এবারও চুপ বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি বিএনপি। তবে রায় ঘোষণার পর পুলিশ, র্যাব ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে নির্বিচারে মানুষ হত্যার অভিযোগ করে এর প্রতিবাদ জানিয়েছে দলটি।আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর দলের শীর্ষ পর্যায়ের একাধিক নেতার প্রতিক্রিয়া জানতে চাইলে তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা এ বিষয়ে এখন কিছু বলছি না।’ জামায়াতের পাশাপাশি বিএনপিরও দুই নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আবদুল আলীম মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত। অবশ্য, এর আগে জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লা ও দলটির সাবেক নেতা আবুল কালাম আযাদের মামলার রায়ের পরও কোনো প্রতিক্রিয়া জানায়নি বিএনপি।আজ রাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, ‘আজ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে দেশব্যাপী পুলিশ-র্যাব ও আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডব এবং গুলি চালিয়ে সাধারণ মানুষ হত্যায় গোটা জাতি আতঙ্কিত। এটি ইতিহাসের নৃশংসতম গণহত্যা।’ তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।বর্তমান সরকারকে খুনোখুনির সরকার অভিহিত করে ফখরুল বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে নির্বিচারে গুলি করে সাধারণ মানুষকে হত্যার নজির ’৭১ সালের হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে। দেশে আজ খুনিদের রাজত্ব চলছে। সাধারণ মানুষ ও বিরোধীদলীয় নেতা-কর্মীদের হত্যা এতটাই চরম পর্যায়ে পৌঁছেছে যে, এই পৈশাচিক ঘটনায় অতীতের নির্মম ফ্যাসিস্ট শাসকেরাও লজ্জায় মুখ ঢাকবে। মানুষ আজ চরম অস্থিরতায় দিনযাপন করছে।’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এবার ক্ষমতারোহণের পর থেকে আওয়ামী শাসক দল প্রতিহিংসা, দুর্নীতি ও দুঃশাসনকে তাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গণ্য করেছে। আজ শাসকগোষ্ঠীর আচরণ দেখে মনে হয়, তারা হত্যাকে আতশবাজির খেলা হিসেবে গণ্য করেছে। সারা দেশে সরকারি বাহিনীর নির্বিচারে মানুষ হত্যার সুষ্ঠু বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান তিনি। একই সঙ্গে সরকারকে হত্যা ও রক্তারক্তির পথ পরিহার করার আহ্বান জানান তিনি।পুলিশ-র্যাব ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের স্বজনদের প্রতি গভীর সমবেদনাও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।