এবার সাংসদের বাসায় চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীতে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সরকারি দলের এক সাংসদের বাসায় ডাকাতির ১২ দিনের মাথায় টিকাটুলীর অভয় দাস লেনে সংরক্ষিত আসনের আরেক সাংসদের বাসায় চুরি হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এই চুরি হয়েছে সরকারি দলের সাংসদ রওশন জাহান সাথীর বাসায়।সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম গতকাল শুক্রবার বলেন, চোরেরা বৃহস্পতিবার মধ্যরাতে গ্রিল কেটে ১৪/৩ অভয় দাস লেনের তিনতলা বাড়ির দ্বিতীয় তলার বারান্দায় ঢোকে। এরপর তারা দোতলার বাসিন্দা সংরক্ষিত নারী আসনের সাংসদ রওশন জাহানের বাসার মূল দরজার তালা কোনোভাবে খুলে ভেতরে ঢোকে। এ সময় ওই বাসায় কেউ ছিলেন না। চোরেরা আলমারি ও আসবাব তছনছ করে এবং দুই ভরি স্বর্ণালঙ্কার ও নগদ তিন হাজার টাকা চুরি করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা দরজায় আবার তালা লাগিয়ে যায়।ওসি জানান, চুরির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।সাংসদ রওশন জাহান সাথী জানান, চোরেরা রাত ১২টা থেকে দেড়টার মধ্যে তাঁর বাসায় ঢুকে আলমারি ও অন্যান্য আসবাব তছনছ করে। তাঁর প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার ও নগদ তিন হাজার টাকা খোয়া গেছে।পুলিশ কর্মকর্তারা জানান, অভয় দাস লেনের ওই বাড়ি সাংসদ রওশন জাহানদের। বাড়ির নিচতলা ও তৃতীয় তলা ভাড়া দেওয়া হয়েছে। দ্বিতীয় তলায় সাংসদ আগে থাকলেও বর্তমানে বসবাস করছেন সংসদ সদস্য ভবনে। চুরির ঘটনা শুনে তিনি গতকাল অভয় দাস লেনের বাড়িতে যান। সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশকে নির্দেশ দেন।এর আগে ৯ জানুয়ারি ভোররাতে পল্লবীতে সংরক্ষিত আসনের সাংসদ শাহিদা তারেক দীপ্তির বাসায় ও ওই বাড়ির দ্বিতীয় তলায় বাড়ির মালিক প্রয়াত মেজর (অব.) জিয়াউল হকের বাসায় ডাকাতি হয়।