লালবাগ কেল্লায় অনুষ্ঠিত ষষ্ঠবারের সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি উপস্থাপনা করেছিলেন আফজাল হোসেন। এবার যমুনাপাড়ে অনুষ্ঠেয় অনুষ্ঠানটিরও উপস্থাপনা করবেন তিনি। সঙ্গে থাকবেন ফারজানা ব্রাউনিয়া।সুস্থ সংগীতের বিকাশ—এই লক্ষ্যকে সামনে রেখে আগামী শুক্রবার যমুনার পাড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠান উপলক্ষে আজ বুধবার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী, হেড অব করপোরেট কমিউনিকেশনস এবং পাবলিক রিলেশনস তাসলিম আহমেদ, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা বিভাগের প্রধান শাইখ সিরাজ। এ সময় আরও উপস্থিত দেশের সংগীত অঙ্গনের কয়েকজন বরেণ্য শিল্পী, গীতিকার, সুরকার ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।সংবাদ সম্মেলনে জানানো হয়, আয়োজনের দিক দিয়ে সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে প্রতিবারই কিছু না-কিছু চমক থাকে, এবারও তার ব্যতিক্রম হবে না। এবার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখবে বাংলাদেশের সংগীতজগত্।এ ছাড়া স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে এবারের আয়োজনে থাকবে কিছু বিশেষ চমক। ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ আয়োজনে এবার ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানের চারজন বরেণ্য শিল্পীকে সংবর্ধনা জানানো হবে। এবারের সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের মূল বিষয় হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর পূর্তি।এই আসরে এবার রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকগীতি, আধুনিক গান, উচ্চাঙ্গসংগীত, ছায়াছবির গান, ব্যান্ডসংগীত, আন্ডারগ্রাউন্ড ব্যান্ড, গীতিকার, নবাগত গায়ক-গায়িকা, সাউন্ড ইঞ্জিনিয়ারিং, প্রচ্ছদ ডিজাইন, সংগীতপরিচালক, মিউজিক ভিডিও এবং আজীবন সম্মাননাসহ মোট ১৬টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। পুরস্কার দেওয়ার পাশাপাশি থাকবে গানের পরিবেশনা। এর মধ্যে থাকবে দেশের স্বনামধন্য শিল্পীদের পরিবেশনায় স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের গান, চর্যাপদের গান, লোকসংগীত, পপগান, চলচ্চিত্রের গান, ব্যান্ডের গান এবং আরও অনেক বিশেষ পরিবেশনা।জানা গেছে, এবারের প্রতিযোগিতায় বিভিন্ন সংগীতশিল্পীর কাছ থেকে প্রায় ২০ হাজার গান গৃহীত হয়েছে। বিভিন্ন বিভাগে এবারের আয়োজনে বিচারক হিসেবে ছিলেন বশীর আহমেদ, আব্দুল জব্বার, ইমন সাহা, সুবীর নন্দী, সুধীন দাস, আহমেদ ইমতিয়াজ বুলবুলসহ আরও অনেকে।পুরস্কার প্রদান ছাড়াও এ বছর অনুষ্ঠানস্থল যমুনার পাড়ে আয়োজন করা হচ্ছে বাংলাদেশ মেলা। এখানে সাপের খেলা, লাঠিখেলা, বিভিন্ন দেশীয় জিনিসপত্রের স্টলসহ আরও অনেক কিছু থাকবে। মেলা চলবে সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত। মেলা শেষে বিকেল চারটায় শুরু হবে সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের সপ্তম আসরের মূল অনুষ্ঠান।অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন ১০ হাজার দর্শক। তবে দেশ-বিদেশের দর্শকেরা পুরো অনুষ্ঠানটি দেখতে পাবেন চ্যানেল আইতে ২ ডিসেম্বর দুপুরের সংবাদের পর।