অন্যান্য বছরের তুলনায় এবার হজযাত্রীর সংখ্যা অনেক বেড়ে গেছে। ফলে যাত্রীদের পরিবহনে বাংলাদেশ বিমানসহ বিভিন্ন বিমান সংস্থাকে গতবারের চেয়ে দ্বিগুণ ফ্লাইট পরিচালনা করতে হবে। আর উড়োজাহাজের জ্বালানির জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) স্বাভাবিকের চেয়ে মাসে অন্তত ১৫-১৬ হাজার মেট্রিক টন বেশি তেল সরবরাহ করতে হবে। বিপিসি এই বাড়তি তেল আমদানির ব্যবস্থা করলেও তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরবরাহ করা নিয়ে বিপাকে পড়েছে। কারণ ঢাকায় দ্বিগুণ জ্বালানি মজুদের মতো অবকাঠামোগত সুবিধা বিপিসির নেই।আগামী মাসের প্রথম সপ্তাহে হজ ফ্লাইট শুরুর কথা। এবার বাংলাদেশ থেকে প্রায় ৯৫ হাজার মানুষ হজ পালন করতে যাচ্ছেন। গতবার হজযাত্রীর সংখ্যা ছিল প্রায় ৫৫ হাজার।বিপিসির পক্ষে একমাত্র পদ্মা অয়েল কোম্পানি জেট ফুয়েল মজুদ ও সরবরাহ করে। প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেন, জ্বালানি তেলের মধ্যে জেট ফুয়েল সবচেয়ে স্পর্শকাতর। এই তেল সরবরাহে সতর্কতার পাশাপাশি মজুদের জন্য বিশেষ ট্যাংক লাগে। বিপিসি ও পদ্মা অয়েলের বিদ্যমান সুবিধা অনুযায়ী ঢাকায় মাত্র দুই দিনের এবং গোদনাইলে তিন দিনের প্রয়োজনীয় জেট ফুয়েল মজুদ রাখা সম্ভব।বিপিসি সূত্র জানায়, চট্টগ্রাম থেকে দেশীয় ছোট ছোট ট্যাংকারে প্রথমে নদীপথে নারায়ণগঞ্জের গোদনাইল ডিপোতে উড়োজাহাজের তেল পাঠানো হয়। পরে ওই ডিপো থেকে সড়কপথে ট্যাংক লরিতে পাঠানো হয় ঢাকার জরুরি তেল ডিপোতে। সেখান থেকে বিমানবন্দরে তেল সরবরাহ করা হয়।বিপিসির কর্মকর্তারা বলেন, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে হজ ফ্লাইট চালু হলে দিনে সরবরাহ করতে হবে অন্তত এক হাজার ৩০০ থেকে দেড় হাজার মেট্রিক টন জ্বালানি। বর্তমানে শাহজালাল বিমানবন্দরে প্রতিদিন ৮০০ মেট্রিক টন জেট ফুয়েল সরবরাহ করা হয়। হজ ফ্লাইটের তেল সরবরাহের জন্য বিমানবন্দরে বাড়তি রিফুয়েলিং হাইড্রেন্ট এবং ভ্রাম্যমাণ সরবরাহ যন্ত্র (ডিসপেন্সার) লাগবে। এ ছাড়া চট্টগ্রাম থেকে তেল পাঠানোর জন্য বাড়তি ট্যাংকার এবং গোদনাইল থেকে ঢাকায় নিতে বাড়তি ট্যাংক লরি লাগবে।সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাড়তি জেট ফুয়েল মজুদ রাখার মতো ব্যবস্থা গোদনাইল কিংবা ঢাকার কুর্মিটোলার ডিপোতে নেই। ফলে কিছু তেল নদীপথের ট্যাংকারে কিংবা স্থলপথের ট্যাংক লরিতে মজুদ রাখতে হবে। এসব বিষয় নিয়ে গতকাল সোমবার বিপিসির পরিচালক (অপারেশনস ও পরিকল্পনা) সৈয়দ মোহাম্মদ মোজ্জাম্মেল হকের দপ্তরে পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ হোসেন চৌধুরীসহ অন্য কর্মকর্তারা বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, হজ ফ্লাইট শুরু হলে গোদনাইল ডিপোর ঘাটে জেট ফুয়েল ভর্তি অন্তত দুটি জাহাজ সার্বক্ষণিক দাঁড় করিয়ে রাখা হবে। এভাবে হজ ফ্লাইটের দুই মাস কাজ করতে হবে।বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, ঢাকায় বিমানবন্দরের চারটি রিফুয়েলিং হাইড্রেন্ট সব সময় সচল এবং চারটি ডিসপেন্সারকে পুরোদমে চালু রাখতে হবে। বর্তমানে দুটি ডিসপেন্সার নষ্ট। তবে এসব আপৎকালীন ব্যবস্থা কতটুকু কার্যকর হবে, তা নিয়ে খোদ বিপিসি এবং পদ্মা অয়েল কোম্পানির কর্মকর্তারা সংশয়ে আছেন।বিপিসির পরিচালক মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘রাতারাতি বাড়তি সুবিধা তৈরি সম্ভব নয়। এ জন্য বিদ্যমান সুবিধা কাজে লাগিয়ে সব হজ ফ্লাইটে তেল সরবরাহের ব্যবস্থা নিচ্ছি। প্রয়োজন হলে আমরা বিমানবাহিনীর কাছ থেকে সহায়তা নেব।’