গাংনীর পৌর মেয়র আহম্মদ আলী। নিজেকে তিনি লৌহমানব পরিচয় দিতেই পছন্দ করেন। কেউ তাঁর অবাধ্য হলে তিনি তাঁকে লাঠিপেটা করেন। অবাধ্য হওয়ায় তাঁর হাতে এ পর্যন্ত ১৬ জন সরকারি কর্মকর্তাসহ ২৫ জন প্রহূত হয়েছেন বলে অভিযোগ রয়েছে।গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক এই সহসভাপতি এবার প্রহারের বদলে গাংনীর ভূমি সাব-রেজিস্ট্রার আবদুর রশিদ মণ্ডলকে প্রকাশ্যে বোমা মেরে হত্যার হুমকি দিয়েছেন। এ ঘটনায় আবদুর রশিদ জীবনের নিরাপত্তা চেয়ে গতকাল বৃহস্পতিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আবদুর রশিদ মণ্ডল জিডিতে অভিযোগ করেন, সাব-রেজিস্ট্রি কার্যালয়ের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ নিতে চান পৌর মেয়র আহম্মদ। এ নিয়ে মাঝেমধ্যেই মেয়র তাঁকে হুমকি দিচ্ছেন। সর্বশেষ গত মঙ্গলবার দুপুরে মেয়র তাঁকে মুঠোফোনে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে বলেন, ‘আমার অবাধ্য হওয়ায় আমি সরকারি কর্মকর্তাকে নিজ হাতে পিটিয়েছি। এবার তোকে (সাব-রেজিস্ট্রারকে) হাতে না মেরে বোমা ছুড়ে মারব। গাংনী সাব-রেজিস্ট্রি কার্যালয়ের দায়িত্ব থেকে দ্রুত সরে না গেলে বোমায় তোর মৃত্যু হবে।’ এ কথা বলেই মেয়র ফোন কেটে দেন।আবদুর রশিদ মণ্ডল জানান, ঘটনাটি তাৎক্ষণিকভাবে তিনি তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে আজ (বৃহস্পতিবার) গাংনী থানায় জিডি করেন।তবে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল কৃষ্ণ মল্লিক বলেন, গত বুধবার রাতে তিনি গাংনী থানার ওসির দায়িত্ব পান। মেয়রের বিরুদ্ধে থানায় জিডি হয়েছে কি না, তা তিনি জানেন না।এদিকে মেয়র আহম্মদ গত বুধবার রাতে গাংনীর কাথুলী মোড়ে তাঁর সমর্থকদের নিয়ে প্রকাশ্যে সভা করেন। সভার আগে তাঁর স্বাক্ষরিত একটি চিঠি শহরে বিলি করা হয়। তাতে বলা হয়, গাংনী সাব-রেজিস্ট্রি কার্যালয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও প্রশাসনের অসৎ কর্মকর্তার একটি সিন্ডিকেট দ্বারা পরিচালিত হচ্ছে। তারা অতিরিক্ত অর্থ নিয়ে জমি রেজিস্ট্রির মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। মানুষের ধারণা, এই অপকর্মের সঙ্গে তিনি (মেয়র) ও তাঁর দলের কিছু লোকও যুক্ত। এতে তাঁর ওপর মানুষের ক্ষোভ বাড়ছে। এ থেকে রেহাই পেতেই এ সভার আয়োজন।সভায় মেয়র গাংনী ভূমি সাব-রেজিস্ট্রারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ ছাড়া তিনি আবদুর রশিদকে গাংনী থেকে তাড়ানোর ঘোষণা দিয়ে ২৩ মে লাঠিসোঁটা নিয়ে রেজিস্ট্রি কার্যালয়ে হামলার জন্য সবাইকে প্রস্তুত থাকতে বলেন। এর পরও আবদুর রশিদ এলাকা না ছাড়লে তাঁকে বোমা মেরে এলাকাছাড়া করার ঘোষণা দেন তিনি।তবে ভূমি রেজিস্ট্রি কার্যালয়ের ভেতরে কোনো দুর্নীতি হয় না বলে দাবি করে আবদুর রশিদ বলেন, কার্যালয়ের বাইরে কোনো দুর্নীতি হয় কি না, তা তাঁর জানা নেই। সেটা মেয়রই ভালো জানেন। গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেক বলেন, দুর্নীতির টাকার ভাগ কম পাওয়ায় মেয়র এখন রেজিস্ট্রি কার্যালয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। মেয়রের অবাধ্য হওয়ায় প্রায় ১৬ জন সরকারি কর্মকর্তা প্রহূত হয়েছেন। এবার বোমা মেরে সরকারি কর্মকর্তাকে হত্যার হুমকি দিয়েছেন। এটা নতুন কিছু নয়। তবে মেয়রের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণে দলের ক্ষতি হচ্ছে।মেয়র আহম্মদ আলী দাবি করেন, তিনি সাব-রেজিস্ট্রারকে দ্রুত এলাকা ছাড়তে বলেছেন। না হলে ক্ষুব্ধ জনগণ তাঁর ওপর বোমা মারতে পারে, এমন কথাও বলেছেন। তিনি আরও বলেন, আইনে সব বিচার হয় না। তাই নিজের ইচ্ছায় তিনি কিছু বিচার করেন।উল্লেখ্য, ২০১০ সালে নির্বাচিত হওয়ার পর মেয়র আহম্মদের হাতে এ পর্যন্ত যে ২৫ জন প্রহূত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন: ব্যাংক ব্যবস্থাপক, চিকিৎসক, শিক্ষক, অধ্যক্ষ, প্রকৌশলী এবং নারীও। গত বছরের ১২ আগস্ট ‘তিনি শুধুই মারেন!’ শিরোনামে প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়। এর পর থেকে তাঁর বিতর্কিত কর্মকাণ্ড থেমে ছিল।