এবার ‘হিরো’ টাইগার শ্রফ
আশির দশকের শুরুতে অত্যন্ত জনপ্রিয় ‘তু মেরা জানু হ্যায়’ কিংবা ইন্দো-পাকিস্তানি লোকসংগীতশিল্পী রেশমার গাওয়া ‘লাম্বি জুদায়ি’ গানগুলোর সঙ্গে সফল প্রেমিক জুটি জ্যাকি শ্রফ-মিনাক্ষি শেষাদ্রির কথা দর্শকের মনে আছে নিশ্চয়ই। হিরো নামের সেই যে ছবিটি, যেখানে নায়ক জ্যাকি শ্রফ ভিলেন অমরিশ পুরির আদেশে পুলিশের বড় কর্তার সুন্দরী, সরল মেয়েটিকে এই বলে অপহরণ করে, তাঁর বাবার নির্দেশে তাঁকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পরে তাঁদের মধ্যে প্রেম হয়। একপর্যায়ে মেয়েটি জানতে পারেন, তাঁর প্রেমিক একটি অপরাধ চক্রের সঙ্গে জড়িত। মেয়েটি কষ্ট পেলেও নায়ককে একসময় তিনি ভালো পথে আনতে সমর্থ হন। সফল হয় তাঁদের প্রেম।সুভাষ ঘাই প্রযোজিত ও পরিচালিত সরল, মিষ্টি প্রেমকাহিনি আর অপূর্ব সংগীতের সংমিশ্রণে হিরো ছবির মাধ্যমে আশির দশকে অভিষেক ঘটেছিল বলিউড তারকা জ্যাকি শ্রফের। এত বছর পর জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফের অভিষেকও ঘটতে যাচ্ছে সুভাষ ঘাইয়েরই হাতে। আর এ ক্ষেত্রে সুভাষজির ইচ্ছানুযায়ী বাবার প্রথম ছবিটিকেই বেছে নিয়েছেন টাইগার। কেননা, সুভাষ ঘাইয়ের সঙ্গে জ্যাকি শ্রফের পারিবারিক বন্ধুত্ব। টাইগারের জন্মের পর মুহূর্তেই সুভাষ ঘাই একটি স্বর্ণমুদ্রা তাঁর ছোট্ট হাতে দিয়ে বলেছিলেন, ওটি হচ্ছে তাঁর প্রথম সাইনিং মানি। আজ সেই টাইগার সুভাষ ঘাইয়ের সঙ্গে বাস্তবেই অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন। ছবি নিয়ে সুভাষ ঘাই তেমন কোনো মন্তব্য করতে চান না। তবে এটুকু জানিয়েছেন, তাঁর একজন স্ক্রিপ্ট রাইটার হিরোর রিমেকের স্ক্রিপ্ট লিখছেন। ছবিটি তিনি শুধু প্রযোজনা করবেন। তরুণ কোনো পরিচালক ২০১০-এর এই রিমেক হিরো ছবির পরিচালনা করবেন। টাইগারের ব্যাপারে সুভাষ ঘাইয়ের মন্তব্য, ‘আমি জানি, ওর মধ্যে হিরোর গুণাবলি রয়েছে। আমি ওকে ছোটবেলা থেকে চিনি।’জ্যাকি শ্রফের সম্মতি আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই জ্যাকির সম্মতি আছে। আর আমরা একটি পরিবারের মতো।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া