রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সাংসদের তাণ্ডবের ঘটনায় এবার সাংসদের পক্ষে জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি সামছুল আলম বাদী হয়ে মামলা করেছেন। গতকাল মঙ্গলবার রাতে দায়ের করা এই মামলায় হাসপাতালের পরিচালকসহ নয়জনকে আসামি করা হয়েছে।এর আগে গত শনিবার রাতে সাংসদ হোসেন মকবুল শাহরিয়ারকে প্রধান আসামি করে হাসপাতালের কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক আনিছুল হক ও মশিউর রহমান বাদী হয়ে একটি মামলা করে।এদিকে এ ঘটনায় পুলিশ আহত হওয়ায় তাদের পক্ষ থেকেও একটি মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়। গত শনিবার দুপুরে হাসপাতালের ১৮১ জন কর্মচারী নিয়োগে ৪০ জনের চাকরি কোটা বরাদ্দের দাবিতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের ভাতিজা ও তাঁর দলের সাংসদ হোসেন মকবুল শাহরিয়ারের (আসিফ শাহরিয়ার) নেতৃত্বে লাঠিসোঁটা নিয়ে কয়েকটি ট্রাকে করে কয়েক শ লোক হাসপাতালের পরিচালকের কার্যালয় ঘেরাও করতে গেলে সংঘর্ষ বেধে যায়। এতে সাংসদসহ আরও অনেকে আহত হন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, পরিচালক ছাড়া এই মামলায় যাঁদের আসামি করা হয়েছে, তাঁদের মধ্যে কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক আনিছুল হক ও মশিউর রহমান, হাসপাতালের যন্ত্রপাতি সরবরাহের ঠিকাদার মিঠু রয়েছে।হাসপাতালের পরিচালক তৌফিকুল ইসলাম ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোস্তফা বলেন, ‘পরিচালককে আসামি করে মামলা হয়েছে, তা শুনেছি। লাঠিসোঁটা নিয়ে হামলা করার ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হলো না।’ উপরন্তু ভয়ভীতি দেখানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।পুলিশ সুপার সালেহ মোহাম্মদ প্রথম আলো অনলাইনকে বলেন, হাসপাতাল ও সাংসদের পক্ষ থেকে পৃথক দুটি মামলা হয়েছে। ওই দিনের ঘটনার পুরো ভিডিও চিত্র দেখা হচ্ছে। ছবি দেখে শনাক্ত করে গ্রেপ্তার অভিযান চালানো হবে।