এবার ‘রঙ’ ছড়াবেন ন্যান্সি
কণ্ঠশিল্পী ন্যান্সির নতুন একক অ্যালবামের নাম ও প্রকাশের দিনক্ষণ একরকম চূড়ান্ত হয়েছে বলেই জানালেন এর সুরকার ও সংগীতপরিচালক হাবিব ওয়াহিদ। এ মাসের শেষ দিকেই আসছে ন্যান্সির অ্যালবাম ‘রঙ’।প্রথম আলো অনলাইনকে আজ বুধবার দুপুরে হাবিব বলেন, এবারের ভালোবাসা দিবসেই কণ্ঠশিল্পী ন্যান্সির নতুন একক অ্যালবামটি প্রকাশ করার কথা ছিল। কিন্তু অ্যালবাম তৈরিতে সময় বেশি লাগায় নির্দিষ্ট সময়ে তা প্রকাশ করা সম্ভব হয়নি। নাম চূড়ান্ত করতেও সময় লেগেছে। নাম খোঁজার কাজে সহায়তা নিতে হয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের। সেখানে অসংখ্য নাম পেয়েও যাই। কিন্তু একপর্যায়ে অ্যালবামটির পাঁচটি গানের গীতিকার চিরকুট ব্যান্ডের প্রধান ভোকাল সুমীর সঙ্গে আলোচনা করে অ্যালবামটির নাম ঠিক করি ‘রঙ’।অ্যালবাম প্রসঙ্গে হাবিব আরও বলেন, ‘আমার আহ্বান অ্যালবামটির মতো ন্যান্সির রঙ অ্যালবামটিও প্রথমে মুঠোফোনে প্রকাশ করা হবে। সিডি আকারে প্রকাশের আগে অ্যালবামটির গানগুলো এক মাস মিউজিক স্টেশনের মাধ্যমে শ্রোতারা শুনতে পারবেন। বাংলালিংক মিউজিক স্টেশনে অ্যালবামটি প্রকাশের ব্যাপারে আলাপ-আলোচনা চূড়ান্তও হয়েছে।’হাবিব আরও বলেন, ‘ন্যান্সির এবারের অ্যালবামের একেকটি গান একেক ধরনের। রঙয়ের ক্ষেত্রে যেমন একটির সঙ্গে অন্যটির মিল থাকে না। ঠিক তেমনি রঙ অ্যালবামটির একটি গানের সঙ্গে অন্যটির কোনো মিল নেই। মূলত এই ভাবনা থেকেই রঙ নামটি নির্বাচন করেছি।’ন্যান্সির রঙ অ্যালবামের অন্য গীতিকারেরা হলেন সুস্মিতা বিশ্বাস, মাহবুব মহসিন ও মোজাম্মেল।অ্যালবামটির সুর ও সংগীতপরিচালনার পাশাপাশি একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ। ‘ঝরা পাতা’ ও ‘ডুবেছি’ শিরোনামের গান দুটিতে যথাক্রমে ন্যান্সির সঙ্গে কণ্ঠ দিয়েছেন হাবিব ও মিঠুন। এ ছাড়া রঙ অ্যালবামে ন্যান্সির কণ্ঠে থাকবে আরও সাতটি গান।‘রঙ’ অ্যালবামটি নিয়ে কী ভাবছেন—এমন প্রশ্নের জবাবে ন্যান্সি বলেন, ‘অ্যালবাম নিয়ে আমার কোনো চিন্তা নেই। নতুন এই অ্যালবামে শ্রোতারা তাঁদের চেনা ন্যান্সিকেই পাবেন।’‘রঙ’ অ্যালবামটি বাজারে আনবে ডেডলাইন মিউজিক।উল্লেখ্য, সংগীতশিল্পী ন্যান্সির প্রথম একক অ্যালবাম ‘ভালোবাসা অধরা’ প্রকাশিত হয়েছিল ২০০৯ সালে। সেই হিসাবে প্রায় তিন বছর পর আসছে ন্যান্সির দ্বিতীয় একক অ্যালবাম ‘রঙ’।