এবার হুমায়ূন আহমেদের টিভি নাটকে নিপুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রনায়িকা নিপুণ প্রথম অভিনয় করেন হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে সাজঘর চলচ্চিত্রে। ২০০৭ সালে মুক্তি পাওয়া এই ছবিতে অভিনয়ের জন্য নিপুণ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এবার তিনি অভিনয় করতে যাচ্ছেন হুমায়ূন আহমেদের রচনায় ছোট পর্দার একটি টিভি নাটকে। নাটকটির নাম রহিমার পতিগৃহে যাত্রা। নির্মাতা সূত্রে জানা গেছে, ২৩, ২৪ ও ২৫ অক্টোবর নুহাশপল্লীতে নাটকটির দৃশ্য ধারণের কাজ শুরু হবে। নিপুণ বলেন, ‘হুমায়ূন আহমেদের অন্ধভক্ত আমি। এরই মধ্যে তাঁর উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রে কাজ করেছি। কিন্তু নাটকে কাজ করা হয়নি। স্বপ্ন ছিল নাটকে কাজ করার। রহিমার পতিগৃহে যাত্রা নাটকে অভিনয় করার মধ্য দিয়ে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।’নিপুণ আরও বলেন, ‘হুমায়ূন স্যারের উপন্যাস কিংবা গল্প আমি নিয়মিতই পড়ি। দেশের বাইরে গেলে স্যারের বই-ই আমার সঙ্গী থাকে। সত্যিই আমি ভীষণ খুশি স্যারের রচনায় টিভি নাটকে কাজ করার সুযোগ পেয়ে।’ নাটকটির নির্দেশনা দেবেন জুয়েল রানা। নিপুণ ছাড়া নাটকটির অন্য অভিনয়শিল্পীরা হলেন—মনির খান শিমুল, আহমেদ রুবেল, তানিয়া আহমেদ প্রমুখ।