এবার ‘ইউরোপ দখল করো’
পুঁজিবাদবিরোধী ‘ওয়াল স্ট্রিট দখল করো’ আন্দোলন ছড়িয়ে পড়ছে ইউরোপের দেশে দেশে। ‘ইউরোপ দখল করো’ স্লোগানে ইউরোপের বিভিন্ন শহরে শত শত বিক্ষোভকারী রাজপথে নেমে এসেছে। বিক্ষোভকারীরা জড়ো হচ্ছে বৃহত্ ব্যাংক, শেয়ারবাজার ও করপোরেট প্রতিষ্ঠানের সামনে।জার্মানির ফ্রাঙ্কফুর্টের প্রধান ব্যবসায়িক কেন্দ্র, দেশটির শেয়ারবাজার ও ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর অভিমুখে হাজার হাজার কর্মী বিক্ষোভ করেছেন।‘লন্ডন শেয়ারবাজার দখল করো’ স্লোগান নিয়ে সেখানে শত শত বিক্ষোভকারী শেয়ারবাজার অভিমুখে বিক্ষোভ করার চেষ্টা করেছে। বিক্ষোভকারীরা বলছে, তাঁরা আরব-বসন্ত দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। লন্ডনের বিক্ষোভে যোগ দিয়েছেন ভিন্ন ধারার গণমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। তিনি বলেছেন, ‘এই বিক্ষোভে সমর্থন দেওয়ার অন্যতম একটি কারণ এখানকার ব্যাংক-ব্যবস্থা দুর্নীতির টাকার গ্রহীতা।’বিশ্বব্যাপী চলতে থাকা পুঁজিবাদবিরোধী বিক্ষোভের সমর্থনে এবং জি-২০ অর্থমন্ত্রীদের বৈঠককে সামনে রেখে ফ্রান্সের রাজধানী প্যারিসে শত শত মানুষ বিক্ষোভ করেছে। ইতালির রাজধানী রোমে পুঁজিবাদবিরোধী বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। সেখানে কয়েক লাখ কর্মী বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা দোকানপাট ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করেছে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অনেকেই আহত হয়েছে। পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে।