এবার হবে গতির খেলা
গতি আর স্কিলের মিশেলগত বিশ্বকাপ আর এই বিশ্বকাপের সবচেয়ে বড় পার্থক্য কী হবে? আমার ধারণা, এবার গতি আরও বেশি থাকবে। এর কারণ, খেলোয়াড়েরা ইউরোপিয়ান আবহাওয়াটা পাবেন দক্ষিণ আফ্রিকায়। সঙ্গে ট্যাকটি-ক্যালি নতুন কিছু আশা করছি। শুরুর দিকে আগের বারের চেয়ে খুব একটা পার্থক্য হয়তো বোঝা যাবে না। তবে খেলা পুরোদমে শুরু হলে এই জিনিসটা আলোচনায় আসবে। গতিময় ফুটবলে সাধারণত স্কিল অত বেশি থাকে না। তবে এবার গতির সঙ্গে ভালো স্কিলও প্রত্যাশা করছি।চমক বেশি থাকবে নাপ্রতিষ্ঠিত দলগুলোর পা হড়কানোর আশঙ্কা উড়িয়ে দেব না। তবে এক-দুটির বেশি অঘটন ঘটার আশঙ্কা কম। সাধারণভাবে যারা শিরোপার বড় দাবিদার এবং বাছাইপর্বে ভালো করে এসেছে; তারাই ভালো করবে।এশিয়ার দলগুলো কিছু করে ফেলবে—এমন আশা নেই। তবে আফ্রিকার কয়েকটা দল ভালো কিছু করেও ফেলতে পারে। আইভরি কোস্ট, ক্যামেরুন, ঘানা—এরা কিছু করলে সেটা অবশ্য অপ্রত্যাশিত হবে না। নিজেদের মহাদেশে খেলা আর শারীরিক সক্ষমতা ওদের বড় পুঁজি। তবে টেম্পারমেন্টে সমস্যা আছে। একটা জায়গা পর্যন্ত গিয়ে ওরা থেমে যাবে।ছন্দের প্রত্যাশাদলগুলো যেসব খেলোয়াড়ের ওপর ভরসা করছে, দেখা গেল প্রত্যাশা অনুযায়ী তাঁরা খেলতে পারলেন না। তাঁদের ছন্দ খুব ভালো, কিন্তু কোনো কারণে পা পিছলে গেল বা ক্লান্তি ভর করল (এটা বড় ব্যাপার নয়)। তারকাদের কাছ থেকে যেটা দেখব বলে আশায় আছি, চূড়ান্ত পর্যায়ে ছন্দে সমস্যা দেখা দিলে সেটা না-ও দেখতে পারি। এ জন্যও প্রস্তুত থাকতে হবে।জাল বিছাবেন কোচরাপ্রতিষ্ঠিত ও ধারাবাহিক ভালো খেলা দলগুলোরই শেষ চার বা দুইয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। বিশেষ দিনে ছোট কোনো দল অপ্রত্যাশিত কিছু ঘটিয়ে ফেললে ভিন্ন কথা। সেটা হতেও পারে। কেননা, কোচরা এখন এমন কৌশল নেন, তারকা খেলোয়াড়রা জালে আটকে যেতে পারেন, যার পরিণামে দলও হোঁচট খেতে পারে।এর মধ্যেই অসাধারণ পারফরম্যান্স দিয়ে বেরিয়ে যেতে চাইবেন তারকারা। যেমন লিওনেল মেসি। প্রতিপক্ষ চাইবে তাঁর স্বাভাবিক খেলা ব্যাহত করতে। তিনি সেই সুযোগ দেবেন না। ওয়েইন রুনি বা ক্রিস্টিয়ানো রোনালদোরাও একইভাবে জাল ছিঁড়ে বেরিয়ে যেতে চাইবেন। ওদিকে তাঁদের দৌড়ানোর জায়গাই হয়তো দেবে না প্রতিপক্ষ। দৌড় শুরু করার জায়গাটা আটকে দেবে। বিশ্বকাপে এই ব্যাপারগুলো ঘটবেই।বরাবরের মতোই ব্রাজিল!ব্রাজিলকে অনেকেই এগিয়ে রাখছেন। সেটাই স্বাভাবিক। সর্বশেষ কোপা আমেরিকা জিতল তারা, কনফেডারেশনস কাপও। বাছাইপর্বে ভালো খেলেছে কার্লোস দুঙ্গার ব্রাজিল। সব মিলিয়ে ফর্মটা ভালো যাচ্ছে তাদের। দুঙ্গার অধীনে বছর চারেক ধরে যে দলটি খেলছে, বিশ্বকাপে প্রায় সেই দলটাই আছে। লুসিও-হুয়ান বা আরও এক-দুজন ছাড়া দলটি তরুণই। তরুণ দল বলেই নয়, ব্রাজিল নামটাই ফেবারিট।ফেবারিট হিসেবে একটি দলের নাম বলতে পারব না, যদিও আমি ব্রাজিল-সমর্থক। ব্রাজিল একটা জায়গায় গিয়ে পা হড়কাতে পারে, যা মোটেও অস্বাভাবিক কিছু নয়। অতীতে এর নজির না থাকলে ব্রাজিলের বিশ্বকাপ সাফল্য থাকত আরও বেশি। ব্রাজিল খেলোয়াড়েরা এখন ইউরোপে বেশি খেলছেন। তাই লাতিন আর ইউরোপীয় ছোঁয়া মিশে গেছে তাঁদের খেলায়। এখন খেলাটা কৌশলগত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, ছন্দ-টন্দ হলো আপেক্ষিক বিষয়।একটি উদাহরণইন্টার মিলান এবার চ্যাম্পিয়নস লিগের প্রথম সেমিফাইনালে বার্সেলোনার সঙ্গে জিতল রক্ষণে তিনটি দেয়াল তুলে। হোসে মরিনহো বার্সাকে যেন চ্যালেঞ্জ ছুড়েছিলেন, ‘এই দেয়াল ভেদ করে আস, তারপর পারলে কিছু কর...।’ প্রতি আক্রমণে গিয়ে গোল করে এসেছে ইন্টার। দ্বিতীয় লেগে বার্সেলোনা দুই গোলে জিতলে ফাইনালে চলে যায়, করতে পারল এক গোল। খেলা ভালো লাগেনি, ইন্টার মিলান এটা কী করেছে...অনেকে এসব ভেবেছেন হয়তো। কিন্তু ইন্টার তাদের কাজটা কিন্তু ঠিকই করে গেছে। এটাই এখনকার ফুটবল।বল পজেশনে স্পেন?স্পেন এবার আর ‘কালো ঘোড়া’ নয়। খুব ভালো খেলেই মূল মঞ্চে এসেছে তারা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছে। বাছাইপর্বে একটিও ম্যাচ হারেনি, টানা ৩৫ ম্যাচ অপরাজিত থেকে ছুঁয়েছে ব্রাজিলের টানা অপরাজিত থাকার রেকর্ড। গোছানো নিরেট একটি দল স্পেন। বল পজেশন বেশি রাখার সামর্থ্য এই মুহূর্তে সবচেয়ে বেশি মনে হয় ওদেরই।ফার্নান্দো তোরেস, ডেভিড ভিয়া—এখন এঁদের মতো ভালো ফিনিশারও আছেন। মাঝমাঠে আছেন সময়ের অন্যতম দুই সেরা তারকা জাভি হার্নান্দেজ ও আন্দ্রেস ইনিয়েস্তা। তবে আসল সময়ে কী করতে পারবে স্পেন, দেখার বিষয়। এখন পর্যন্ত বিশ্বকাপ জিতেছে ৭টি দল। এই তালিকায় আরেকটি দল এবার যোগ হলে সেটি স্পেনই।আর্জেন্টিনা বদলে গেছেপুরো বাছাইপর্ব খুঁড়িয়ে খুঁড়িয়েই কেটেছে আর্জেন্টিনার। তবে সময়ের সঙ্গে তাদের অবস্থা এখন ভালো। আক্রমণ ভাগটা বেশ শক্তিশালী। মাঝমাঠও ভালো। রক্ষণে অবশ্য সমস্যা রয়ে গেছে। তার পরও আর্জেন্টিনা ভালোই করার কথা। বিশ্বকাপ জিতবে কি না বলা কঠিন, তবে হিসাবের বাইরের দল নয় তারা।ইংল্যান্ডকে আহামরি মনে হয়নি১৯৬৬ সালের পর দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জেতার জন্য উন্মুখ ইংল্যান্ড। ওয়েইন রুনি, স্টিভেন জেরার্ড, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, জন টেরি, রিও ফার্ডিনান্ডদের নিয়ে দলটি ভালো। ফ্যাবিও ক্যাপেলোর মতো দুর্দান্ত একজন কোচ আছেন। সংবাদমাধ্যমেও ওদের নিয়ে খুব কথাবার্তা হচ্ছে। তবে মেক্সিকোর সঙ্গে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে দেখে খুব আহামরি দল মনে হয়নি। হয়তো তারা হালকা মেজাজে ছিল। ইনজুরি-টিনজুরির ভয়ে রয়েসয়ে খেলে থাকতে পারে। বিশ্বকাপের মঞ্চে সর্বস্ব উজাড় করেই তারা খেলবে—এটা জানা। তবে কতদূর যেতে পারে, দেখার আগ্রহ থাকল।ইতালি অবজ্ঞার নয়ইতালি টেকটিক্যালি ভালো। তবে মার্সেলো লিপ্পি দলে বয়সী খেলোয়াড় বেশি নিয়ে নিয়েছেন। যদিও এটা ঠিক, বিশ্বকাপে সর্বোচ্চ ৭টি ম্যাচই খেলতে হবে, ৫০টি নয়। তাই বয়সী খেলোয়াড় বেশি থাকলেও খুব একটা ক্ষতি নেই—এই যুক্তিও মানতে হবে। তাই ইতালিকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই।জার্মানি মানসিকভাবে সব সময়ই খুব শক্তিশালী। শেষ মিনিট পর্যন্ত বোঝা কঠিন, ওরা কী করবে। জাতিগতভাবেই ওরা এ রকম। তবে বর্তমান দলটিকে স্কিলফুল খেলোয়াড় কম, যদিও টেকটিক্যালি ভালো। বিশ্বকাপ শুরুর আগেই চোটের কাছে অধিনায়ক মাইকেল বালাককে হারাতে হয়েছে জার্মানিকে।আরিয়েন রোবেন, মার্ক ফন বোমেল, ওয়েসলি স্নাইডার, রাফায়েল ফন ডার ভার্ট—নেদারল্যান্ডে ভালো কিছু খেলোয়াড় আছেন। ওদের সমস্যার নাম দল হিসেবে জ্বলে উঠতে না পারা। শেষের দিকে এসে খেই হারিয়ে ফেলে ওরা।সেরা হবে কে, মেসি?বিশ্বকাপটা কার হবে? এখন পর্যন্ত মনে হচ্ছে মেসির সম্ভাবনাই বেশি। ক্রিস্টিয়ানো রোনালদো আছেন। তবে তাঁর দল পর্তুগাল মনে হয় বেশি এগোতে পারবে না। এই অনুমান অসত্য করে পর্তুগাল অনেক দূর গেলে সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে রোনালদো-ও আছেন। হয়তো দেখব লুইস ফ্যাবিয়ানোকেও। ছোট দলের কোনো খেলোয়াড়ও ভালো খেলে লড়াইয়ে চলে আসতে পারে। দিদিয়ের দ্রগবার কথাই ধরুন। তবে এখন পর্যন্ত মেসির দিকেই চোখ সবার।চার-পাঁচ বছর ধরে মেসি ভালো ফুটবল খেলছেন। তিনি খুব ধারাবাহিকও। অনেক গোছানো। এই বয়স আর এই উচ্চতা নিয়ে তিনি যা করছেন, সেটা অসাধারণ। ছন্নছাড়া হয়ে যাওয়ার ছেলে নন তিনি। তাঁর ম্যাচের অবস্থা বুঝে ফেলার সামর্থ্যটা দারুণ। বলটা কোন জায়গায় যেতে পারে, কোন পজেশনে গেলে বলটা পাওয়া যাবে বা কোন পজেশনে গেলে যাঁর কাছে বল আছে তাঁর পক্ষে বল ছাড়া সুবিধাজনক হবে; এগুলো খুব ভালো বুঝতে পারেন মেসি।মেসি এক-দুজন খেলোয়াড়কে যখন-তখন ছিটকে ফেলতে পারেন। এতে দলের যে কত উপকার হয়, যাঁরা খেলেন তাঁরা বুঝতে পারেন। একজন খেলোয়াড়কে ছিটকে ফেললে প্রতিপক্ষ হয়ে গেল ১০ জনের, দুজনকে ছিটকে ফেললে ৯ জন। আর নিজেরা ১১ জন। মেসি এ কারণেই দলের এত গুরুত্বপূর্ণ সম্পদ।সেরা ট্যাকটিশিয়ানইংল্যান্ড কোচ ফ্যাবিও ক্যাপেলো ভালো ট্যাকটিশিয়ান। খুব ভালো ট্যাকটিশিয়ান হিসেবে দুঙ্গা এখনো তেমন পরিচিত নন, তবে হাতে থাকা সম্পদ সঠিকভাবে ব্যবহার করতে পারছেন। যে কারণে তিনি এখন আলোচনায় আসছেন। প্রতিপক্ষ বুঝে ছক কষায় সিদ্ধহস্ত ইতালির কোচ লিপ্পি। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ব্রাজিলিয়ান কোচ কার্লোস আলবার্তো পাহেইরাও ভালো ট্যাকটিশিয়ান। শেষ পর্যন্ত সাফল্য যিনি পাবেন, মানুষ তাঁকেই বলবে সেরা ট্যাকটিশিয়ান। এটাই নিয়ম—এ পৃথিবী বিজয়ীরই জয়গান গায়।ম্যারাডোনার সুবিধা-অসুবিধাছিয়াশির বিশ্বকাপ আর্জেন্টিনাকে একাই জিতিয়েছেন ম্যারাডোনা...এটা তাঁর জন্য বিরাট ব্যাপার। খেলোয়াড়দের কাছ থেকে যে সমীহটা তিনি আদায় করতে পারছেন, সেটি তাঁর বাড়তি সুবিধা। ম্যারাডোনার মধ্যে অসাধারণ অনেক কিছু আছে। তবে খেলোয়াড়দের কাছে সবকিছু যদি ‘ম্যারাডোনার’ মতো করে চান, সেটা সমস্যা হতে পারে। ম্যারাডোনাকে বুঝতে হবে, সবাই তো ম্যারাডোনা নন!