এবার হালুয়াঘাটে ৩৯৫টি গুলি উদ্ধার
এবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের ভারত সীমান্তবর্তী পশ্চিম বোয়ালমাড়া গ্রাম থেকে ৩৯৫টি গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে হালুয়াঘাট থানার পুলিশ এসব গুলি উদ্ধার করে।এর আগে গত মঙ্গলবার ভোরে পার্শ্ববর্তী শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গজনী এলাকা থেকে রাইফেলের ৩৭৬টি গুলি উদ্ধার করা হয়।হালুয়াঘাট থানা সূত্রে জানা গেছে, দুপুর একটার দিকে ওই গ্রামের চৌকিদার দুলাল মিয়া বোড়াঘাট নদীতে গরুকে গোসল করানোর সময় তিনি পায়ে ধাতব বস্তুর স্পর্শ পান। পরে তিনি ডুব দিয়ে প্লাস্টিকের ভারী একটি ব্যাগ তুলে নদীর পাড়ে নিয়ে আসেন। ব্যাগটি খোলার পর তিনি প্রচুর গুলি দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ গিয়ে গুলিভর্তি ব্যাগটি উদ্ধার করে। এ সময় হালুয়াঘাট উপজেলার ভাইস চেয়ারম্যান আবদুর রাজ্জাক, গাজীরভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনসহ স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। পুলিশ জানায়, উদ্ধার করা এসব গুলি রাইফেল, এসএলআর ও এলএমজির।গতকাল বিকেলে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম জানান, উদ্ধার করা গুলি ভারতীয় বিচ্ছিন্নতাবাদী কোনো সংগঠনের নাকি দেশের কোনো অস্ত্র ব্যবসায়ীর, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।এ ব্যাপারে গৌরীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুুল হান্নান বলেন, সীমান্তবর্তী পাশাপাশি দুটি এলাকা থেকে পর পর গুলি উদ্ধারের ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।