এবার সুপ্রিম কোর্টের রায়ও উপেক্ষা করছে বিটিসিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিফোন এক্সচেঞ্জ স্থাপনের ৪০০ কোটি টাকার কাজ নিয়ে এবার সুপ্রিম কোর্টের রায়ও উপেক্ষা করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। এ জন্য তথ্য গোপন করে আইন মন্ত্রণালয় থেকে মতামত সংগ্রহ করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, টেলিযোগাযোগ নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের অধীন টেলিফোন এক্সচেঞ্জ স্থাপনের এই কাজ (লট ‘এ’) ‘পছন্দের’ প্রতিষ্ঠান মারুবেনি-কেটিকে দেওয়ার জন্য দরপত্রের শর্ত, সরকারি ক্রয় আইন ও বিধি লঙ্ঘন করেছিল বিটিসিএল। এর আগে একই প্রকল্পের লট ‘বি’-এর অধীন (অপটিক্যাল ফাইবার লাইন স্থাপন) ২০০ কোটি টাকার কাজ একই প্রতিষ্ঠানকে দিতে সব নিয়মকানুন লঙ্ঘন করেছিল বিটিসিএল। প্রভাবশালী একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন, বিটিসিএলের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত, মন্ত্রণালয়ের নির্দেশ, এমনকি হাইকোর্টের রায়ও থামাতে পারেনি বিটিসিএলকে। সুপ্রিম কোর্টের রায়ে ওই তৎপরতা বন্ধ হয়।সর্বশেষ লট ‘এ’-এর (টেলিফোন এক্সচেঞ্জ স্থাপন) দরপত্র প্রক্রিয়াকরণে ক্রয় আইন ও বিধিমালার লঙ্ঘন, উচ্চ আদালতের রায় না মানা এবং দরপত্রের শর্ত ভঙ্গ করে দরমূল্য পরিশোধে মুদ্রা পরিবর্তনে সরকারের ৫০ কোটি টাকা ক্ষতির বিষয়ে পরিচালনা পর্ষদের সভায় একজন সদস্য আপত্তি জানান। কিন্তু তা কার্যবিবরণী থেকে গায়েব করে দেওয়া হয়। পরে তিনি লিখিত আপত্তিপত্র দেন। এ নিয়ে বিতর্ক উঠলে গত ১৩ মার্চ বিটিসিএলের পরিচালনা পর্ষদের ৮৭তম সভায় একটি যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়। কমিটি প্রতিবেদন নিয়ে গত ৪ মে পরিচালনা পর্ষদের ৮৯তম সভায় আলোচনাও হয়।প্রতিবেদনে বলা হয়, তিনজন প্রাক-যোগ্য দরদাতার অংশগ্রহণে একটি প্রতিযোগিতামূলক দরপত্র নিশ্চিত না করে ক্রয় আইন ও বিধিমালার লঙ্ঘন, সর্বোচ্চ আদালতের নির্দেশনা অমান্য করা, দরপত্রের শর্ত ভঙ্গ করে ভিন্ন মুদ্রায় দরমূল্য গ্রহণ এবং তা পরিশোধে মুদ্রা পরিবর্তন করাসহ যেসব বেআইনি পদক্ষেপের কথা পরিচালনা পর্ষদ সদস্যের আপত্তিপত্রে বলা হয়েছে, তা অত্যন্ত যৌক্তিক।প্রতিবেদনে আরও বলা হয়, সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায় অনুযায়ী এ প্রকল্পে ক্রয় আইন ও বিধিমালা প্রযোজ্য এবং সে অনুযায়ী ‘দেশের স্বার্থে’ কমপক্ষে তিনটি প্রাক-যোগ্য প্রতিষ্ঠান নিয়ে প্রতিযোগিতামূলক দরপত্র হওয়া বাধ্যতামূলক। লট ‘বি’-এর বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকা অবস্থায় লট ‘এ’-এর বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া উচিত হয়নি। এখন সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন তা পুরো প্রকল্পের ওপরই প্রযোজ্য। একই প্রকল্পের অধীন লট ‘এ’ দেশের সর্বোচ্চ আদালতের দেওয়া নির্দেশনার বিপরীতে চলতে পারে না।এসব কথা অবশ্য গত বছর ৭ আগস্ট হাইকোর্টের দেওয়া রায়েও উল্লেখ ছিল। ওই রায়ের বিরুদ্ধে আপিল করে বিটিসিএল। প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতভাবে বিটিসিএলের আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন এবং উল্লিখিত বিষয়গুলো বিশেষভাবে উল্লেখ করেন। গত ৭ ফেব্রুয়ারি দেওয়া সুপ্রিম কোর্টের রায়ে, হাইকোর্টের রায়ের কথা উল্লেখ করে এ-ও বলা হয়, বিটিসিএল ‘পরিষ্কার হাতে’ আদালতে আসেনি।পরিচালনা পর্ষদের ৮৯তম সভার কার্যবিবরণী পর্যালোচনা করে দেখা যায়, যাচাই-বাছাই কমিটির প্রতিবেদন এবং সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী যে পুরো প্রকল্পে সরকারি ক্রয় আইন ও বিধিমালার প্রযোজ্য এবং তদানুযায়ী একই প্রকল্পের অধীন লট ‘এ’ সর্বোচ্চ আদলতের দেওয়া নির্দেশনার বিপরীতে চলতে পারে না, তা সবাই স্পষ্ট অনুধাবন করতে পেরেছেন। তার পরও ওই সভায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়।জানা গেছে, আইনমন্ত্রী ও মন্ত্রণালয়ের সচিব দুজনই যখন দেশের বাইরে ছিলেন, তখন এই মতামত সংগ্রহের জন্য তৎপরতা চালানো হয়। জানতে চাইলে আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (মতামত) আবু আহমেদ জমাদার গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘বিটিসিএল সুপ্রিম কোর্টের রায়ের ওপর মতামত চেয়েছে, আমরা মতামত পাঠিয়ে দিয়েছি।’ তবে কী মতামত দেওয়া হয়েছে, তা তিনি স্মরণ করতে পারেননি বলে দাবি করেন।বিটিসিএলের একটি সূত্র জানায়, আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়ার কথা আদালতে যাওয়ার আগে। তা না নিয়ে এখন রায়ের ওপর যে মতামত নেওয়া হয়েছে, এটা করতে গিয়ে মন্ত্রণালয়ের আদেশ, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত, তদন্ত কমিটির প্রতিবেদন, আদালতের রায়ের প্রাসঙ্গিক কথা গোপন এবং কিছু অসত্য তথ্য যুক্ত করা হয়েছে বলে সূত্র দাবি করেছে।এ ব্যাপারে বক্তব্য জানতে প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলে বিটিসিএলের এমডি মো. কলিমুল্লাহ জানান, তিনি এ বিষয়ে কোনো কথা বলবেন না।প্রসঙ্গত, ‘এবার ৪০০ কোটি টাকার কাজ নিয়ে ঘোট পাকাচ্ছে বিটিসিএল’ শিরোনামে গত ২৮ ফেব্রুয়ারি প্রথম আলোতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এর আগে গত বছরের ৫ জুন ২০০ কোটি টাকার লট ‘বি’-এর কাজ নিয়ে নানা অনিয়ম নিয়েও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়; যা পরে বিটিসিএলের পর্ষদের গঠিত কমিটির প্রতিবেদন ও সুপ্রিম কোর্টের রায়ে প্রমাণিত হয়।এত কিছুর পরও এসব অনিয়ম-দুর্নীতি ও রাষ্ট্রের আর্থিক ক্ষতির চক্রান্তে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো উদ্যোগ কর্তৃপক্ষ নেয়নি। উল্টো অনিয়মকে বৈধতা দেওয়ার জন্য বিটিসিএল বেপরোয়া পদক্ষেপ অব্যাহত রেখেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিযোগ করেছেন।বিটিসিএলের কাগজপত্র ঘেঁটে জানা যায়, লট ‘এ’ ও ‘বি’-এর কাজের জন্য ২০১১ সালে প্রাক-যোগ্যতার একটি দরপত্র আহ্বান করা হয়। ওই বছরের নভেম্বরে লট ‘বি’ এবং পরের বছর মার্চে লট ‘এ’-এর জন্য দুটি ছাড়া অংশগ্রহণকারী বাকি সব প্রতিষ্ঠানকে প্রাক-যোগ্যতা থেকে বাদ দেওয়া হয়। সে দুটি প্রতিষ্ঠান হলো যৌথ উদ্যোগের কোম্পানি মারুবেনি-কেটি ও জাপানের এনইসি করপোরেশন। এই দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে গত বছরের জুনে লট ‘এ’-এর দরপত্র আহ্বান করা হয়।এদিকে প্রাক-যোগ্য পর্যায় থেকে বাদ দেওয়ায় তুরস্কের প্রতিষ্ঠান নাটাস রিভিউ প্যানেলে আবেদন করে এবং জয়ী হয়। বিটিসিএল এই প্রকল্পে সরকারি ক্রয় আইন ও বিধিমালা প্রযোজ্য নয় এই মর্মে হাইকোর্টে রিট আবেদন করে। নাটাসও আদালতে যায়। শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালতে বিটিসিএল হেরে যায় ও নাটাসকে প্রাক-যোগ্য ঘোষণা করা হয়। সুপ্রিম কোর্টের রায়ের ফলে জাপানের আর্থিক সহায়তার এ প্রকল্পটির (লট ‘এ’ ও ‘বি’) পুনঃ দরপত্র আহ্বান করা অবশ্যম্ভাবী হয়ে উঠেছে।