এবার সাত বিভাগে মহাসমাবেশের ঘোষণা আমিনীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত নারীনীতি বাতিলসহ তিন দফা দাবিতে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি এবার সাত বিভাগে মহাসমাবেশসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা দিয়েছে।এর মধ্যে আগামী ২৭ মে ঢাকায় এবং তার আগে ১০ থেকে ২৫ মে পর্যন্ত বাকি ছয় বিভাগে মহাসমাবেশ কর্মসূচি রয়েছে।গতকাল সোমবার হরতাল কর্মসূচি শেষে বিকেলে লালবাগের জামেয়া কোরআনিয়া আরাবিয়া মাদ্রাসায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের আমির মুফতি ফজলুল হক আমিনী। এ ছাড়া আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনসহ প্রত্যেক জেলায় সমাবেশ ও মিছিল, ৮ এপ্রিল দেশব্যাপী দোয়া দিবস, ২০ এপ্রিল ঢাকায় ওলামা মাশায়েখ সম্মেলন, ১০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত নারীনীতির কোরআনবিরোধী ধারাগুলোর ব্যাপারে দেশব্যাপী গণসচেতনতা সৃষ্টির ঘোষণা দিয়েছেন আমিনী। সোমবারের হরতালকে গত দুই বছরের মধ্যে সবচেয়ে সফল হরতাল বলে দাবি করে মুফতি আমিনী বলেন, এসব কর্মসূচির পরও যদি সরকার শিক্ষা না নেয় তাহলে মুক্তাঙ্গনকে কোরআন স্কয়ার ঘোষণা করে লাগাতার অবস্থান কর্মসূচি দেওয়া হবে।চারদলীয় ঐক্যজোটের শরিক ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি আমিনী আরও বলেন, ‘আমরা কেবল খানকা-মাদ্রাসায় থাকব না। এখন থেকে রাজপথও আমাদের দখলে থাকবে।’মুফতি আমিনী বলেন, কোরআনবিরোধী সব ধারা বাতিল করতে হবে। শিক্ষানীতি বাতিল করতে হবে। কারণ, এসব নীতি বাস্তবায়ন হলে দেশ নাস্তিক-মুরতাদে ভরে যাবে। তিনি ফতোয়া প্রসঙ্গে বলেন, ফতোয়া নিষিদ্ধ হলে এক ঘণ্টার মধ্যে সারা দেশে আগুন জ্বলবে।আপনি কি তবে আদালতের সিদ্ধান্ত মানেন না—এ প্রশ্নের জবাবে আমিনী বলেন, ‘এই আদালত ফতোয়া নিয়ে রায় দেওয়ার অধিকার রাখে না। আর প্রধান বিচারপতিকে আমি কাফের বলতে চাই না। তবে তিনি কেমন মুসলমান তা নিয়ে আমার সন্দেহ আছে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে আমিনী বলেন, কোরআন-হাদিসবিরোধী কোনো কিছু এ দেশের মানুষ গ্রহণ করবে না। এ জন্যই তিনি বারবার নারীনীতিতে কোরআনবিরোধী কিছু নাই বলে বাঁচতে চান। বিমানবন্দরের নাম পরিবর্তন করে শেখ মুজিবের নামে রাখার সাহস হয়নি বলে হজরত শাহজালালের (রহ.) কাছে আশ্রয় নিয়েছেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে খেলাফত মজলিসের আমির মুহাম্মদ ইসহাক, ইসলামী আইন সংরক্ষণ কমিটির আমির শহীদুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, ইসলামী মোর্চার মহাসচিব জোনায়েদ আল হাবীব, ইসলামী আইন বাস্তবায়ন কমিটির প্রচার সম্পাদক আহলুল্লাহ ওয়াসেল প্রমুখ উপস্থিত ছিলেন।