এবার ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় গ্রেপ্তার নিজামী
দশ ট্রাক অস্ত্র আটক মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার তদন্তকারী সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর হাকিম হোসাইন মোহাম্মদ ফজলুর বারী আজ বুধবার বেলা দুইটা ৫৫ মিনিটে শুনানির পর এ আদেশ দেন। একই সঙ্গে সিআইডির আরেক আবেদনের পরিপ্রেক্ষিতে নিজামীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে জিজ্ঞাসাবাদেরও অনুমতি দিয়েছেন আদালত। নিজামীর বিরুদ্ধে ১০ ট্রাক অস্ত্র আটক-সংক্রান্ত ঘটনা ধামাচাপার অভিযোগ আনা হয়। সিআইডি এই অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানায়। ২০০৪ সালের ২ এপ্রিল ভোরে সিইউএফএল জেটি ঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক হয়। এসব অস্ত্র উলফার জন্য আনা হয় বলে বিভিন্ন সাক্ষীর বক্তব্য থেকে জানা গেছে। এ ঘটনায় এরই মধ্যে ডিজিএফআই ও এনএসআইয়ের তত্কালীন শীর্ষস্থানীয় পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র আটকের সময় এনএসআইয়ের মহাপরিচালক ছিলেন ব্রিগেডিয়ার আবদুর রহিম ও তদন্ত চলাকালে ছিলেন মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার।