এবারও ঝুঁকি নিয়ে চলবে লঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে সড়ক-মহাসড়কের বেহাল দশা, অন্যদিকে যাত্রীর তুলনায় ট্রেনের স্বল্পতায় ঈদে ঘরমুখী মানুষের চাপ সবচেয়ে বেশি পড়বে লঞ্চের ওপর। তাই এবারের ঈদে লঞ্চ চলাচল হয়ে উঠতে পারে আরও বেশি ঝুঁকিপূর্ণ।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং সমুদ্র পরিবহন অধিদপ্তরের দায়িত্বশীল সূত্র বলেছে, দক্ষিণাঞ্চলসহ দেশের যেখানে নদীপথে যাওয়া সম্ভব, সেখানে যাওয়ার জন্য যাত্রীরা নৌযানের দিকেই ছুটবে। আর কর্তৃপক্ষ যতই লঞ্চের ছাদে বা ডেকে অতিরিক্ত যাত্রী বহন নিষিদ্ধ ঘোষণা করুক, তার বাস্তবায়ন সম্ভব হবে না। সূত্রগুলো বলেছে, অনেক লঞ্চ চলাচলের প্রায় অনুপযোগী, এমনকি অযোগ্য হওয়ায় এবং অতিরিক্ত যাত্রীর কারণে ঈদে লঞ্চ চলাচল বিপজ্জনক হয়ে উঠতে পারে।ঈদ সামনে রেখে রাজধানীর সদরঘাট টার্মিনালে নিয়মিত লঞ্চগুলোর সঙ্গে যোগ হয়েছে শতাধিক ঝুঁকিপূর্ণ লঞ্চ। এসব লঞ্চ ঝালাই এবং রং করে নতুনের মতো করা হয়েছে। এ ছাড়া নিয়মিত চলাচলকারী বেশির ভাগ লঞ্চে প্রয়োজনীয়সংখ্যক জীবন রক্ষাকারী সরঞ্জাম ও আগুন নেভানোর ব্যবস্থা নেই। যোগাযোগ করা হলে সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. ফখরুল ইসলাম বলেন, চলাচলের অযোগ্য (‘ডি’ ক্যাটাগরির) লঞ্চগুলোর ৭০ শতাংশ এখন নেই। কিছু শর্ত পূরণ করে বাকি ৩০ শতাংশ চলছে।সদরঘাট টার্মিনালে বিআইডব্লিউটিএর পর্যবেক্ষণ সেল সূত্রে জানা যায়, সাধারণ সময়ে বৃহস্পতি ও শুক্রবার সদরঘাট থেকে ১১০টি লঞ্চে ৭০-৭৫ হাজার যাত্রী চলাচল করে। কিন্তু ঈদ উপলক্ষে বিভিন্ন লঞ্চের চলাচল (ট্রিপ) বাড়ানো হয়। ঈদের আগের কয়েক দিনে সদরঘাট থেকে প্রতিদিন আড়াই থেকে তিন লাখ যাত্রী লঞ্চে চলাচল করে। এবার সড়ক এবং ট্রেনের সমস্যার জন্য যাত্রী আরও বেশি হতে পারে। ফলে ঝুঁকি বাড়বে।সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বলেন, অনেক যাত্রীর প্রবণতা হচ্ছে, যেভাবেই হোক গন্তব্যে পৌঁছাতে হবে। তাই ঈদের দুই-তিন দিন আগে অতিরিক্ত যাত্রী ঠেকানো অসম্ভব হয়ে পড়ে। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আবদুল মালেক মিয়া এ বিষয়ে সাংবাদিকদের বলেন, এবার ছাদে যাত্রী উঠতে দেওয়া হবে না। মাঝনদী থেকেও যাতে উঠতে না পারে, সেদিকে লক্ষ্য রাখা হবে। ঈদ সামনে রেখে নৌ পরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের তিনটি ভিজিলেন্স দল কাজ করছে। যাত্রীর চাপ কমাতে ২৫ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ লঞ্চ সার্ভিস চালু থাকবে। ডেকেও মালামাল: গতকাল দুপুরে সদরঘাট টার্মিনালে দেখা যায়, বরিশাল, হুলারহাট, পটুয়াখালীসহ প্রায় সব রুটের লঞ্চেই মালামাল বহন করা হচ্ছে। লঞ্চের খোলে তো বটেই, ডেকের ওপরও কাপড়, রড, টিন, বিভিন্ন শিল্প সরঞ্জাম ও পাইকারি বাণিজ্যিক সামগ্রী নেওয়া হচ্ছে। এমভি সৈকতে নৌকায় করে আনা বস্তায় বস্তায় চাল উঠিয়ে ডেকে রাখা হচ্ছে।এ বিষয়ে জানতে চাইলে সুপারভাইজার পরিচয়দানকারী আবদুল আলীম বলেন, অনেক যাত্রী চান তাদের মালামাল চোখের সামনেই থাক। সে কারণেই রাখা হয়েছে। এমভি সালাউদ্দিন-১, সাগর, তরিকা-২ লঞ্চেও একইভাবে মালামাল রাখতে দেখা গেছে।