এবার সিসিলিসে মার্কিন ড্রোন বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র সিসিলিসে গতকাল মঙ্গলবার সকালে একটি মার্কিন ড্রোন বিমান বিধ্বস্ত হয়েছে। মার্কিন ও সিসিলিসের কর্মকর্তাদের বরাত দিয়ে এনবিসি নিউজ এ খবর জানিয়েছে।বিধ্বস্ত এমকিউ-৯ নামের এই মার্কিন ড্রোন বিমানটি পূর্ব আফ্রিকা উপকূলে গোপন তথ্য পর্যবেক্ষণে ব্যবহূত হচ্ছিল। গতকাল সকালে সিসিলিসের একটি বিমানবন্দর থেকে নিয়মিত পর্যবেক্ষণের উদ্দেশ্যে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই ড্রোনটি বিধ্বস্ত হয়। মরিশাসের মার্কিন দূতাবাস ড্রোন বিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করেছে।দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন বিমানবাহিনীর এমকিউ-৯ নামের এই ড্রোনটিতে কোনো অস্ত্র ছিল না এবং এটি বিধ্বস্তের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিধ্বস্ত হওয়ার ফলে ড্রোনটিতে আগুন ধরে যায় এবং তা দ্রুত নেভানো হয়।সিসিলিসের বেসামরিক বিমান কর্তৃপক্ষের কর্মকর্তা লিনা লরেন্স জানান, গতকাল সকালে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই ড্রোন বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং দ্রুত তা অবতরণের প্রয়োজন পড়ে। কিন্তু তীব্রগতির কারণে অবতরণের সময় ড্রোনটি রানওয়ের শেষে থামতে পারেনি।ড্রোন বিধ্বস্তের কারণ তদন্ত করা হচ্ছে বলে দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।এর আগে চলতি মাসের শুরুর দিকে ইরানের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের আরকিউ-১৭০ নামের একটি ড্রোন বিমান আটক করে। তেহরান দাবি করেছে, আফগান সীমান্তবর্তী এলাকা দিয়ে ড্রোনটি ইরানের আকাশসীমা লঙ্ঘন করলে ইলেকট্রনিক কৌশল প্রয়োগ করে তারা সেটিকে আটক করে। তবে যুক্তরাষ্ট্রের দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে ড্রোনটি ইরানের কবজায় চলে গেছে।ইরানের কবজায় থাকা ড্রোনটি ফেরত পেতে তেহরানের কাছে ইতিমধ্যেই অনুরোধ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে যুক্তরাষ্ট্রের এ অনুরোধ প্রত্যাখ্যান করেছে তেহরান।