এবার সোমালীয় জলদস্যুর কবলে দক্ষিণ কোরিয়ার জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালীয় জলদস্যুরা এবার দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী একটি জাহাজ ছিনতাই করেছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে গতকাল শনিবার এ কথা জানানো হয়েছে।সামহো জুয়েলারি নামে রাসায়নিক পণ্যবাহী ওই জাহাজটি শ্রীলঙ্কা থেকে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছিল। জাহাজটি আরব সাগরে জলদস্যুদের কবলে পড়ে বলে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে।দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে, ছিনতাই হওয়া জাহাজটি উদ্ধারের ব্যাপারে দেশটির মন্ত্রিসভা জরুরি বৈঠক করেছে। উদ্ধারপ্রক্রিয়া ত্বরান্বিত করতে তারা এরই মধ্যে দুটি দল গঠন করেছে।সাড়ে ১১ হাজার টন ওজনের সামহো জুয়েলারি জাহাজটিতে আটজন কোরিয়ান, দুজন ইন্দোনেশিয়ান ও ১১ জন মিয়ানমারের নাবিক রয়েছেন। সামহো জুয়েলারি জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজের অবস্থান সম্পর্কে তারা অবগত এবং অপহূত হওয়া নাবিকেরা সুস্থ আছেন।এর আগে গত বছরের নভেম্বর মাসে ৯৫ লাখ মার্কিন ডলার মুক্তিপণ দিয়ে সামহো ড্রিম নামে দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী অন্য একটি জাহাজ সোমালীয় জলদস্যুদের হাত থেকে ছাড়া পায়। রয়টার্স।