এবার ৪০০ কোটি টাকার কাজ নিয়ে ঘোঁট পাকাচ্ছে বিটিসিএল
২০০ কোটি টাকার কাজ একটি প্রতিষ্ঠানকে দিতে সব নিয়মকানুন, সিদ্ধান্ত ও আদেশ-নির্দেশ লঙ্ঘন করে বেপরোয়া পদক্ষেপ নিয়েছিল রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। পরে সর্বোচ্চ আদালত সে তৎপরতা থামিয়ে দিয়েছেন। এখন ওই প্রকল্পেরই ৪০০ কোটি টাকার আরেকটি কাজ (লট ‘এ’) একই প্রতিষ্ঠানকে দিতে আবার ঘোঁট পাকাচ্ছে বিটিসিএল। এই কাজ নিয়েও যদি কোনো পক্ষ আদালতে প্রতিকার চায়, তাহলে নতুন জটিলতা তৈরি হবে এবং বড় এই প্রকল্পের কাজ খুব সহজে শুরু করা কঠিন হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, টেলিযোগাযোগ নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের অধীন এক্সচেঞ্জ স্থাপনের এই কাজ (লট ‘এ’) ‘পছন্দের’ প্রতিষ্ঠানকে দেওয়ার জন্য দরপত্রের শর্ত, ক্রয় আইন ও বিধি, কোম্পানি আইন লঙ্ঘন এবং বিটিসিএলের পরিচালনা পর্ষদের বৈঠকে উত্থাপিত আপত্তি কার্যবিবরণী থেকে বাদ দিয়ে তাকে ‘সর্বসম্মত’ সিদ্ধান্ত হিসেবে দেখানো হয়েছে। এই প্রকল্পের অন্য অংশের (লট ‘বি’) জন্য দেওয়া সুপ্রিম কোর্টের রায়ও উপেক্ষা করা হয়েছে এই পদক্ষেপের মাধ্যমে। তুরস্কের প্রতিষ্ঠান নাটাসকে প্রাকযোগ্য পর্যায়ে বাদ দেওয়ায় তারা আদালতে যায় এবং আপিল বিভাগে বিটিসিএল হেরে যায়। ফলে নাটাসসহ বাকি প্রাকযোগ্য প্রতিষ্ঠানকে নিয়ে পুরো প্রকল্পটির পুনঃ দরপত্র আহ্বান অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। এখন লট ‘এ’ নিয়ে বিটিসিএলের চলমান তৎপরতা সফল হলে সরকারের প্রায় ১০০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। অভিযোগ উঠেছে, এর মধ্যে শুধু মুদ্রা বিনিময়ের ফাঁদেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রায় ৫০ কোটি টাকা বাড়তি দেওয়ার সুযোগ করে দেওয়ার চেষ্টা চলছে। সরকারের এই বিপুল অর্থ ক্ষতি হওয়ার আশঙ্কার কথা বিটিসিএলের পরিচালনা পর্ষদের একজন সদস্য লিখিতভাবে কর্তৃপক্ষকে জানিয়েছেন। দরপত্রের চুক্তি দলিলাদি যাচাই-বাছাই করার জন্য গঠিত বিল অব কোয়ানটিটি (বিওকিউ) কমিটির একজন সদস্যও বিষয়টি লিখিতভাবে জানান।একই প্রকল্পের ২০০ কোটি টাকার লট ‘বি’র কাজ নিয়ে বিটিসিএল কর্তৃপক্ষ নানা অনিয়মে জড়িয়ে পড়েছিল। এ নিয়ে প্রথম আলোতে গত বছরের ৫ জুন অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। পরে বিটিসিএলের অনিয়মের বিষয়টি সুপ্রিম কোর্টেও প্রমাণিত হয়।বিটিসিএলের এ-সংক্রান্ত কাগজপত্র ঘেঁটে জানা যায়, টেলিযোগাযোগ নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের অধীন এক্সচেঞ্জ স্থাপন (লট ‘এ’) ও অপটিক্যাল ফাইবার লাইন স্থাপন (লট ‘বি’) উভয় কাজের জন্য ২০১১ সালে একটি প্রাকযোগ্যতার দরপত্র আহ্বান করা হয়। ওই বছরের নভেম্বরে লট ‘বি’ ও পরের বছর (২০১২) মার্চে লট ‘এ’-এর জন্য দুটি ছাড়া অংশগ্রহণকারী বাকি সব প্রতিষ্ঠানকে প্রাকযোগ্যতা থেকে বাদ দেওয়া হয়। এরপর লট ‘এ’তে দুটি প্রতিষ্ঠান মারুবেনি-কেটি (দক্ষিণ কোরিয়া-জাপানের যৌথ উদ্যোগের কোম্পানি) ও জাপানের এনইসি করপোরেশনের থেকে দরপত্র আহ্বান করা হয়। যা গত বছর ১১ জুনে খোলা হয়।মুদ্রা বিনিময়ের ফাঁদে ৫০ কোটি টাকা: জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থার (জাইকা) অর্থায়নে এ প্রকল্পের কাজের দরপত্রের শর্ত অনুযায়ী, বিদেশি মুদ্রার ক্ষেত্রে কেবল জাপানি মুদ্রা ইয়েনে দর দেওয়ার কথা। কিন্তু মারুবেনি-কেটি মার্কিন দর দিয়েছে মার্কিন ডলারে। বিল পরিশোধও হওয়ার কথা ইয়েনে। দরপত্র জমা দেওয়ার সময় এই শর্ত মানার অঙ্গীকার করলেও কাজ পাওয়ার (নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড) পর তারা বলছে, বিল পরিশোধও করতে হবে মার্কিন ডলারে।নথিপত্র দেখা যায়, দরপত্রে মারুবেনি-কেটি বিদেশি মুদ্রার অংশের জন্য চার কোটি ৪৮ লাখ ৯৩ হাজার ৩৩৩ মার্কিন ডলার ও বাংলাদেশি মুদ্রার অংশে ২৫ কোটি ৩২ লাখ ৯৫ হাজার ৩২১ টাকা দর দেয়। গত বছর ১১ জুনে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা বিনিময় হার অনুযায়ী, উভয় দর জাপানি মুদ্রায় রূপান্তর করলে মোট দাঁড়ায় ৩৮১ কোটি তিন লাখ ৭৩ হাজার ৩৬২ ইয়েন; যা বাংলাদেশি মুদ্রায় ৩৯৩ কোটি, ২৩ লাখ তিন হাজার ৩৬৫ টাকা।আর জাপানের এনইসি করপোরেশন দরপত্রের শর্ত অনুযায়ী, ইয়েন ও টাকায় দর প্রস্তাব করে। উভয় দর মিলে জাপান মুদ্রায় দাঁড়ায় ৩৮৮ কোটি ৬০ লাখ ৭২ হাজার ৬২৮ ইয়েন; যা বাংলাদেশি মুদ্রায় ৪০১ কোটি চার লাখ ২৩ হাজার ৩১৬ টাকা।এ হিসাবে মারুবেনি-কেটির দর এনইসির চেয়ে সাত কোটি ৮১ লাখ ১৯ হাজার ৩৫১ টাকা কম।গত ২১ জানুয়ারি বিটিসিএলের পরিচালনা পর্ষদ কেটিকে কাজ দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা শর্তানুযায়ী ইয়েনে দর প্রস্তাব করেনি। ফলে ওই দিনের ডলারের বিনিময় হার অনুযায়ী, মারুবেনি-কেটির দর দাঁড়ায় মোট ৩৮১ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ৮৩৩ টাকা; আর এনইসির দর দাঁড়ায় ৩৫৪ কোটি ১১ লাখ ২২ হাজার ৭৯৭ টাকা। অর্থাৎ মারুবেনি-কেটির দর এ-পর্যায়ে এসে এনইসির চেয়ে ২৭ কোটি ৭৬ লাখ এক হাজার ৩৬ টাকা বেশি হয়ে যায়। সর্বশেষ ১৩ ফেব্রুয়ারি বিনিময় হার অনুযায়ী, মারুবেনি-কেটির দর দাঁড়ায় এনইসির চেয়ে ৪৩ কোটি টাকা টাকা বেশি।বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. কলিমুল্লাহ দাবি করেন, নিয়ম অনুযায়ী যখন দরপত্র খোলা হয়েছে, তখনকার ডলারের দরেই মূল্যায়ন হয়েছে। আর যখন বিল পরিশোধ করা হবে, তখনকার ডলারের দর হিসেবে ধরা হবে। কিন্তু দরপত্রের শর্ত অনুসরণ করলে ডলারে দর ও বিল পরিশোধের সুযোগ নেই। এভাবে দরপত্রের শর্ত লঙ্ঘন ও মার্কিন ডলারে দর মূল্যায়নের ফলে সরকারের প্রায় ৫০ কোটি টাকা ক্ষতি কিছুতেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে গত ২১ জানুয়ারি বিটিসিএলের পরিচালনা পর্ষদের সভায় আপত্তি জানান একজন সদস্য।এ ব্যাপারে জানতে চাইলে এমডি গত মঙ্গলবার তাঁর কক্ষে উপস্থিত থাকা প্রকল্প পরিচালক অশোক কুমার মণ্ডলকে জবাব দিতে বলেন। প্রকল্প পরিচালক প্রথম আলোকে জানান, দরপত্রের শর্তের এক জায়গায় ইয়েন ও টাকার পাশাপাশি ডলারেও দর দেওয়ার কথা উল্লেখ আছে।কিন্তু ভলিউম-১-এর এই শর্ত ভলিউম-৩-এ এসে নাকচ করা হয়েছে। এ তথ্য স্মরণ করিয়ে দিলে প্রকল্প পরিচালক বলেন, হয়তো ভলিউম-৩-এ ভুল হয়েছে। দরপত্র দলিলে দেখা যায়, দর প্রদান সম্পর্কে ভলিউম-১-এ শুধু একটি জায়গায় ইয়েনের পাশাপাশি ডলারের উল্লেখ আছে। আর ভলিউম-১, ২ ও ৩-এর সব জায়গায় দর প্রস্তাব ও মূল্য পরিশোধের জন্য ইয়েনকেই চিহ্নিত করা আছে। ভলিউম-৩-এ মূল্য প্রদানের জন্য দেওয়া ছকেও শুধু ইয়েনের কথা বলা আছে। আরও বলা আছে, দর প্রস্তাব দেওয়ার ছক পরিবর্তন বা প্রতিস্থাপনযোগ্য নয়। এ ছাড়া আর্থিক মূল্যায়ন প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, এনইসি মূল দরপত্রে ঐচ্ছিক কিছু যন্ত্রপাতির দাম উল্লেখ করেনি। সেগুলোর দাম প্রায় ১০০ মিলিয়ন ইয়েন ধরে মূল দরের সঙ্গে যোগ করে তাদের দরপত্র মূল্যায়ন করা হয়েছে। কিন্তু মারুবেনি-কেটি আবশ্যকীয় কিছু যন্ত্রপাতির দামই উল্ল্লেখ করেনি। এসব আবশ্যকীয় যন্ত্রপাতির জন্য বাড়তি ৪১০ মিলিয়ন ইয়েন মূল দরের সঙ্গে যোগ না করেই দর প্রস্তাব মূল্যায় করা হয়। এটা হিসাবে ধরলে সরকারের ক্ষতি আরও ৫০ কোটি টাকা হওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু এমডি ও প্রকল্প পরিচালক দাবি করেন, মারুবেনি-কেটি দাম উল্লেখ না করলেও ওই সব যন্ত্রপাতি সরবরাহ করতে হবে। সে জন্য তাদের বাড়তি বিল দেওয়া হবে না।কিন্তু চুক্তির খসড়া প্রস্তুতকালে বিল অব কোয়ানটিটি (বিওকিউ) কমিটি জানিয়েছে, এসব যন্ত্রপাতি বিনা মূল্যে দিতে রাজি নয় মারুবেনি-কেটি। পর্ষদ সদস্যের আপত্তিও গায়েব: পরিচালনা পর্ষদের ৮৬তম সভায় প্রায় ৫০ কোটি টাকা ক্ষতির কথার পাশাপাশি দরপত্র মূল্যায়ন কমিটির বরাতে ওই পর্ষদ সদস্য এও জানান, প্রকল্পের লট ‘বি’-এর কাজের দরপত্রের বিষয়টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের অপেক্ষায় আছে (তখন পর্যন্ত)। তাই রায়ের আগে লট ‘এ’-এর কাজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া সংগত হবে না। কারণ লট ‘বি’তে প্রাকযোগ্য থেকে বাদ পড়া প্রতিষ্ঠানকে যদি যোগ্য ঘোষণা করা হয়, তা লট ‘এ’-এর ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে।এ ছাড়া স্বচ্ছভাবে দরপত্র মূল্যায়ন করা হয়নি ও দরপত্রের শর্ত সম্পর্কে পর্ষদ সদস্যদের অন্ধকারে রাখার অভিযোগ তুলে ওই সদস্য আপত্তি জানান। কিন্তু সব আপত্তি পর্ষদের সভার কার্যবিবরণী থেকে গায়েব করে দিয়ে ‘সর্বসম্মতভাবে’ মারুবেনি-কেটিকে কাজ দিতে সিদ্ধান্ত হয়েছে বলে লেখা হয়। এরপর ওই পর্ষদ সদস্য ১০ ফেব্রুয়ারি বিষয়টি লিখিতভাবে বিটিসিএলের এমডি ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব সদস্যকে জানান।এর আগে গত বছর ১৪ নভেম্বর দরপত্রের মূল্যায়ন কমিটি যে আর্থিক মূল্যায়ন প্রতিবেদন দিয়েছিল, তাতেও কমিটির তিনজন সদস্য আপত্তি দিয়ে বলেছেন, লট ‘বি’ নিয়ে সুপ্রিম কোর্টের রায় দেওয়ার আগে লট ‘এ’ নিয়ে যেন চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হয়। কিন্তু কোনো আপত্তিই আমলে নেয়নি বিটিসিএল। ‘পর্ষদের সভার বিষয়ে বাইরে আলোচনার সুযোগ নেই’ বলে এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি এমডি মো. কলিমুল্লাহ। তবে তিনি স্বীকার করেন, কোম্পানি আইন অনুযায়ী যেকোনো পর্ষদ সভার কার্যবিবরণী পরবর্তী সভায় সব সদস্য দ্বারা পুনর্নিশ্চিত করে সিদ্ধান্ত কার্যকর করা হয়। তাই কারও আপত্তি কার্যবিবরণীতে বাদ পড়ে থাকলে তা পরবর্তী পর্ষদ সভায় ঠিক করা যাবে।কিন্তু ৮৬তম সভার পর এখন পর্যন্ত পরবর্তী সভা ডাকা হয়নি। তার আগেই মারুবেনি-কেটিকে গত ২৪ জানুয়ারি কাজ দেওয়া চিঠি (নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড) দেয় বিটিসিএল। এটা কোম্পানি আইনের লঙ্ঘন। এ ব্যাপারে এমডি বলেন, নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড দিয়ে কাজ এগিয়ে রাখা হচ্ছে। পরবর্তী সভায় যদি আগের সিদ্ধান্ত পাস না হয়, আবার আগের পর্যায় থেকে কাজ শুরু হবে।বিওকিউ কমিটির দুজনের পদত্যাগ: গত ৩০ জানুয়ারি দরপত্র দলিলাদি ও খসড়া চুক্তি যাচাই-বাছাই করার জন্য বিল অব কোয়ানটিটি (বিওকিউ) কমিটি গঠন করা হয়। এরপর কমিটির দুই সদস্য পদত্যাগপত্র দেন।ভবিষ্যতে দুর্নীতির মামলার আশঙ্কায় এসব সদস্য কমিটি থেকে সরে যেতে চাচ্ছেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়।কমিটির আরেক সদস্য এক চিঠিতে দরপত্রের সংশ্লিষ্ট শর্তগুলো তুলে ধরেন এবং কোন মুদ্রায় বিল পরিশোধ হবে, সে ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে পরিষ্কার ও সুনির্দিষ্ট নির্দেশনার দরকার বলে উল্ল্লেখ করেন। অন্যথায় তিনি কমিটি থেকে অব্যাহতি চান বলে জানান। বিটিসিএলের এমডি বলেন, ওই দুজনের পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি। আরেক সদস্যের চিঠির বিষয়ে তিনি কিছু বলেননি।