এবার ‘শেষের কবিতা’ মঞ্চে এনেছে থিয়েটার আর্ট ইউনিট
এ বছরই ২৬ আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাস অবলম্বনে নাটক মঞ্চে এনেছে প্রাঙ্গণেমোর। নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। আজ একই উপন্যাস নিয়ে আরেকটি নাটক মঞ্চে আনছে থিয়েটার আর্ট ইউনিট। এবার নির্দেশনা দিচ্ছেন মোহাম্মদ বারী। উপন্যাসের নামেই দুটি নাটকের নাম শেষের কবিতা। আজ শনিবার সন্ধ্যা পৌনে সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় থিয়েটার আর্ট ইউনিটের শেষের কবিতা নাটকের উদ্বোধনী প্রদর্শনী হবে।মোহাম্মদ বারী বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে নাটকটি মঞ্চে এনেছি।’৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নাটকটির আলোক মহড়া অনুষ্ঠিত হয়।মাত্র কয়েক মাসের ব্যাবধানে একই উপন্যাস নিয়ে দুটি দল নাটক মঞ্চে এনেছে। এ ব্যাপারে মোহাম্মদ বারী বলেন, ‘তাতে খুব সমস্যা হবে না। উপস্থাপনার ক্ষেত্রে তো অবশ্যই ভিন্নতা থাকবে। পুরো বিষয়টি নূনা তাঁর মতো করে দেখেছেন, আমি আমার মতো করে দেখছি।’বারী আরও বলেন, ‘খুব জনপ্রিয় উপন্যাস নিয়ে কাজ করার অনেক ঝুঁকি আছে। লাবণ্য এবং অমিত পাঠকদের কাছে খুব পরিচিতি। উপন্যাসটি পড়ার সময় প্রত্যেক পাঠক নিজের মতো করে কল্পনা করেছেন। তাঁরা নিজেদের কল্পনার সঙ্গে মঞ্চরূপকে মেলানোর চেষ্টা করেন। আর উপন্যাসের ক্যানভাসটা অনেক বড়। মঞ্চে যথাযথভাবে তা উপস্থাপন করা খুবই কঠিন। তার পরও দর্শকদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছি।’শেষের কবিতার নাট্যরূপ দিয়েছেন প্রশান্ত হালদার।