এবার ৩৩ হাজার ৪৮৪ কোটি টাকা ঋণ
২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতি পূরণের জন্য অভ্যন্তরীণ উত্স থেকে ৩৩ হাজার ৪৮৪ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে ২৩ হাজার কোটি টাকা। এর মধ্যে স্বল্পমেয়াদে চার হাজার ৬০০ কোটি এবং দীর্ঘমেয়াদে ১৮ হাজার ৪০০ কোটি টাকা। আর ব্যাংক-বহির্ভূত উত্স থেকে নেওয়া হবে ১০ হাজার ৪৮৪ কোটি টাকা। জাতীয় সঞ্চয় প্রকল্প থেকে সাত হাজার ৪০০ কোটি টাকা আর অন্যান্য খাত থেকে তিন হাজার ৮৪ কোটি টাকা। আজ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় ঘাটতি মেটাতে ঋণের এই পরিকল্পনার কথা তুলে ধরেন।ঘাটতি মেটাতে বৈদেশিক উত্স থেকে ২০ হাজার ৩৯৮ কোটি টাকা ঋণ নেওয়া হবে। এর মধ্যে সাত হাজার ৮৫৮ কোটি টাকা আগের নেওয়া ঋণের সুদাসল হিসেবে পরিশোধ করা হবে । তাই আগামী অর্থবছরে বৈদেশিক উত্স থেকে নিট ঋণ নেওয়া হবে ১২ হাজার ৫৪০ কোটি টাকা।