এবার ‘পড়শী-২’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়শীর প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয় ২০১০ সালে রোজার ঈদে। অ্যালবামের ‘লজ্জা’, ‘তোমারই পরশ’, ‘মেঘলা দুপুর’ গানগুলো এখনো শ্রোতাদের মুখে মুখে। এবার আসছে দ্বিতীয় একক। আসছে ফেব্রুয়ারিতে বাজারে আসবে অ্যালবামটি। নিজের নামের সঙ্গে মিল রেখে পড়শীর এবারের অ্যালবামের নাম রাখা হয়েছে পড়শী-২। এতে ‘পড়শী’ নামে একটি গানও রয়েছে। গানটি লেখা হয়েছে পড়শীকে ঘিরেই। পড়শী বলেন, অ্যালবামে একটি গানের দ্বৈত ভার্সনসহ মোট গান থাকবে ১০টি। এর মধ্যে চারটি গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। অন্য গানগুলোর কথা লিখেছেন রাসেল ওনীল, জুয়েল মোর্শেদ, জাহিদ আকবর ও মিথিলা ইবরার। সুর ও সংগীতায়োজনে ইবরার টিপু, বাপ্পা মজুমদার, জুয়েল মোর্শেদ, আরফিন রুমি, সন্ধি ও সাজিদ সরকার। একটি করে গানে পড়শী দ্বৈত কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি ও জুয়েল মোর্শেদের সঙ্গে। পড়শী আরও বলেন, ‘আমার প্রথম অ্যালবামটি শ্রোতারা পছন্দ করেছেন। ফলে এই অ্যালবামে ভালো কাজ করার দায়িত্বটা বেড়ে গেছে। সবাই অনেক যত্ন নিয়ে গানগুলো তৈরি করেছেন। আর তাই এই অ্যালবামটি নিয়েও আমি যথেষ্ট আশাবাদী। এরই মধ্যে অ্যালবামটির একটি গানের চমৎকার ভিডিও তৈরি করেছি। বান্দরবানের নীলগিরিতে চার দিন ধরে এর শুটিং করা হয়েছে। শুনেছি, যেখানে আমরা শুটিং করেছি, সেটিকে বাংলাদেশের সর্বোচ্চ চূড়া বলা হয়। শুটিং করতে যখন ওপরে উঠেছিলাম, তখন অন্য রকম এক অনুভূতি হয়েছিল।’