ছিলেন গায়ক, গীতিকার। এবার হলেন সুরকার ও সংগীত পরিচালক। তিনি মিলন মাহমুদ। ঈদ উপলক্ষে জি-সিরিজ থেকে এসেছে মিলন মাহমুদের কথা, সুর ও সংগীতায়োজনে লোকধাঁচের গানের অ্যালবাম মন যমুনা। গানগুলোতে কণ্ঠও দিয়েছেন তিনি। কথা হলো তাঁর সঙ্গে।‘মন যমুনা’ অ্যালবামটি নিয়ে কিছু বলুন।এবারই প্রথম লোকধাঁচের গানের অ্যালবাম করলাম। একটি বোনাস ট্র্যাকসহ এখানে গান আছে মোট নয়টি। একটি গানে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন মেরী।প্রথম সংগীত পরিচালনা করতে গিয়ে কেমন লেগেছে?সংগীত পরিচালনা করার ইচ্ছাটা অনেক দিন থেকেই ছিল। যখন নিজেকে সংগীত পরিচালনা করার জন্য যোগ্য মনে করেছি, তখনই কাজটা শুরু করেছি। সংগীত পরিচালনা করার ক্ষেত্রে এফ এ সুমন আমাকে সহযোগিতা করেছেন। আমার ভাবনাগুলো খুব ভালোভাবে শব্দে রূপ দিয়েছেন।লোকগানের অ্যালবাম করার ব্যাপারে আগ্রহী হলেন কেন?মতিন নামে আমার এক ভাই ছিল। আমি ক্লাস থ্রিতে পড়ার সময় মারা যায়। সে সব সময় লোকগান করত। তার কাছ থেকেই লোকগানের প্রতি দুর্বলতা তৈরি হয়েছে। আমি নিয়মিত লালনের মেলায় যাই। সময় পেলেই লোকগান শুনতে ছুটে যাই। সব মিলিয়ে লোকগানের প্রতি একটা আলাদা ভালোবাসা কাজ করে। সেই জায়গা থেকে অ্যালবামটি করেছি।লোকধাঁচের গান নিজে লিখলেন বা সুর করলেন কেন?সবাই তো লালন ও শাহ আবদুল করিমের গান করেন। আমি সেখানে একই গান গেয়ে খুব বেশি পার্থক্য আনতে পারব? এ ভাবনা থেকে নিজে লিখে, সুর করে নতুন কিছু তৈরি করেছি। এখানে লোকধাঁচের গানে নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছি।ইদানীং ব্যস্ততা কী নিয়ে?নতুন শিল্পী সীমার অ্যালবাম করছি। আমার কথা, সুর ও সংগীতায়োজনে অ্যালবামটি বাজারে আসবে।‘এই তো প্রেম’ ছবিতে ‘যাক না উড়ে’ গানটি তো জনপ্রিয় হয়েছে। এরপর আর কোনো ছবিতে গান করেননি কেন?আমি হুট করে প্লেব্যাক করতে চাই না। ‘যাক না উড়ে’ গানটির মতো মানসম্পন্ন গান পেলে আবারও প্লেব্যাক করব।