এবার সাড়ে ছয় লাখ টাকার জাল নোট উদ্ধার
রাজধানী থেকে এবার প্রায় সাড়ে ছয় লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নয়াপল্টনে অভিযান চালিয়ে এসব জাল নোট উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে আটক করেছে পুলিশ।এর আগে ডিবি পুলিশ গত ২৭ জুলাই মুগদাপাড়া ও মান্ডা থেকে মোট ৪৭ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছিল। সেদিন ওই এলাকা থেকে জাল নোটের একটি চক্রের প্রধান সেলিমকে পাঁচ সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছিল।ডিবি পুলিশের সূত্র জানায়, কাল রাতে গোপন খবরের ভিত্তিতে অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল নয়াপল্টনে গাজী ভবনের সামনে থেকে মো. সুজন (২৫), আবদুর রহিম (২২) ও বিলাস আকন্দকে (২৪) গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ছয় লাখ ৪০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা পাইকারি জাল নোটের ব্যবসায়ী।এই জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তারের বিষয়ে মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যমকেন্দ্রে আজ শুক্রবার সংবাদ ব্রিফিং করেন অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান। ব্রিফিং শেষে জাল নোটসহ গ্রেপ্তার হওয়া তিনজনকে সাংবাদিকদের সামনে আনা হয়। ওই তিনজন জানান, তাঁরা জাল নোট কিনে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রির সঙ্গে জড়িত।সুজন জানান, সারা বছরই তাঁরা জাল নোট বিক্রি করেন। তবে ঈদুল ফিতর ও কোরবানির ঈদের বাজারে লেনদেন বেশি হয় বলে জাল নোট বাজারজাত করা সহজ। তাই তাঁরা জাল নোট বাজারজাতের জন্য এ সময়কে বেছে নেন।ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জাল নোটের পাইকারি ব্যবসায়ী। জিজ্ঞাসাবাদে সুজন জানান, এক বছর ধরে তিনি জাল নোট পাইকারি ও খুচরা বিক্রি করেন। তিনি তাঁদের দলের প্রধানের কাছ থেকে জাল নোট পাইকারি কেনেন। পরে সদরঘাট, গুলিস্তান ও মতিঝিল এলাকায় খুচরা ক্রেতাদের কাছে তা বিক্রি করেন। বন্ধু আবদুর রহিম এ ক্ষেত্রে তাঁকে সহযোগিতা করেন। এ ছাড়া তিনিও মাঝেমধ্যে জাল নোট দিয়ে কেনাকাটা করেন। চক্রের প্রধান জাল নোট তৈরি করেন। বিলাস জানান, তিনি বড় ভাই শাহীনের মাধ্যমে তাঁদের চক্রের প্রধানের সঙ্গে এই ব্যবসায় নামেন।মশিউর রহমান বলেন, গ্রেপ্তার করা তিনজনকে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছিল। আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তিনি জানান, এ চক্রের প্রধানসহ সবাইকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঈদের বাজারে জাল নোট যাতে না ছড়াতে পারে, সে ব্যাপারে ডিবি তত্পর রয়েছে।