এবার সশরীরে এসে পদত্যাগ করলেন সোহেল তাজ
অবশেষে সশরীরে এসে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে সংসদ সদস্য পদ ছাড়লেন আওয়ামী লীগদলীয় সাংসদ তানজিম আহমদ (সোহেল তাজ)। সংবিধানের ৬৭ অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগপত্র জমা দেওয়ার পরপরই আসনটি শূন্য হয়েছে। আজ শনিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোহেল তাজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কাল সংসদের ত্রয়োদশ অধিবেশনের সমাপনী দিনে স্পিকার এ বিষয়ে ঘোষণা দিয়ে বিষয়টি সংসদকে অবহিত করতে পারেন বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে।সূত্র জানায়, রাত আটটার দিকে সোহেল তাজ সরাসরি স্পিকার আবদুল হামিদের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন। এ সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।সাংসদদের পদত্যাগ সম্পর্কে সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদে বলা আছে, ‘কোন সংসদ সদস্য স্পিকারের নিকট স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন, এবং স্পিকার—কিংবা স্পিকারের পদ শূন্য থাকিলে বা অন্য কোন কারণে স্পিকার স্বীয় দায়িত্ব পালনে অসমর্থ হইলে ডেপুটি স্পিকার যখন উক্ত পত্র প্রাপ্ত হন, তখন হইতে উক্ত সদস্যের আসন শূন্য হইবে।’এর আগে গত ২৩ এপ্রিল ব্যক্তিগত সহকারী মারফত সোহেল তাজ তাঁর পদত্যাগপত্র সংসদের স্পিকারের দপ্তরে পাঠিয়েছিলেন। তখন তিনি আমেরিকায় অবস্থান করছিলেন। কিন্তু ৯ মে স্পিকার আবদুল হামিদ সাংবাদিকদের জানান, সোহেল তাজের পদত্যাগপত্র সংবিধান ও সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী জমা দেওয়া হয়নি। যে কারণে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হলো না। পদত্যাগ করতে হলে তাঁকে সশরীরে এসে পদত্যাগপত্র জমা দিতে হবে। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ। তিনি ২০০৮ সালের নির্বাচনে গাজীপুর-৪ আসন থেকে সাংসদ নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি তিনি মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নেন। একই বছরের ৩১ মে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। পদত্যাগপত্র জমা দেওয়ার তিন বছর পরও সোহেল তাজের ব্যাংক হিসাবে প্রতিমন্ত্রীর বেতন-ভাতা জমা হওয়ায় গত ১৭ এপ্রিল তিনি মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি তাঁর ব্যক্তিগত হিসাবে পাঠানো বেতন-ভাতার যাবতীয় অর্থ ফেরত নেওয়ার অনুরোধ জানান।