এবার সোমালিয়ার জলদস্যুদের কবলে তেলবাহী জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ার জলদস্যুরা গত শনিবার উত্তর ভারত মহাসাগর এলাকা থেকে একটি তেলবাহী জাহাজ ছিনতাই করেছে। ‘এমটি জুব্বা এক্সএক্স’ ট্যাংকারটিতে তিন বাংলাদেশিসহ মোট ১৬ জন নাবিক রয়েছেন। ইইউ নেভাল ফোর্সের ওয়েবসাইটে গতকাল সোমবার এ খবর প্রকাশ করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, জাহাজটি ওমানের মিনা কাবুজ বন্দর থেকে সোমালিয়ার বারবেরা বন্দরে যাওয়ার পথে ছিনতাই হয়। এটি সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী। গতকাল সর্বশেষ খবরে জানা গেছে, জাহাজটিকে এখন সোমালিয়া উপকূলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। জাহাজের বাংলাদেশি নাবিকদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। স্থানীয় সমুদ্র পরিবহন কার্যালয়, নাবিকদের তিনটি সংগঠনের নেতারাও তা ৎ ক্ষণিক বাংলাদেশি নাবিকদের পরিচয় নিশ্চিত করতে পারেননি।ওয়েবসাইট সূত্রে জানা গেছে, বাংলাদেশি তিন নাবিক ছাড়াও জাহাজটিতে ভারতের পাঁচজন, সোমালিয়ার চারজন এবং একজন করে মিয়ানমার, কেনিয়া, সুদান ও শ্রীলঙ্কার নাবিক রয়েছেন।যোগাযোগ করা হলে সমুদ্র পরিবহন কার্যালয়ের শিপিং মাস্টার শামীম উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, যে সংস্থার মাধ্যমে নাবিকেরা নিয়োগ পেয়েছেন, তারা প্রতিবেদন দেওয়ার পর বাংলাদেশি নাবিকদের পরিচয় শনাক্ত করা যাবে। সোমবার (গতকাল) সরকারি ছুটি থাকায় কেউ অভিযোগ করেনি। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন ফয়সাল আজিম প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশি নাবিকদের পরিচয় জানতে চেষ্টা করছি। তবে এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’জলদস্যুতা পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর হিসাব অনুযায়ী, ১৩ জুলাই পর্যন্ত এ বছর মোট ২৬টি জাহাজ ছিনতাই হয়েছে। এর মধ্যে ২১টিই ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, জুব্বা এক্সএক্সসহ বর্তমানে সোমালিয়ার জলদস্যুদের হাতে ২৪টি জাহাজ রয়েছে। এ সব জাহাজে জিম্মি আছেন ৪৫৫ জন।জানা গেছে, এর আগে বাংলাদেশি পতাকাবাহী এমভি জাহান মণির ২৫ নাবিকসহ ২৬ জন, এমভি মারগুয়েরাইটে দুজন এবং আরেকটি জাহাজের সাতজন বাংলাদেশি নাবিককে জিম্মি করেছিল জলদস্যুরা। এর মধ্যে ২৮ জন নাবিক মুক্ত হয়েছেন।