মন্ত্রিপরিষদ সচিবের বিষয়ে বলা হয়েছে, পদাধিকারবলে মন্ত্রিপরিষদ সচিব প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কর্মচারীদের মধ্যে প্রধান হবেন। সরকারের নিয়মিত সচিবদের মধ্য থেকে মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ করা হবে। অর্থাৎ বর্তমানের মতো সরকার চাইলে যেকোনো সচিবকে মন্ত্রিপরিষদ সচিব করতে পারবেন। এ ছাড়া নিয়োগ, বেতন, কল্যাণ, চাকরির শৃঙ্খলা, নৈতিকতা, পেশাদারি, অবসর, কর্মাবসান, পদত্যাগ, শাস্তি, প্রশাসনিক প্রতিকার, আইনের আশ্রয় ও কার্যক্রম গ্রহণসহ বিভিন্ন বিষয় সন্নিবেশিত করা হয়েছে এ খসড়ায়।সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা বলেন, প্রাথমিক খসড়া হওয়ায় বিষয়গুলো হালকাভাবে বলা হয়েছে। অনেক ক্ষেত্রে অস্পষ্ট। আলোচনার পর এসব বিষয় চূড়ান্ত করা হবে।আলী ইমাম মজুমদার প্রথম আলোকে বলেন, ‘আমি মনে করি সিভিল সার্ভিস আইনটি সংশোধন করে করা উচিত। নতুন করে আইন করার মাধ্যমে নতুন বিতর্কের সৃষ্টি হবে।’